Bartaman Logo
১০ জুন, ২০২৬

জিতলে কি নীতীশ বিহারের মুখ্যমন্ত্রী? স্পষ্ট উত্তরই দিলেন না অমিত শাহ

বিহারে এনডিএ যদি ফের ক্ষমতায় আসে, তাহলে কি নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন? শুক্রবার স্পষ্ট কোনও উত্তর দিলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

জিতলে কি নীতীশ বিহারের মুখ্যমন্ত্রী? স্পষ্ট উত্তরই দিলেন না অমিত শাহ
  • ১৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পাটনা: বিহারে এনডিএ যদি ফের ক্ষমতায় আসে, তাহলে কি নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন? শুক্রবার স্পষ্ট কোনও উত্তর দিলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার পাটনায় নীতীশের বাসভবনে আসেন শাহ। ১ নম্বর অ্যানে মার্গের বাড়িতে ৪৫ মিনিট ধরে বৈঠক করেন দুজনে। তবে কী নিয়ে তাঁদের আলোচনা হয়েছে তা জানা যায়নি। বৈঠকের পরে শাহ বলেন, ‘কে বিহারের মুখ্যমন্ত্রী হবেন, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আমি কে? এনডিএতে অনেক দল রয়েছে। নির্বাচিত বিধায়করাই মুখ্যমন্ত্রী বাছাই করবেন।’ তবে শাহ জানিয়েছেন, নীতীশের নেতৃত্বেই বিধানসভা নির্বাচনে লড়াই করবে এনডিএ। তিনি বলেন, ‘নীতীশের উপর আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে। বিহারের মানুষও ওঁকে বিশ্বাস করেন।’ এবারই প্রথম বিহার বিধানসভা নির্বাচনে সমসংখ্যক আসনে লড়াই করছে নীতীশের জেডিইউ এবং বিজেপি। এর আগে জেডিইউয়ের সঙ্গে বিজেপি জোট বাঁধলেও, প্রতিবারই নীতীশের দল বেশি আসনে লড়াই করেছে। কিন্তু এবারই তার ব্যতিক্রম। আসন সমঝোতা নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও, নীতীশ এই নিয়ে কিছুটা ক্ষুব্ধ বলেই সূত্রের খবর। এছাড়া তিনিই যে এনডিএর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী-তা নিয়েও কোনও ঘোষণা হয়নি। ফলে, এদিনের বৈঠকে নীতীশের ক্ষোভ প্রশমনই শাহের মূল লক্ষ্য ছিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।   

Advertisement

বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট কিছু জানা না গেলেও এনডিএর তরফে একে ‘সৌজন্যমূলক সাক্ষাত্’ আখ্যা দেওয়া হয়। তবে এনডিএরই একটি সূত্র জানিয়েছে, জেডিইউয়ের কয়েকটি আসন চিরাগ পাসোয়ানের এলজেপিকে দেওয়া নিয়ে নীতীশ উষ্মা প্রকাশ করেছিলেন। তা নিয়ে এদিন শাহের সঙ্গে কথা হয়েছে বিহারের মুখ্যমন্ত্রীর। আলোচনার মাধ্যমে বিষয়টি মিটেও গিয়েছে বলে এনডিএর ওই সূত্রটি জানিয়েছে।
এদিন সারনে বিজেপি একটি র‌্যালিতেও অংশ নেন শাহ। সেখানেও তিনি নীতীশের প্রশংসায় পঞ্চমুখ হন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নীতীশই আপনাদের জঙ্গলরাজ থেকে মুক্তি দিয়েছেন। বিহারে আইনের রাজ ফিরিয়ে এনে উন্নয়নের রাস্তা সুগম করেছেন।’ বিরোধী জোট ‘মহাগটবন্ধন’কেও একহাত নিয়েছেন শাহ। তিনি আরজেডি নেতা তেজস্বী যাদবের উদ্দেশে প্রশ্ন তোলেন, আপনারা কীভাবে বিহারে আইনের শাসন বজায় রাখবেন?

Advertisement
সম্পর্কিত সংবাদ