Bartaman Logo
২৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

নৌশাদদের ‘খাম’ কেন ঋতব্রতদের? ফের সমালোচনার মুখে কমিশন

আইএসএফের ‘খাম’ প্রতীক নিয়ে দায়ের হওয়া মামলায় ফের কমিশনের ভূমিকার তুমুল সমালোচনা করে রায়দান স্থগিত রাখল হাইকোর্ট।

নৌশাদদের ‘খাম’ কেন ঋতব্রতদের? ফের সমালোচনার মুখে কমিশন
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএফের ‘খাম’ প্রতীক নিয়ে দায়ের হওয়া মামলায় ফের কমিশনের ভূমিকার তুমুল সমালোচনা করে রায়দান স্থগিত রাখল হাইকোর্ট। সোমবারের শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাও প্রশ্ন তুলেছেন, কোন আইনি ধারা মেনে আইএসএফের ব্যবহার করা খাম প্রতীক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস বা ডিটিসি’কে দেওয়া হল? 

Advertisement

নির্বাচন কমিশনের উদ্দেশে বিচারপতি রাও আরও বলেন, ‘কর্তৃপক্ষের কাজে হাইকোর্ট উদ্বিগ্ন। আদালত চায়, কর্তৃপক্ষ এমনভাবে কাজ করুন, যাতে পরে তাঁদের প্রশ্নের মুখে পড়তে না-হয়। আর আদালতকেও পরে হস্তক্ষেপ করতে না-হয়।’ 
ওইসঙ্গে বিচারপতির পর্যবেক্ষণ, ‘আগে দুবার খাম প্রতীক পাওয়া আইএসএফ যে তাদের প্রতীক পেতে চাইছে তা স্বাভাবিক। কী করে কমিশন সেই প্রতীক অন্য একটি দলকে দিয়ে দিল!’ কমিশনের আইনজীবী জিষ্ণু চৌধুরী বলেন, ‘ফ্রি সিম্বল বা প্রতীক দেওয়ার ক্ষেত্রে কমিশনই শেষকথা বলে। তাছাড়া এই ব্যাপারে কারও কোনো অধিকার নেই। প্রতীক কারও সম্পত্তি নয়।’ 
বিচারপতি অবশ্য বলেন, ‘গণতান্ত্রিক তৃণমূলের আরজির প্রেক্ষিতে কমিশন তাদের ওই প্রতীক দিয়েছে। কিন্তু আইএসএফ আবেদন করেছে, আর সেই আরজি বিবেচনা করে দেখা হয়েছে, সেই নথি কোথায়? এই ব্যাপারে আপনাদের বক্তব্য সন্তোষজনক নয়।’ 
এদিকে, হাইকোর্টে নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জামিনের আবেদন সংক্রান্ত মামলা ঝুলেই রইল হাইকোর্টে। এর আগে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছিলেন, ‘ওঁকে নির্বাচনে লড়তে দেওয়া হোক। আমি অন্তর্বর্তী জামিন দিচ্ছি।’ কিন্তু তারপরও মামলা পিছিয়ে যায়। এদিন বিচারপতি জানিয়েছেন, অন্য মামলা থাকায় মিলনের মামলার শুনানি এদিন হবে না। আজ মঙ্গলবার সকালে শুনানি শেষে এই মামলায় রায়দান করবেন বলে জানিয়েছেন বিচারপতি ঘোষ।   

Advertisement
সম্পর্কিত সংবাদ