নয়াদিল্লি: বারবার শুধু কোটাতেই কেন একের পর এক পড়ুয়া আত্মহত্যা করছে? রাজস্থান সরকার ঠিক কী কী পদক্ষেপ গ্রহণ করেছে? দেশের অন্যতম ‘কোচিং হাব’ কোটায় পড়ুয়াদের ক্রমবর্ধমান আত্মহত্যার ঘটনায় শুক্রবার এভাবেই রাজস্থান সরকারকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। চলতি বছরে এপর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে। তা নিয়ে উদ্বিগ্ন শীর্ষ আদালত। এদিন বিচারপতি জে বি পার্দিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চের বক্তব্য,
বিষয়টি অত্যন্ত গুরুতর। তদন্তে নেমে সিট কী কী পদক্ষেপ
করেছে, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্যও জানতে চেয়েছে দুই বিচারপতির বেঞ্চ।
জানা গিয়েছে, কোটার এক নিট পড়ুয়া ও আইআইটি খড়্গপুরের পড়ুয়ার মৃত্যু সংক্রান্ত মামলার শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। সেই সূত্রে একের পর এক তথ্য সামনে আসে। তখনই রাজস্থান সরকারের আইনজীবীকে বিচারপতি পার্দিওয়ালা প্রশ্ন করেন, ‘রাজ্য সরকার কী করছে? কেন এত পড়ুয়া আত্মহত্যা করছে? আর কেনই বা শুধু কোটাতেই তা ঘটছে? আপনারা কি এনিয়ে চিন্তাভাবনার প্রয়োজন বোধ করেননি?’ সম্প্রতি কোটায় নিট পড়ুয়ার মৃত্যুতে কোনও এফআইআর দায়ের করা হয়নি। তা নিয়েও ক্ষোভপ্রকাশ করেছে শীর্ষ আদালত। কেন এফআইআর দায়ের করা হয়নি, তার কারণ জানাতে আগামী ১৪ জুলাই কোটা পুলিসের আধিকারিককে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে দুই বিচারপতির বেঞ্চ। তাঁদের বক্তব্য, ‘বিষয়টিকে এত হাল্কাভাবে নেবেন না। এরকম উদাসীনতাকে কিন্তু আদালত অবমাননা হিসেবে ধরা হতে পারে।’