Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘কবি সুভাষ পর্যন্ত যাবে না কেন?’ ক্ষুব্ধ মহিলা যাত্রী, আরপিএফ ডেকে নামাল মেট্রো

তিনি শুনতে চাইছেন না, কবি সুভাষ স্টেশন বন্ধ। কিছু দিনের মধ্যেই তা ভাঙা হবে।

‘কবি সুভাষ পর্যন্ত যাবে না কেন?’ ক্ষুব্ধ মহিলা যাত্রী, আরপিএফ ডেকে নামাল মেট্রো
  • ১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘ভাড়া দিয়েছি। কেন মাঝপথে নামব? শেষ পর্যন্ত কেন মেট্রো যাবে না?’ বুধবার শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে এক মহিলা যাত্রীর নাছোড় মনোভাবে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল আস্ত রেক। তিনি শুনতে চাইছেন না, কবি সুভাষ স্টেশন বন্ধ। কিছু দিনের মধ্যেই তা ভাঙা হবে। যাত্রী বোঝাই মেট্রো রেক বহনে অপারগ কবি সুভাষ স্টেশন। তাই তার আগের স্টেশন শহিদ ক্ষুদিরামে যাত্রী নামিয়ে খালি রেক কবি সুভাষ থেকে ঘুরিয়ে ফের সেই স্টেশনে আসছে। সেখান থেকে যাত্রী তুলে দক্ষিণেশ্বরের উদ্দেশে রওনা দিচ্ছে মেট্রো। কিন্তু অনেক সময় যাত্রীরা শহিদ ক্ষুদিরামে রেক খালি করছেন না। বাকবিতণ্ডায় জড়াচ্ছেন অনেকে। বুধবার ওই মহিলার সঙ্গে তর্কাতর্কি হয় মেট্রো কর্মীদের। শেষমেশ রেল সুরক্ষা বাহিনীর (আরপিএফ) মহিলা জওয়ান নিয়ে এসে তাঁকে নামাতে হয়। এই ধরনের নানা ঘটনায় সারাদিনে মেট্রো পরিষেবায় প্রভাব পড়ছে। 

Advertisement

মেট্রো ভবনের এক কর্তা বলেন, শহিদ ক্ষুদিরাম স্টেশনে রেক খালি করে সেটি ফের কবি সুভাষ পৌঁছে অভিমুখ বদল করে আপ লাইনে উঠতে বাড়তি সময় নিচ্ছে। যতদিন শহিদ ক্ষুদিরামকে অস্থায়ী প্রান্তিক স্টেশন হিসেবে গড়ে তোলা না যায়, ততদিন এই সমস্যা চলবে। পাশাপাশি কবি সুভাষ স্টেশন আকার-আয়তন ও পরিকাঠামোগত ভাবে এগিয়ে। আনুষঙ্গিক পরিকাঠামো ও স্থানাভাবে শহিদ ক্ষুদিরাম সেই পরিষেবা দিতে পারছে না। তাই সামান্য বর্ষাতেই বিভিন্ন স্টেশনে জল ঢুকে সমস্যা তৈরি করছে। বৃহস্পতিবারও দমদম মেট্রো  স্টেশনে নাগাড়ে জল ঢুকেছে। যা মেট্রো রেলের সার্বিক পাম্পিং ব্যবস্থার কার্যকারিতা নিয়েই বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। কারণ, গত তিনটি বর্ষার মরশুমে বিভিন্ন সময়ে রেল ট্র্যাক, প্ল্যাটফর্ম এবং স্টেশনে জল ঢুকে পরিষেবা বিঘ্নিত হয়েছে। কোনও সমাধান সূত্র মেলেনি। পাশাপাশি এদিন মেট্রো রেকেও বিপত্তি দেখা দিয়েছে। সকাল সাড়ে আটটা নাগাদ চাঁদনি চক স্টেশনে এসে দাঁড়ায় শহিদ ক্ষুদিরামগামী একটি যাত্রী বোঝাই রেক। ঠিক তখনই যাত্রীরা লক্ষ করেন, রেকের নীচ দিয়ে ধোঁয়া বেরচ্ছে। যাত্রীদের নামিয়ে রেক খালি করে দেওয়া হয়। যার জেরে ব্যস্ত অফিস টাইমে মেট্রো অসম্ভব লেটে চলাচল করেছে। এদিকে, কারিগরি সমস্যার জেরে আগামী রবিবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুট বন্ধ থাকবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ