Bartaman Logo
৯ জুন, ২০২৬

ওয়াকফ আইনের একাধিক ধারা নিয়ে প্রশ্ন, সুপ্রিম-অস্বস্তিতে মোদি সরকার

বিরোধীরা প্রশ্ন তুলেছিল। তাদের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ করে উষ্মা প্রকাশ করা হয়েছিল বিভিন্ন মুসলিম সংগঠনের তরফে।

ওয়াকফ আইনের একাধিক ধারা নিয়ে প্রশ্ন, সুপ্রিম-অস্বস্তিতে মোদি সরকার
  • ১৬ এপ্রিল, ২০২৫ ১৬:০৪
Prefer us on Google

নয়াদিল্লি, ১৬ এপ্রিল: বিরোধীরা প্রশ্ন তুলেছিল। তাদের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ করে উষ্মা প্রকাশ করা হয়েছিল বিভিন্ন মুসলিম সংগঠনের তরফে। এবার বিতর্কিত নয়া ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নবাণে বিদ্ধ হল মোদি সরকার। বুধবার এই আইনের একাধিক ধারা নিয়ে আঙুল তুলেছে সর্বোচ্চ আদালত। সংশোধিত আইনে কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে অমুসলিমদের অন্তর্ভুক্ত করার সংস্থান আছে। এদিন যা নিয়ে প্রশ্ন তুলেছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। কোনও হিন্দু এনডাউমেন্ট বোর্ডে কি মুসলিমদের অন্তর্ভুক্ত করতে চাইবে সরকার? ‘খোলা মনে’ উত্তর জানতে চাইল আদলত।

Advertisement

কেন্দ্রের বিতর্কিত ওয়াকফ বিলের বিরোধিতায় দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ চলছে। পাশাপাশি এই সংশোধনী আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে মোট ৭৩টি আবেদন জমা পড়েছে সর্বোচ্চ আদালতে। এদিন দুপুরে সেই সমস্ত মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি খান্নার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে ভি বিশ্বনাথন।
এদিন এক আবেদনকারীর তরফে সর্বোচ্চ আদালতে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। তিনি অভিযোগ করেন, ভারতীয় সংবিধানের ২৬ নম্বর অনুচ্ছেদে ধর্মীয় বিষয়ে স্বাধীনতার গ্যারান্টি দেওয়া হয়েছে। কিন্তু মোদি সরকারের তৈরি নতুন ওয়াকফ আইন এই অনুচ্ছেদের পরিপন্থী বলে তাঁর দাবি। কারণ নতুন আইনে জেলাশাসকের হাতে বিচারের ক্ষমতা দেওয়া হয়েছে। অথচ জেলাশাসক হলেন সরকারের প্রতিনিধি। আগামীকাল, বৃহস্পতিবারও এই মামলার শুনানি চলবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ