নয়াদিল্লি: যন্তর মন্তর। দিল্লির এই এলাকায় বিক্ষোভের জেরে ইস্তফা দিতে হয়েছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। পরে এসআইআর, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এখান থেকে আন্দোলনের প্রস্তুতি শুরু করে সিজেপি ও বিরোধী দলগুলি। এরইমাঝে গত ১১ অক্টোবর দিল্লির পুলিশের এক নির্দেশিকায় আচমকা যন্তরে মন্তরে প্রতিবাদ-বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি হয়। জানা যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গঠিত একটি কমিটির সুপারিশের ভিত্তিতেই এই পদক্ষেপ। এমনকী ব্যারিকেড টপকে যন্তরে মন্তরে ঢোকার জেরে ককরোচ জনতা পার্টির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাকড়াও করে পুলিশ। কিন্তু মন্ত্রকের ঠিক কোন কমিটি, কোন কোন আধিকারিকের সুপারিশের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল? প্রশ্নের উত্তরে কার্যত চুপ কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার। স্পষ্ট কোনো জবাব মেলেনি। জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে পুরো বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। সম্প্রতি তথ্যের অধিকার আইন (আরটিআই)-এর আওতায় সংবাদমাধ্যম ‘নিউজলন্ড্রি’র দায়ের করা প্রশ্নের উত্তরে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
১৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আরটিআইয়ের মাধ্যমে চারটি তথ্য জানতে চেয়েছিল সংশ্লিষ্ট সংবাদমাধ্যম। এক, প্রতিবাদস্থল পরিবর্তনের জন্য কমিটি গঠনের সরকারি নির্দেশের কপি ও কমিটি গঠনের তারিখ। দুই, কমিটির চেয়ারম্যান-সদস্যদের নাম, পদ ও দপ্তরের বিস্তারিত তথ্য। তিন, কমিটির বৈঠকের কার্যবিবরণী, চূড়ান্ত রিপোর্ট বা সুপারিশের কপি। চার, যন্তর মন্তরকে প্রতিবাদস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সংক্রান্ত সরকারি নথিপত্র, নির্দেশ, ফাইল সংক্রান্ত তথ্য।
জবাবে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ কেন্দ্রশাসিত অঞ্চলের ভারপ্রাপ্ত সেন্ট্রাল পাবলিক ইনফরমেশন অফিসার রবি কুমার চৌধুরী তথ্য জানার অধিকার আইনের ৮(১)(ক) ধারা উল্লেখ করেছেন। এক্ষেত্রে দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, নিরাপত্তা, কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলে কোনো নির্দিষ্ট তথ্য গোপন রাখা যায়। জবাবদিহির প্রয়োজন পড়ে না।
এর জেরেই একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছে। আরটিআই-র সঙ্গে যুক্ত সমাজকর্মীদের একাংশের বক্তব্য, প্রতিবাদস্থল নির্ধারণে দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যদের পরিচয় প্রকাশ বা সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য চাইলে, তা কীভাবে জাতীয় নিরাপত্তার বিষয় হতে পারে? এটাই সরকারের দৃষ্টিভঙ্গিকে স্পষ্ট করে দেয়। আসলে গণতন্ত্রকে দমন করতে ইচ্ছেখুশি জাতীয় নিরাপত্তাকে ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে।



