নয়াদিল্লি, ৮ নভেম্বর: আগামী ১ ডিসেম্বর থেকে বসছে সংসদের শীতকালীন অধিবেশন। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। আজ, শনিবার এমনটাই জানিয়েছেন সংসদবিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। শীতকালীন অধিবেশন ডাকার বিষয়ে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারপরেই এই সিদ্ধান্ত বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। মোদি জমানায় এটি সবচেয়ে কম সময়ের শীতকালীন অধিবেশন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, এই অধিবেশনে একাধিক বিল পাশ করাতে পারে কেন্দ্রীয় সরকার। যার মধ্যে উল্লেখযোগ্য হল- ১২৯তম সাংবিধানিক সংশোধনী বিল, যেটির বিষয়বস্তু হল, লোকসভা ও সব রাজ্যের বিধানসভার ভোট একসঙ্গে সংগঠিত করা। অর্থাৎ এক দেশ এক ভোটের প্রথম পদক্ষেপ বলা চলে। এছাড়াও রয়েছে ১৩০তম সাংবিধানিক সংশোধনী বিল।



