অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা: গ্রিস ও অস্ট্রেলিয়ার দূরত্ব অনেক। গুগল দেখাচ্ছে ১২৩২৫ কিলোমিটার। কিন্তু রবিবার যুবভারতীতে মোহন বাগানের গ্রিক কোচের সবচেয়ে কাছের মানুষ অস্ট্রেলিয়ান জেমি ম্যাকলারেন। জয়ের কড়ি এল যে তাঁরই পেলব স্পর্শে। চলতি মরশুমে হাবাসের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে সবুজ-মেরুনে পায়ের তলার জমি শক্ত করলেন ডিম্পেরিস পানাজিওটিস। ম্যাচ শেষে তাই ম্যাকাকে জড়িয়ে কোচের উচ্ছ্বাস প্রকাশ স্বাভাবিক। অজি বিশ্বকাপারকে বিড়বিড় করে কিছু বললেন তিনি।
উল্লেখ্য, মিগুয়েলের অনুপস্থিতি ঢাকার চ্যালেঞ্জ নিয়ে ডার্বি খেলতে নেমেছিল মোহন বাগান। সেই খামতি গোটা ম্যাচেই প্রকট। নম্বর টেন পজিশনে ড্রাজিচ কাগজের ফুল। ফলে মাঝমাঠে খেলা দানা বাঁধল না সবুজ-মেরুনের। তা সত্ত্বেও সার্বিয়ান মিডিওর পাশেই দাঁড়াচ্ছেন কোচ পানোস। তাঁর মন্তব্য, ‘ও অসাধারণ ফুটবলার। এদিন প্লে মেকারের ভূমিকাতে ওকে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছিল। সেটা ও পালন করেছে। ’ তবে শুধু যে ড্রাজিচের জন্যই এদিন সাদামাটা দেখাল মোহন বাগানকে তা নয়। বোঝাপড়ার অভাব, মিসপাসও দায়ী। এই প্রসঙ্গে পানোসের মন্তব্য, ‘আমরা প্রথমার্ধে ইস্ট বেঙ্গলকে পরখ করে নিতে চেয়েছিলাম। বিরতির পর পরিকল্পনামাফিক খেলেই জয় এসেছে।’
রবিবারের জয়ের পর ম্যাকলারেনের পাশাপাশি আলবার্তোর কাছে কৃতজ্ঞ থাকবেন কোচ পানোস। কয়েকটা স্পেলে রাহুল ভেকেদের রক্ষণে ফাটল ধরিয়েছিল ইস্ট বেঙ্গল। সেই সময় বটগাছের মতো শাখা-প্রশাখা বিস্তার করে দলের দুর্গ অক্ষত রাখলেন স্প্যানিশ ডিফেন্ডার। ম্যাচ শেষে তাই তাঁর প্রশংসায় কার্পণ্য করেননি গ্রিক কোচ। মন্তব্য, ‘ঘাড়ে ব্যথা নিয়েও যে ফুটবল ও খেলেছে তা অনবদ্য।’বাড়ি ফেরার পথে সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কণ্ঠেও ম্যাকা-আলবার্তোর কথা। পাশাপাশি তাঁর সংযোজন, ‘টানা ৬টি ম্যাচে জয়। প্রত্যাশার মান রাখতে হবে। আমাদের দায়িত্ব বাড়ল।’ মোহন বাগান সভাপতি দেবাশিস দত্ত আবার চিরপ্রতিদ্বন্দ্বীকে খোঁচা মারতে ছাড়লেন না। পরিসংখ্যান তুলে ধরে তাঁর মন্তব্য, ‘১২ বার আইএসএল খেলে দশবার জয় ও দু’টি ম্যাচ ড্র। মোহন বাগান জেতার জন্যই মাঠে নামে। অনেকে বলছিলেন, খেলাটা নাকি ইস্ট বেঙ্গলের সঙ্গে বিশাল কাইথের হবে। এখন তাঁরা কোথায় মুখ লুকোবেন?’



