Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোটের আগে বিচারাধীন ভোটাদের নিয়ে নিষ্পত্তি হবে তো? উদ্বেগ পশ্চিম বর্ধমানে

আগামী সোমবার থেকে পশ্চিম বর্ধমান জেলার ন’টি বিধানসভা আসনের জন্য মনোনয়ন প্রক্রিয়া শুরু হচ্ছে। এসআইআর প্রক্রিয়ায় জেলায় ১ লক্ষ ৩৭ হাজার ৫৩৯জন ভোটারের নাম বিচারাধীন ছিল।

ভোটের আগে বিচারাধীন ভোটাদের নিয়ে নিষ্পত্তি হবে তো? উদ্বেগ পশ্চিম বর্ধমানে
  • ২৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আগামী সোমবার থেকে পশ্চিম বর্ধমান জেলার ন’টি বিধানসভা আসনের জন্য মনোনয়ন প্রক্রিয়া শুরু হচ্ছে। এসআইআর প্রক্রিয়ায় জেলায় ১ লক্ষ ৩৭ হাজার ৫৩৯জন ভোটারের নাম বিচারাধীন ছিল। সূত্রের খবর, প্রথম দফার সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় প্রায় ১৩ হাজার ভোটারের মামলা নিষ্পত্তি হয়েছে। এখানেই প্রশ্ন উঠছে, আদৌ ভোটের আগে সমস্ত বিচারাধীন ভোটারের মামলা নিষ্পত্তি হবে, নাকি বেশকিছু ভোটারদের ভাগ্য ঝুলিয়ে রেখেই নির্বাচন হয়ে যাবে? 

Advertisement

প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, সাপ্লিমেন্টারি যে তালিকা পার্ট অনুযায়ী প্রকাশ পেয়েছে, তাতে ৬ হাজার ৮৩৪ জনের নাম বাদ পড়েছে। তেমনই নাম যুক্ত হয়েছে ৪৯৬০ জনের। জেলা বা মহকুমা প্রশাসনকেও আলাদা করে নামের তালিকা বা সংখ্যা বলা হয়নি। প্রশাসনের পক্ষ থেকেই প্রতি পার্টের নামের তালিকা সংগ্রহ করে তা যুক্ত করে এই পরিসংখ্যান সামনে এসেছে। জেলার ২ হাজার ৫০৪ বুথের মধ্যে এই সংখ্যা যথেষ্টই উদ্বেগের। কারণ প্রথম দফাতেই দেখা গিয়েছে, বহু সংখ্যক মানুষের নামই বাদ পড়ছে। ২৩ এপ্রিল নির্বাচন, তার আগেই শেষ হয়ে যাবে মনোনয়ন প্রক্রিয়া। মনোনয়ন প্রত্যাহারের দিন শেষ হয়ে গেলেই সেই সময়কার ভোটার সংখ্যা অনুযায়ী ভোটগ্রহণ হবে। তাই হাতে খুব বেশি সময় নেই। তার মধ্যে প্রতি বিধানসভায় হাজার হাজার ভোটারের নিষ্পত্তি সম্ভব হবে কি না, তার কোনো উত্তর ঩নেই প্রশাসনিক মহলে। বিচারাধীন বিষয় বলে এনিয়ে কেউ মন্তব্য করতে চাননি। প্রাশসনিক সূত্রে জানা গিয়েছে, বিচারাধীন যাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। তাঁরা ট্রাইবুনালে শুনানির জন্য আবেদন করতে পারেন। অনলাইনে নির্বাচন কমিশনের ওয়েবসাইট বা অ্যাপে আবেদন করার পাশাপাশি জেলাশাসক ও মহকুমা শাসক অফিসেও তাঁরা গিয়ে আবেদন জমা করতে পারেন। তা প্রশাসনিক কর্মীরা ডিজিটাইজ করে রাখবেন। যদিও কবে থেকে ট্রাইবুনালে আবেদনগুলির নিষ্পত্তি করা হবে তা জানা যায়নি। সোমবার জেলার তিনটি জায়গা থেকে মনোনয়ন প্রক্রিয়া শুরু হচ্ছে। আসনাসোল উত্তর বিধানসভা কেন্দ্রের জন্য মনোনয়ন গ্রহণ করা হবে আসানসোল মহকুমা শাসক অফিসে। কুলটি, বারাবনি, আসানসোল দক্ষিণ ও জামুড়িয়ার মনোনয়ন গ্রহণ করা হবে জেলাশাসক অফিসে। রানিগঞ্জ, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব ও দুর্গাপুর পশ্চিমের মনোনয়নপত্র গ্রহণ করা হবে দুর্গাপুর মহকুমা শাসক অফিসে। সকাল ১১টা থেকে বিকাল ৩টে পর্যন্ত মনোনয়ন গ্রহণ করা হবে।
অন্যদিকে, রানিগঞ্জ সহ আসানসোল মহকুমার ছ’টি বিধানসভা এলাকার ভোট গণনা হবে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে। তেমনই দুর্গাপুরের দু’টি বিধানসভা ও পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে। এখনও পর্যন্ত জেলার ২৬৬ বুথ স্পর্শকাতর হিসাবে চিহ্নিত হয়েছে। 
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২৪৩টি বুথ মহিলা পরিচালিত হতে চলেছে। একটি বুথের ভোটকর্মীরা হবেন বিশেষ চাহিদা সম্পন্নরা। জেলাশাসক পোন্নমবলম এস বলেন, অবাধ, শান্তিপূর্ণ, ভয়মুক্ত, বাধামুক্ত পরিবেশে নির্বাচন করাতে আমরা বদ্ধ পরিকর।

Advertisement
সম্পর্কিত সংবাদ