রাজ্যে গোমাতা কাটতে দেব না, মন্তব্য মুখ্যমন্ত্রীর
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গোহত্যা বন্ধে কড়া অবস্থানের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে বয়স্ক ও অসুস্থ গোরুর রক্ষণাবেক্ষণের জন্য গোশালাগুলিকে বছরে সর্বোচ্চ এক লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে  ‘গোকুল মিশন’ চালু করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘পরিষ্কার কথা শুনে রাখুন, রাজ্যে গোমাতা কাটতে দেব না। আইন দেখছি, বিলও আনব।’ ১৯৫০ সালের নির্দিষ্ট আইন এবং আদালতের নির্দেশ মেনে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, ‘বৈধ কসাইখানায় আইনসম্মতভাবে অনুমোদিত পশু জবাই এবং গোমাতা হত্যাকে এক করে দেখা উচিত নয়।’ অন্যদিকে, এদিন আবাসিক প্রতিষ্ঠানে বসবাসকারী বিশেষভাবে সক্ষমদের মাথাপিছু দৈনিক খাবারের বরাদ্দ ৫৬ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করার ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। আবার, ২৬ নভেম্বর কোলাঘাটে ৭ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন এবং ২০ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গাদকারি। একইসঙ্গে পাহাড়ের পানীয় জলের সিন্ডিকেটের বিরুদ্ধেও তাঁর সরকার কড়া অবস্থান নিতে চলেছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনই পশ্চিমবঙ্গ বিধানসভার গ্রন্থাগার থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১৯৪৭ সালের ঐতিহাসিক ভাষণের নথি নিখোঁজ হওয়ার অভিযোগ ঘিরে এফআইআর এবং সিআইডি তদন্তের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, মিথ্যা অভিযোগ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে বিধানসভায় মাল্যদান করে যথাযথভাবে সম্মান দেওয়া হয়। তাঁর বইপত্র সমস্ত কিছুই বিধানসভার লাইব্রেরিতে রয়েছে।

Advertisement