Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নৈহাটিতে স্বামীকে ইঞ্জেকশন দিয়ে খুনের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার স্ত্রী

ইঞ্জেকশন দিয়ে স্বামীকে খুন করার চেষ্টার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নৈহাটির ন’নম্বর ওয়ার্ডের রাজবন্দিগড় এলাকায়।

নৈহাটিতে স্বামীকে ইঞ্জেকশন দিয়ে খুনের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার স্ত্রী
  • ১৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ইঞ্জেকশন দিয়ে স্বামীকে খুন করার চেষ্টার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নৈহাটির ন’নম্বর ওয়ার্ডের রাজবন্দিগড় এলাকায়। বর্তমানে স্বামী দেবেশ চট্টোপাধ্যায় নৈহাটি হাসপাতালে ভর্তি। তাঁকে খুনের চেষ্টার অভিযোগে স্ত্রী রনিতা চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে নৈহাটি থানার পুলিস। ধৃতকে বুধবার বারাকপুর আদালতে পেশ করা হলে তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন বিচারক। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে রাজবন্দিগড় এলাকার বাসিন্দা দেবেশ চট্টোপাধ্যায়ের দেখা পাওয়া যাচ্ছিল না। তাতে আত্মীয় ও প্রতিবেশীদের সন্দেহ হয়। তাঁরা স্থানীয় কাউন্সিলারকে খবর দেন। এরপর স্থানীয় বাসিন্দারাই এদিন ঘরে ঢুকে অচৈতন্য অবস্থায় দেবেশকে উদ্ধার করেন। তাঁরা দেখেন, দেবেশবাবুর পেটে একটি পোড়া দাগ। প্রাথমিকভাবে অনুমান, তাঁকে কোনও বিষাক্ত ইঞ্জেকশন দেওয়া হয়েছে।
দেবেশের এক আত্মীয় স্বপ্না চক্রবর্তী বলেন, দীর্ঘদিন ধরে শুনছি দেবেশকে ঘর থেকে বেরতে দেয় না, ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখে। এদিন আমরা জোর করে ওর বাড়িতে ঢুকে দেখি, অচৈতন্য অবস্থায় বিছানায় পড়ে রয়েছে দেবেশ। ওঁর পেটের বাঁ দিক পুড়ে গিয়েছে। জিজ্ঞাসা করলে বলে, স্ত্রী ইঞ্জেকশন দেওয়ার ফলে এটা হয়েছে।
আক্রান্ত দেবেশ জানান, শেষ কদিন ধরে শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল। এরইমধ্যে গত সোমবার রাতে স্ত্রী হঠাৎ ইঞ্জেকশন দেন। তখন শরীর খুব খারাপ হয়ে যায়, জ্বালায় ছটফট করতে করতে জ্ঞান হারাই। গোটা পাড়া, আত্মীয়-পরিজনের থেকে ও অনেক টাকা ধার নিয়েছে। কেন এটা করল, বুঝতে পারছি না। তবে অভিযুক্ত স্ত্রী রনিতা সব অভিযোগ অস্বীকার করেছেন। পুলিস জানিয়েছে, ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ