নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উর্দিধারির উপর দাদাগিরি। তাও থানার মধ্যেই! অভিযুক্ত আর এক উর্দিধারী! কেন তাঁকে ডিউটি থেকে ‘অ্যাবসেন্ট’ করা হয়েছে, তার প্রতিবাদ করতে প্রগতি ময়দান থানায় বাবা-মাকে সঙ্গে নিয়েই হাজির হয়ে গিয়েছিলেন সিভিক ভলান্টিয়ার বাবাই সাহা। ডিউটিরত সাব ইন্সপেক্টরকে চোখরাঙানি, তারপর মারধর। বাহিনীর মধ্যেই এমন আচরণ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে পুলিশ মহলে। ১৪ নভেম্বরের ওই ঘটনা নিয়ে রীতিমতো অস্বস্তিতে লালবাজার। পুরো ঘটনাই ধরা পড়েছে সিসি ক্যামেরায়। ইতিমধ্যে অভিযুক্ত সিভিক, তাঁর বাবা তারকনাথ সাহা, মা এবং আত্মীয় সঞ্জীব সেনগুপ্তর বিরুদ্ধে কেস রুজু করেছে থানা। প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস দিয়ে ডেকে পাঠানো হয়েছে। পাশাপাশি অভিযুক্ত সিভিককে ‘ডিমবিলাইজ’ করার প্রস্তাব গিয়েছে লালবাজারে।
পুলিশ সূত্রে খবর, জেলবন্দি এক তৃণমূল নেতাকে ধরে সিভিকের কাজ পান বাবাই। প্রগতি ময়দান থানায় তিনি পিসিআর ভ্যান চালান। ১৪ নভেম্বর তাঁর নাইট ডিউটি ছিল। কিন্তু গাড়িটি খারাপ থাকায় তাঁকে বেরতে হয়নি। থানাতেই ছিলেন ওই সিভিক। ট্যাংরার বাসিন্দা বাবাই কাউকে না জানিয়েই বাড়ি চলে যান। কর্তব্যরত অবস্থায় ডিউটি ছেড়ে চলে যাওয়ার জন্য কোনো জিডিও করেননি। থানার একটি কাজের জন্য খোঁজ শুরু হয়। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। বাবাই কোথায়, জানতে ফোন করেন থানারই এক সার্জেন্ট। সিভিক জানান, গাড়ি খারাপ থাকায় বাড়ি চলে এসেছেন। ওই সার্জেন্ট জানতে চান, ডিউটি চলাকালীন কীভাবে বাড়ি চলে গেলেন? থানার অন্য প্রয়োজনেও তিনি কাজে লাগতে পারেন! রীতিমতো উত্তেজিতভাবে ওই সিভিক জানান, তিনি যাবেন না। গাড়ি খারাপ। গিয়ে কী করবেন? এরপরই ওই সার্জেন্ট জানান, তাঁকে অ্যাবসেন্ট দেখানো হচ্ছে। সেইমতো ওই অফিসার থানায় কর্তব্যরত এসআই সঞ্জীবন টিকাদারকে নির্দেশ দেন। রাত দেড়টা নাগাদ বাবাই সাহা বাবা-মা ও আত্মীয়কে নিয়ে থানায় হাজির হন। জানতে চান, কেন এবং কীভাবে তাঁকে অ্যাবসেন্ট করা হল? রীতিমতো ধমক দিতে থাকেন অফিসারকে। ‘অ্যাবসেন্ট নোট’ কেটে দেবার জন্য চাপ সৃষ্টি করেন তিনজনই। ডিউটি অফিসার জানিয়ে দেন, সম্ভব নয়। এরপরই অভিযুক্তের বাবা-মা চলে যান সরাসরি ব্ল্যাকমেলের পথে। বলেন, ছেলেকে উপস্থিত না দেখালে বাবাই আত্মহত্যা করবেন। এর জন্য দায়ী থাকবেন সকলে। কিন্তু তাতেও লাভ হয়নি। তখন ওই সিভিক সরাসরি ব্যক্তিগত আক্রমণে চলে যান। বলেন, ‘আপনি কীভাবে চাকরি পেয়েছেন জানি।’ থানায় প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে এই দাদাগিরি। সিভিক, তাঁর বাবা -মা ও আত্মীয় চড়াও হন সাব ইন্সপেক্টরের উপর। প্রথমে কিল-ঘুসি। তারপর লোহার বালা ও ধারালো কিছু দিয়ে বেধড়ক মার। ওই সময় থানায় হাতেগোনা পুলিশকর্মী ছিলেন। তাঁরাই ওই অফিসারকে সরিয়ে নিয়ে যান।
খবর যায় ওসির কাছে। ডিউটিরত অফিসারকে হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। থানায় ফিরে অভিযোগ করলে পুলিশ অফিসারকে মারধর, আটকে রাখা, ভয় দেখানো-সহ একাধিক ধারায় কেস রুজু হয়। খোদ বাহিনীর এক সহযোগী এই ঘটনায় জড়িয়ে যাওয়ায় সিভিকের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে।



