নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: স্বামীকে ইঞ্জেকশন দিয়ে কেন খুন করতে চেয়েছিলেন তিনি, পুলিস দফায় দফায় জিজ্ঞাসাবাদ করলেও তা স্পষ্ট করেননি স্ত্রী রনিতা চট্টোপাধ্যায়। জেরায় শুধু বলছেন, স্বামী অসুস্থ ছিল। চিকিৎসকের পরামর্শেই ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসক ওই দাবি অস্বীকার করেছেন। রনিতা কেন সিসি ক্যামেরা ভাঙতে গিয়েছিলেন, সে ব্যাপারেও পরিষ্কার করে কিছু বলেননি। ফলে এখনও পর্যন্ত অভিযুক্তের মোটিভ পরিষ্কার নয় তদন্তকারী অফিসারদের কাছে। প্রসঙ্গত, নৈহাটিতে স্বামী দেবেশ চট্টোপাধ্যায়কে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রী রনিতার বিরুদ্ধে। তাঁকে এমন কোনও ইঞ্জেকশন দেওয়া হয়েছে, যাতে তাঁর প্রাণহানি পর্যন্ত হতে পারত। দেবেশবাবু বর্তমানে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত স্ত্রীকে তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। নৈহাটি থানার পুলিস তাঁকে দফায় দফায় জেরা করছে। এই ঘটনায় তৃতীয় কোনও ব্যক্তির যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।



