Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বয়স বাড়ছে, বিরাটের অবসর দেখে উপলব্ধি উইলিয়ামসনের

কঠোর বাস্তবের সম্মুখীন! টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসরকে এভাবেই দেখছেন কেন উইলিয়ামসন। একই প্রজন্মের ক্রিকেটারদের কাছে এটা কঠিন বার্তা বলেই মনে হয়েছে কিউয়ি তারকার।

বয়স বাড়ছে, বিরাটের অবসর দেখে উপলব্ধি উইলিয়ামসনের
  • ৯ আগস্ট, ২০২৫ ০৮:০৮

লন্ডন: কঠোর বাস্তবের সম্মুখীন! টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসরকে এভাবেই দেখছেন কেন উইলিয়ামসন। একই প্রজন্মের ক্রিকেটারদের কাছে এটা কঠিন বার্তা বলেই মনে হয়েছে কিউয়ি তারকার। 

Advertisement

এই মুহূর্তে ‘দ্য হান্ড্রেড’ প্রতিযোগিতায় লন্ডন স্পিরিটকে নেতৃত্ব দিচ্ছেন উইলিয়ামসন। ৩৫ বছর বয়সি উইলিয়ামসনের মতে, ‘বয়সকে আমরা কেউই বিবেচনার মধ্যে রাখতে চাই না। কিন্তু উল্টোদিকে থাকা ক্রিকেটারদের কেউ কেউ এবং কোনও কোনও সতীর্থ অবসরের সিদ্ধান্ত নিলে তখন তা নজরে আসে। আচমকা উপলব্ধি হয়— তাই তো, বয়সটা তো কম হল না। প্রতিদিনই তা বাড়ছে। আর এটাই বাস্তবতা।’ এক সময় ‘ফ্যাব ফোর’ হিসেবে ক্রিকেট মহলে স্টিভ স্মিথ, জো রুটের সঙ্গেই চিহ্নিত হতেন কোহলি এবং উইলিয়ামসন। ২০১৪ সালে এই চারজনকে ‘ফ্যাব ফোর’ তকমা দেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মার্টিন ক্রো। এদের মধ্যে টেস্টকে বিদায় জানিয়েছেন একমাত্র বিরাট। কয়েক মাস আগে নেওয়া তাঁর এই সিদ্ধান্তে তোলপাড় পড়ে যায় বিশ্ব ক্রিকেটে। উইলিয়ামসনের কথায়, ‘নিজের শর্তে বিদায় নিয়েছে কোহলি। ক্রিকেটের প্রতি ওর অবদান অবিশ্বাস্য। সেটা স্পেশাল।’
কোহলি অবসর নিলেও টেস্ট ক্রিকেটে দুরন্ত ছন্দে রয়েছেন রুট। সদ্যসমাপ্ত অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে তিনটি শতরান সহ ৫৩৭ রান করেন তিনি। ৩৪ বছর বয়সি ব্রিটিশ তারকা সম্পর্কে উইলিয়ামসন বলেছেন, ‘দুর্দান্ত ফর্মে রয়েছে রুট। ও আমার চেয়ে সামান্য ছোট। সেজন্যই মনে হচ্ছে, এভাবেই খেলে যাবে আগামী ২০ বছর!’

সম্পর্কিত সংবাদ