এয়ারপোর্টে নিয়ম বাঁধা দিনরাত আর দীর্ঘ লাইনের ফাঁকে সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল বিমানসেবিকার সঙ্গে এক যাত্রীর কথোপকথন। মুহূর্তটি মোবাইলে ধরে রেখেছিলেন চেন্নাইবাসী আর এক যাত্রী। সামাজিক মাধ্যমে জনপ্রিয় হয়েছে ভিডিওটি। চেন্নাইয়ের ওই যাত্রী ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘দৈনিক যাত্রাপথের তাড়াহুড়োয় আমরা ছোট ছোট কত জিনিস নজর করতে ভুলে যাই। যেমন রোজ ফ্লাইটে আমাদের যাঁরা যত্ন নেন, তাঁদের কথা মনে থাকে না আমাদের। এমন ছোট্ট মুহূর্তগুলো যাত্রাকে আলোময় করে তোলে।’ ভিডিওতে দেখা যাচ্ছে, এয়ারহোস্টেস সম্ভবী ওই বিমানের যাত্রী শ্রাব্যাকে বলেন, কোন পানীয় দেবেন তাঁকে? শ্রাব্যা বলেন, আপনি যেটা রেকমেন্ড করবেন, সেটাই নেব। একগাল হেসে সম্ভবী বলেন, বাটারমিল্ক ট্রাই করতে পারেন। এরপর তাঁদের কথাবার্তা এগয় মেকআপ নিয়ে। সম্ভবী যাত্রীকে জিজ্ঞেস করেন, আপনি আয়না না দেখে কীভাবে এত সুন্দর মেকআপ ব্লেন্ড করছেন? শ্রাব্যা বলেন, অনেক প্র্যাকটিসের ফল! তবে আপনি আমার থেকে বেশি ভালো জানেন। আপনার মেকআপও দারুণ সুন্দর! বিমানযাত্রার সাধারণ সংলাপের মধ্যেই এইটুকু আন্তরিকতা মন জয় করেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। একজন মহিলা আর একজন মহিলার প্রশংসা করছেন, এমন দৃশ্য দেখে অনেকেই প্রীত!



