জয়পুর: রাজস্থানের জয়পুরে বাড়ি কিনেছেন এক সংখ্যালঘু বিচারপতি। শুধুমাত্র সেই কারণেই তাঁকে শাসিয়ে বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন জয়পুর হাওয়া মহলের বিজেপি বিধায়ক বালমুকুন্দাচার্য ওরফে সঞ্জয় শর্মা। এবার তাঁর বিরুদ্ধে এফআইআর করলেন রাজস্থান হাইকোর্টের আইনজীবী মহম্মদ ইয়াকুব খান। তিনি অভিযোগে জানিয়েছেন, গত বছরের ১০ ডিসেম্বর তাঁর তুতো ভাই তথা সেশন বিচারক মহম্মদ আরিফের মিনা কলোনির বাড়িতে দলবল নিয়ে গিয়ে বিক্ষোভ দেখান বিধায়ক সঞ্জয়। হিন্দুত্ববাদের ধুয়ো তুলে বিচারকের উদ্দেশে অশালীন ভাষাও ব্যবহার করেন বিজেপি বিধায়ক। বিচারককে হুমকিও দেন। কেন তিনি ওই এলাকায় বাড়ি কিনেছেন, তা নিয়ে প্রশ্ন তুলে গালিগালাজও করেন সঞ্জয়। এবার তাঁর বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের হল।
সঞ্জয়ের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, উস্কানি দিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বাঁধানোর চেষ্টা এবং অপরাধ ঘটানোর চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। গত বছরই বিজেপি বিধায়কের একটি ভিডিয়ো ভাইরাল হয়। তাতে দেখা গিয়েছে, চিৎকার করে তিনি বলছেন, মিনা কলোনি এখন মিয়াঁ কলোনি হয়ে গিয়েছে। এমনকি এলাকার বহু হিন্দু বাড়িতে গিয়ে তিনি আরজি করেন, যাতে তাঁরা সংখ্যালঘু সম্প্রদায়ের কাউকে বাড়ি বিক্রি না করেন। এফআইআর দায়ের করলেন নিগৃহীত বিচারকের আইনজীবী ভাই।



