সংবাদদাতা, বনগাঁ: স্বামী পরকীয়ায় জড়িত। তার প্রতিবাদ করায় স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় গৃহবধূর দেহ। মৃতার নাম পূর্ণিমা বৈদ্য। সোমবার ঘটনাটি ঘটেছে বনগাঁয় গোপালনগর থানার জুটমিল সংলগ্ন এলাকায়। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সন্দীপ বৈদ্য। একটি বেসরকারি ব্যাংকের কর্মী তিনি। তাঁকে মঙ্গলবার বনগাঁ আদালতে তোলা হলে বিচারক জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন।
প্রায় ১৩ বছর আগে গোপালনগর থানার জুটমিল এলাকার বাসিন্দা সন্দীপ বৈদ্যের সঙ্গে নদীয়ার পূর্ণিমা বৈদ্যের (মণ্ডল) বিয়ে হয়। তাঁদের এক মেয়ে রয়েছে। মৃতার বাপের বাড়ির দাবি, বিয়েতে নগদ টাকা সহ বিভিন্ন দানসামগ্রী দেওয়া সত্ত্বেও পূর্ণিমার উপর অত্যাচার করতেন স্বামী, শ্বশুর ও শাশুড়ি। অভিযোগ, মেয়ে হওয়ার পর থেকে অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। পরবর্তীকালে বিভিন্ন সময় দফায় দফায় কয়েক লক্ষ টাকা দিয়েছিলেন পূর্ণিমার বাপের বাড়ির লোকজন। অভিযোগ, এরমধ্যে এক তরুণীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন সন্দীপ। বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেন পূর্ণিমা। অভিযোগ, প্রতিবাদ করায় শ্বশুরবাড়িতে জুটত মার।