নাগপুর: ভারতকে টি-২০ বিশ্বকাপ ট্রফি জিতিয়েও অফ-ফর্মের কারণে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন সূর্যকুমার যাদব। মুম্বইকরের মনের মধ্যে সেই কষ্ট এখনও টাটকা। বিশ্বজয়ী ক্যাপ্টেন অবশ্য ঘরোয়া ক্রিকেটে রয়েছেন ছন্দে। সৈয়দ মুস্তাক আলি ট্রফির গ্রুপপর্বে কলকাতায় ঝোড়ো ব্যাটিংয়ে নজর কেড়েছেন। নক-আউট খেলতে ‘স্কাই’ এখন নাগপুরে। সেখানে রবিবার তিনি বলেছেন, ‘ভারতীয় দল থেকে দূরে থাকা অবশ্যই কষ্টকর। পাঁচ বছর জাতীয় দলের হয়ে খেলেছি। তারপর হঠাৎই বাদ পড়ি। এটা রীতিমতো যন্ত্রণাদায়ক। তবে ক্রিকেট খেলাটাই এমন। এটা অনেক কিছু শেখায়। আমি যেমন গত দু’বছরে প্রচুর শিক্ষা পেয়েছি। তবে সুড়ঙ্গের শেষে সবসময় আলোই থাকে।’
আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের ভাবনা সরিয়ে রেখে আপাতত ঘরোয়া ক্রিকেটেই মন দিয়েছিন সূর্য। তাঁর কথায়, ‘আইপিএলের ঢের দেরি। তার আগে অনেক প্রতিযোগিতা রয়েছে। সৈয়দ মুস্তাক আলির পর বিজয় হাজারেতে খেলব। এরপর রনজি ট্রফি শুরু হবে। এখন শুধু সৈয়দ মুস্তাক আলির সুপার লিগের কথা ভাবছি। প্রতিটা ম্যাচ জিততে চাই। ট্রফি জয়ই লক্ষ্য।’ নিজের ব্যাটিং সম্পর্কে সূর্যের মূল্যায়ন, ‘ব্যাটিংয়ে কোনো ভুল ছিল বলে মনে হয় না। গত পাঁচ বছর ধরে একইভাবে খেলে আসছি। সর্বত্রই উপভোগ করেছি ব্যাটিং। তা সে দেশের জার্সিতে হোক বা মুম্বইয়ের হয়ে। গত ৮-১০ সপ্তাহে প্রচুর খেটেছি নেটে। তার ফল মিলছে। পরিশ্রম বেশি করলে সাফল্যের সম্ভাবনাও বাড়ে।’



