Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিতে দলের মধ্যে কারা সক্রিয় নয়? কড়া নজরদারি শুরু তৃণমূল ভবনের

বিজেপি, সিপিএম, কংগ্রেস প্রতিদিনই নানাভাবে আক্রমণ করছে তৃণমূলকে। সেইসঙ্গে রাজ্য সরকারের লাগাতার সমালোচনা করে চলেছে বিরোধীরা।

বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিতে দলের মধ্যে কারা সক্রিয় নয়? কড়া নজরদারি শুরু তৃণমূল ভবনের
  • ১০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপি, সিপিএম, কংগ্রেস প্রতিদিনই নানাভাবে আক্রমণ করছে তৃণমূলকে। সেইসঙ্গে রাজ্য সরকারের লাগাতার সমালোচনা করে চলেছে বিরোধীরা। কিন্তু বিরোধীদের আনা অভিযোগ বা প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে ‘অনীহা’ দেখা যাচ্ছে তৃণমূলের একটা অংশের। বিশেষ করে মন্ত্রী, সাংসদ এবং বিধায়কদের মধ্যে বেশ কয়েকজন জনপ্রতিনিধি রয়েছেন, যাঁরা সোশ্যাল মিডিয়ায় দলের কথা তুলে ধরছেন না। ওই প্রেক্ষিতেই মঙ্গলবার নবান্নে মন্ত্রীদের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে বিরোধীদের বিরুদ্ধে জবাব দেওয়ার নির্দেশ দেন তিনি। তারপরেই তৃণমূলের অন্দরে শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূল ভবন সূত্রের খবর, এবার থেকে কড়া নজর রাখা হবে। মনিটরিং করা হবে কোন কোন জনপ্রতিনিধি সামাজিক মাধ্যমে দলের বার্তা তুলে ধরছেন না। যাঁদের ক্ষেত্রে ‘অনীহা’ দেখা যাবে, তাঁদের নামের তালিকা তৈরি করে শীর্ষ নেতৃত্বের কাছে পাঠানো হবে বলেই খবর।এর আগেও তৃণমূলের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল, দলের কথা আরও বেশি করে তুলে ধরতে হবে সাধারণ মানুষের কাছে। বাংলার বিরুদ্ধে বিরোধীরা চক্রান্ত বা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ আনে তৃণমূল। ফেক ভিডিও, অন্য রাজ্যের ছবি বাংলার সঙ্গে মিলিয়ে সামাজিক মাধ্যমে প্রচার করানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে এনেছিল তৃণমূল। দলের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, বিরোধীরা সামাজিক মাধ্যমে কোনও অভিযোগ আনলে তার জবাব দিতে হবে। এছাড়া তৃণমূলের অফিসিয়াল বক্তব্য, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা প্রচার করতে হবে সামাজিক মাধ্যমে।

Advertisement

ইতিমধ্যে ত্রিস্তরীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তৃণমূলের। একটি গ্রুপ সাংসদের নিয়ে। একটি বিধায়কের নিয়ে। আরও একটি গ্রুপ রয়েছে ‘এআইটিসি স্পেশাল’ নামে। শেষ গ্রুপটি তৃণমূল ভবন থেকে মনিটরিং করা হয়। দলের জনপ্রতিনিধি ও সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে তৈরি এই গ্রুপ। সেখানে প্রায়ই দলের কর্মসূচি, সূচনা, নির্দেশিকা পৌঁছে দেওয়া হয়। মূলত ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে বিরোধীরা যেভাবে তৃণমূলের বিরুদ্ধে সরব হচ্ছে, তথ্যসহ তার জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল ভবন থেকে। তৃণমূলের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া অত্যন্ত প্রাসঙ্গিক। ফলে এই পরিসর সম্পর্কে সকলকেই ওয়াকিবহাল থাকতে হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ