হার রিয়ালের, জয়ী বার্সা
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: টানা ১০ ম্যাচে জয়ের পর হারের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। শনিবার লা লিগায় হোসে মরিনহোর দলের বিজয়রথ থামিয়ে দিল আলাভেস। ঘরের মাঠ, সান্তিয়াগো বার্নাব্যুতে ১-২ ব্যবধানে বশ মানল  লস ব্ল্যাঙ্কোস। এই হারের পর লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছেন কিলিয়ান এমবাপেরা। ১৪ ম্যাচে তাঁদের সংগ্রহ ৩৩ পয়েন্ট।

Advertisement

ঘরের মাঠে ২২ মিনিটেই পিছিয়ে পড়ে মরিনহোর দল। রিয়াল ডিফেন্ডার হাউসনের ভুলের সুযোগ কাজে লাগিয়ে লক্ষ্যভেদ টনি মার্টিনেজের (১-০)। এরপর ৬১ মিনিটে ২-০ করে আলাভেস। গোলদাতা অ্যাঞ্জেল পেরেজ। ৬৯ মিনিটে অবশ্য ব্যবধান কমিয়ে রিয়াল মাদ্রিদকে অক্সিজেন জোগান এমবাপে (২-১)। এরপর ৮৪ মিনিটে পেনাল্টিও আদায় করেন বেলিংহ্যাম। তবে ভারের সাহায্যে দেখা যায়, ইংলিশ মিডিও প্লে-অ্যাকটিং করেছেন। তাই ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। 
অন্যদিকে, লা লিগায় রবিবার দেপোর্তিভোকে ৫-১ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা। দুরন্ত হ্যাটট্রিকে ম্যাচের নায়ক রাফিনহা। এছাড়া জয়ী দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন লামিনে ইয়ামাল ও ড্যানি ওলমো। দেপোর্তিভোর সান্ত্বনা গোলটি পিয়েরে-এমেরিক ওবামেয়াংয়ের। এই জয়ের সুবাদে শীর্ষস্থান আরও মজবুত করল বার্সা। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ ৩৯ পয়েন্ট।