সংবাদদাতা, নকশালবাড়ি: বুধবার সকালে খড়িবাড়ি ব্লকের চোরনাজোতে হাতিমৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বনকর্মীরা এসে মৃত হাতির দেহ উদ্ধার করেন। ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তরের কার্শিয়াং ডিভিশনের টুকরিয়াঝাড় রেঞ্জ।
বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে খাবারের সন্ধানে তিনটি হাতির দল চোরনাজোতে হানা দেয়। ঘটনাক্রমে হাতির দলটি বিদ্যুতের দু’টি খুঁটি উপড়ে ফেলে। কৃষি জমিতে ফসল রক্ষা করার জন্য তার বিছিয়ে বিদ্যুৎ সরবরাহ করা ছিল। বছর সাতের একটি হাতি সেই তারের সংস্পর্শে চলে আসে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় হাতিটির। খবর পেয়ে সকালেই টুকরিয়াঝাড় রেঞ্জের বনকর্মীরা চলে আসেন। এদিকে, এই খবর মুখে মুখে ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমতে শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে খড়িবাড়ি থানার পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয় এলাকায়। পরে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন ও তদন্ত শুরু করেন রেঞ্জ অফিসের আধিকারিকরা। দুপুরে হাতিটির দেহ টুকরিয়াঝাড় বনাঞ্চলে নিয়ে গিয়ে ময়নাতদন্তের করা হয়।
চোরনাজোত ঘেঁষেই টুকরিয়াঝাড় বনাঞ্চল। গত কয়েক বছরে জনবসতি গড়ে উঠেছে। চাষবাসও করছেন লোকজন। গ্রামে বিদ্যুৎ পরিষেবা দিতে হাতির করিডরে নতুন করে পোল বসানো হচ্ছে।
টুকরিয়াঝাড়ের রেঞ্জার সুরজ মুখিয়া বলেন, ঘটনাস্থল থেকে কিছুটা দূরে বিদ্যুতের দু’টি খুঁটি পড়েছিল। সেখানে হাতির পায়ের ছাপ দেখা গিয়েছে। তাই পরিষ্কার হাতির হামলায় খুঁটি ভেঙেছে। তবে ধান কেটে নেওয়া হলেও সেখানে কেন বিদ্যুৎবাহী তার লাগানো ছিল, তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। আমরা এলাকার একটি বাড়ি থেকে বিদ্যুৎ সরবরাহের কিছু যন্ত্রপাতি বাজেয়াপ্ত করেছি। একইসঙ্গে সংশ্লিষ্ট জমিটি কার, তা খোঁজখবর নিয়ে জমির মালিককে তলব করা হচ্ছে। বর্তমানে টুকরিয়াঝাড় বনাঞ্চলে ১২টি হাতি রয়েছে। সেই দলের তিনটি দলছুট হয়ে ঘুরে বেড়াচ্ছিল। একটির মৃত্যু হল।



