সংবাদদাতা, বনগাঁ: ‘জানি না কেন মায়ের কোল খালি করে দেয়?’ রায়গঞ্জে এনকাউন্টারে নতুন মৃত্যু প্রসঙ্গে প্রশ্ন গাইঘাটায় এনকাউন্টারে মৃত যুবকের মায়ের। তাঁর দাবি, এনকাউন্টার মানে বিচারের আগেই বিচার শেষ। আদালতে বিচার হলে জানা যায়, অভিযুক্তই প্রকৃত দোষী কি না। এই ঘটনায় অন্য কেউ যুক্ত থাকলেও তা সামনে আসে। তবে সেই সুযোগ নেই। পুলিশি এনকাউন্টারে নিজের ছেলের মৃত্যু আজও মেনে নিতে পারছেন না প্রহ্লাদ দাসের মা রেখা দাস। সোমবার তিনি বলেন, ‘ছেলে ধর্ষণ ও খুন করেছে মেনে নিতে পারলেও, সে পুলিশকে গুলি করেছে এটা মানতে পারব না। তিনি দাবি করেন, ছেলে সম্পর্কে পুলিশ যা যা বলেছে মেনে নিয়েছি। কিন্তু সে বন্দুক ছিনিয়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছে, পুলিশের এই বয়ান মানতে পারছি না।’ বড়ো ছেলের মৃত্যুর পর থেকেই ছোটো ছেলেকে নিয়ে এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আছেন বাবা-মা। অভাবের সংসারে বেঁচে থাকার খাবার জোগাড় করতেই হিমশিম অবস্থা প্রহ্লাদের বাবা-মায়ের। এর উপর রয়েছে মায়ের চিকিৎসার খরচ। এদিন আত্মীয়ের বাড়িতে বসে রেখাদেবী বলেন, ‘ঘরে চালটুকুও নেই। আত্মীয়দের দয়ায় বেঁচে আছি। চিকিৎসার জন্য মাসে ১০ হাজার টাকা দরকার। বড়ো ছেলেই আমার চিকিৎসার খরচ জোগাত। জানি না এখন কী হবে।’ছেলের মৃত্যুর পর সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছিলেন প্রহ্লাদের বাবা-মা। এদিন রেখাদেবী বলেন, ‘ক্ষতিপূরণ পেলে চিকিৎসা বাবদ ঋণ শোধ করতে পারতাম।’ ছোটো ছেলের জন্য সরকারের কাছে একটি চাকরির আবেদনও করেছেন তিনি।



