তাসখণ্ড: বিশ্ব বক্সিং কাপ ফাইনালসের সেমি-ফাইনালে ভারতের পাঁচ প্রতিযোগী। শেষ চারে পৌঁছে পদক নিশ্চিত করলেন মীনাক্ষী হুডা (৫১ কেজি), ঋষি সিং (৫০ কেজি), জুগনু (৮৫ কেজি), মালসোয়ামটুলুঙ্গা (৮০ কেজি) ও নয়না (৮০ কেজি)। তবে প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন সাওয়ান গিল ও প্রাচী। এদিন ৫১ কেজি বিভাগে রিংয়ে মীনাক্ষী ৫-০ পয়েন্টে ইতালির মার্টিনা বাসালোকে হারিয়ে সেমি-ফাইনালের টিকিট পাকা করেন। ঋষিও একই ব্যবধানে বশ মানিয়েছেন মার্কিন বক্সার রুডলফ গার্বয়ানকে। জুগনুর ইতালিয়ান প্রতিদ্বন্দ্বী পাওলো কারুসো চোটের কারণে লড়াইয়ের মাঝপথে সরে দাঁড়ান। মালসোয়ামটুলুঙ্গা হাড্ডাহাড্ডি বাউটে ৩-২ পয়েন্টে হারান রাশিয়ার বেস্তো শাভলায়েভকে। নয়নাও একই ব্যবধানে জিতেছেন কাজাখস্তানের ভালেরিয়া আক্সেনোভার বিরুদ্ধে।



