সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: ডিসেম্বরের গোড়ায় শুরু হচ্ছে পরবর্তী কংগ্রেস সভাপতি নির্বাচনের প্রাথমিক প্রক্রিয়া। হবে সেন্ট্রাল ইলেকশন কমিটি (সিইসি) গঠন। মধুসূদন মিস্ত্রির জায়গায় কমিটির চেয়ারম্যান হবেন অন্য কেউ। তারপর এআইসিসি সদস্য সংগ্রহ। শেষে ভোট। কংগ্রেস সভাপতি পদে মল্লিকার্জুন খাড়্গের পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে ২০২৭ সালে ১৯ অক্টোবর। পরবর্তী সভাপতি কে? তা নিয়ে দলের অন্দরে শুরু হয়েছে অন্বেষণ। খাড়্গেকেই সর্বসম্মত সভাপতি হিসেবে দ্বিতীয়বার বাছা হবে? নাকি নতুন কেউ?
এখানেই উঠে আসছে চমকপদ নাম—প্রিয়াঙ্কা গান্ধী। দলের জেন জি এবং গান্ধী পরিবারের গুণমুগ্ধদের সিংহভাগ চাইছে এবার দলের শীর্ষপদে বসুন ‘ডায়ানামিক’ প্রিয়াঙ্কা। এই মুহূর্তে দলের মধ্যে রাহুল গান্ধীর পর জনপ্রিয়তার নিরিখে সোনিয়া-কন্যা ছাড়া অন্য কেউ নেই। তাই তাঁকেই সভাপতি করে ২০২৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি-বধে ঝাঁপাবে কংগ্রেস? রাজনৈতিক মহলে শুরু জল্পনা।
স্রেফ দলেই নয়, বিজেপি-বিরোধী অন্যান্য দলের কাছেও গ্রহণযোগ্য প্রিয়াঙ্কা। মোদি বিরোধী মহাজোট ‘ইন্ডিয়া’র নেতৃত্বের মধ্যেও প্রিয়াঙ্কা গ্রহণযোগ্য। নেপথ্য ব্যবস্থাপনায় তিনিই অগ্রণী ভূমিকা নেন। তাঁর জনপ্রিয়তা এবং ইন্দিরা-আদলের আকর্ষণীয় অভিব্যক্তিকে মাথায় রেখে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সোনিয়া গান্ধীকে সরাসরি প্রস্তাবই দিয়ে বসেছিলেন, ‘ওঁকে বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রার্থী করে দিন।’
যদিও তা হয়নি। ২০২৪ সালে কেরলের ওয়েনাড় থেকে লোকসভার উপনির্বাচনে প্রথমবার ভোটে লড়েন প্রিয়াঙ্কা। জেতেন। যদিও রাজনীতির ময়দানে পা দিয়েছিলেন ২০১৯ সালে। উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলের দায়িত্ব দিয়ে তাঁকে এআইসিসির সাধারণ সম্পাদক করেছিলেন তৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তবে নির্বাচনে দলকে জেতানোর কৃতিত্ব প্রিয়াঙ্কা রাজনৈতিক কেরিয়ারে নেই। ‘লড়কি হুঁ লড় সকতি হুঁ’ স্লোগান তুলে ২০২২ সালে প্রবল চেষ্টা করেছিলেন উত্তরপ্রদেশে। কিন্তু ৩৯৯ আসনের যোগীরাজ্যে সেবার মাত্র দু’টি আসন পেয়েছিল হাত শিবির। তবে এখন পরিস্থিতি বদলেছে বলেই রাজনৈতিক মহলের অভিমত। সংসদ হোক বা সড়ক, প্রিয়াঙ্কার পারফরম্যান্স উল্লেখযোগ্য। সর্বোপরি মল্লিকার্জুন খাড়্গের বয়স হয়েছে। ৮৪। ফলে তাঁর সর্বসম্মত পুনঃনির্বাচন আর চাইছে না দলের সিংহভাগ। সেক্ষেত্রে ৫৪ বছরের প্রিয়াঙ্কা সব দিক দিয়ে সঠিক বলেই এআইসিসির অধিকাংশের মত।
অবশ্য ‘পরিবারবাদে’র খোঁচা নিয়ে গান্ধী পরিবারের অন্দরেই টানাপোড়েন রয়েছে। তবে অত্যন্ত বিশ্বস্ত সূত্রে খবর, গান্ধী পরিবার এটাও চাইছে সর্বসম্মত নয়, নির্বাচন হোক। ঠিক যেভাবে ২০২২ সালে শশী থারুর প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন খাড়্গের বিরুদ্ধে। ১৯ অক্টোবর ফলাফলে ৬,৮২৫ ভোটে জিতেছিলেন খাড়্গে। মোট ভোটার ছিল ৯,৩৮৫ জন। তার মধ্যে খাড়্গে পেয়েছিলেন ৭,৮৯৭। থারুর ১,০৭২। নষ্ট হয়েছিল ৪১৬ টি। কারণ, অনেকেই ব্যালট পেপারে লিখেছিলেন ‘আমার ভোট রাহুল গান্ধীকে।’ তাই এবারও নির্বাচন চান সোনিয়া-রাহুলরা। সেক্ষেত্রে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং প্রার্থী হতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে খবর। তিনি গান্ধী পরিবার ঘনিষ্ঠ। তাহলে? পরবর্তী কংগ্রেস সভাপতি নির্বাচন কি প্রিয়াঙ্কা বনাম দিগ্বিজয়? অপেক্ষায় সময়ের। ছবি: পিটিআই



