খেলাচ্ছলে
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রাজা ভট্টাচার্য: ‘তোমার গ্রামের নামটা ভারি সুন্দর তো!’ মৃগেন বললেন। 

Advertisement

‘জলবিন্দু? হ্যাঁ, সুন্দর নাম। তবে আমার খুব কিছু মনে নেই গ্রামের কথা।’ একটা চোরকাঁটা তুলে নিয়ে তার গোড়ার দিকটা চিবতে চিবতে বললেন অনাথ, ‘আমার যখন তিন বছর বয়স, তখন বাবা হঠাৎ করে মারা গেলেন। ভাই তখন মায়ের গর্ভে। ভুবনবাবুর পাঠশালে ক’দিন পড়লাম। তার কিছুদিন পরেই গাঁয়ে ঢুকল ম্যালেরিয়া। মা আমাদের নিয়ে চলে এল সুজাগঞ্জে। তারপর থেকে তো মেদিনীপুরেই।’ 
সন্ধে নামছে। মেদিনীপুর রীতিমতো জমজমাট শহর। তবে এইদিকটা এখনও তুলনায় ফাঁকা। কয়েকটা ভাঙাচোরা বাড়ি, ঝোপঝাড়, জঙ্গল। জোনাকি জ্বলছে সেখানে। ওঁরা বসে আছেন একটা মাঠের মধ্যে। অনাথবন্ধু পাঁজা আর মৃগেন্দ্রনাথ দত্ত। অনাথের বয়স সামনের অক্টোবর মাসে বাইশ হবে। মৃগেন ওঁর চাইতে আরও চার বছরের ছোটো। হঠাৎ করে দেখলে মনে হবে, দুই তরুণ নিছক আড্ডা দিতে এসেছেন এই পোড়ো জায়গাটায়। ঠিক তখনই কয়েকটা পায়ের শব্দ শোনা গেল। সোজা হয়ে বসলেন ওঁরা দু’জন, কিন্তু একবারও ফিরে তাকালেন না। দরকার নেই। এই পায়ের শব্দ ওঁদের চেনা। তাছাড়া হঠাৎ ঘাবড়ে গিয়ে ফিরে তাকালে অন্য কারও সন্দেহ হতে পারে। অবশ্য এখানে এই মুহূর্তে অন্য কাউকে দেখা যাচ্ছে না। 
‘ভালো খবর আছে।’ এই ঠান্ডা গলাটা যে ব্রজকিশোর চক্রবর্তীর, সেটা বলে দেওয়ার দরকার হয় না। উঠে দাঁড়ালেন অনাথ আর মৃগেন। আর সতর্কতার প্রয়োজন নেই। মৃগেন জিজ্ঞেস করলেন, ‘কী খবর? সাহেবের তো নাগালই পাচ্ছি না!’ 
‘নাগাল পাওয়া গিয়েছে। অন্তত সেই সূত্রটুকু পাওয়া গিয়েছে। বসে পড় সবাই। এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখলে...।’
বাকিটা ওঁরা জানে। পুলিশের চর ঘুরছে সর্বত্র। কাউকে বিশ্বাস নেই। পরপর দু’বছরে দু’জন জেলাশাসক মারা গিয়েছেন। অবস্থা নাকি এমন দাঁড়িয়েছে যে, মেদিনীপুরের জেলাশাসক হয়ে আসার জন্য যোগ্য ইংরেজ আধিকারিক খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে আসার সাহস নেই কারওর। অবশেষে ডাকসাইটে ববি বার্জ— বার্নার্ড এডওয়ার্ড জন বার্জ এসেছেন দায়িত্ব পালন করতে। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে রাখা হয়েছে তাঁকে। তাঁর নিজের পকেটে থাকে পিস্তল। নিরাপত্তার দায়িত্ব পালন করেন তাঁর স্ত্রী স্বয়ং। একটুকরো কাগজও তাঁর নজর ফাঁকি দিয়ে বার্জের কাছে পৌঁছতে পারে না। 
বিপ্লবীরা আসলে বার্জের মৃত্যুদণ্ড সেইদিনই ঘোষণা করে দিয়েছিলেন, যেদিন জানা যায়— ডগলাসের হত্যাকারী প্রদ্যোৎকুমার ভট্টাচার্যকে ফাঁসির মঞ্চে বেত দিয়ে আঘাত করেছিলেন এই বার্জ। কিন্তু সেই মৃত্যুদণ্ড কার্যকর করা এতদিন অসম্ভব বলেই মনে হচ্ছিল। এপ্রিলে একটা চেষ্টা হয়েছিল। সেটাও শেষ পর্যন্ত সফল হয়নি। এবার আবার কোমর বেঁধে কাজে নেমে পড়েছেন তাঁরা। দলনায়ক ব্রজকিশোর চক্রবর্তী। আছেন রামকৃষ্ণ রায়, মৃগেন্দ্রনাথ দত্ত, নির্মলজীবন ঘোষ। আর অনাথবন্ধু তো আছেনই। সম্প্রতি কলকাতায় গিয়ে পিস্তল চালানোর ট্রেনিং নিয়ে এসেছেন এঁরা সবাই।
নিঃশব্দে ঘাসের উপরে পা ছড়িয়ে বসলেন সবাই। যেন এবার দু’জনের বদলে পাঁচজন তরুণ মিলে গল্পগুজব করছেন। রামকৃষ্ণ আবার এক ঠোঙা চিনেবাদাম নিয়ে এসেছেন, যাতে গল্পগুজব করার দৃশ্যটা সম্পূর্ণ বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। সেইটে খেতে খেতেই মৃদুস্বরে কথা বলতে লাগলেন ওঁরা। 
‘মেমসাহেব বার্জের জন্য একেবারে লখিন্দরের লোহার বাসরঘর বানিয়ে রেখেছে। নাগাল পাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল এতদিন।’ তেতো গলায় বললেন অনাথ, ‘দেখা যাক, ব্রজ কোন খবর নিয়ে এল।’ 
অনাথের রোগা ছোটোখাটো চেহারাটা দেখলে ওঁকে আর যাইহোক, বিপ্লবী বলে ধারণাই করা যায় না। সাংঘাতিক অভাবী ঘরের ছেলে। ছোটোবেলায় বাপকে হারিয়ে আরও ভয়ানক অভাব সহ্য করতে হয়েছে তাঁকে। চেহারার মধ্যে সেই ছাপ স্থায়ী হয়ে গিয়েছে। পাট করে আঁচড়ানো চুল আর মুখের ছেলেমানুষি আদলের জন্য ওঁকে স্কুলের উঁচু ক্লাসের ভালো ছাত্র বলে মনে হয়। 
এই মুহূর্তে অবশ্য ওঁর কথা বলার ভঙ্গির মধ্যে ছেলেমানুষির বিন্দুমাত্র ছাপ নেই। গলা শুনলেই বোঝা যায়, বিন্দুমাত্র সুযোগ পেলে মেদিনীপুর তার ইতিহাস অক্ষুণ্ণ রাখবেন— অর্থাৎ গত দু’বছরের মতো এই বছরও এক অত্যাচারী ইংরেজ জেলাশাসকের রক্তে ভিজে যাবে এই জেলার পবিত্র মাটি। 
‘লখিন্দরের লোহার বাসরঘরেও একটা ছিদ্র ছিল অনাথ।’ আগের মতোই শীতল গলায় বললেন ব্রজকিশোর, ‘এক্ষেত্রেও একটা ছিদ্রের সন্ধান পেয়েছি আমরা।’ 
‘কীরকম? কীরকম?’ সাগ্রহে একটু এগিয়ে বসলেন অনাথবন্ধু। 
‘আগামী ২ সেপ্টেম্বর মেদিনীপুর পুলিশ গ্রাউন্ডে টাউন ক্লাবের হয়ে মাঠে নামবে বার্জ।’ 
‘ফুটবল খেলতে নিশ্চয়ই?’ জিজ্ঞাসা করলেন মৃগেন। বার্জের ফুটবল-প্রীতির কথা মেদিনীপুরে সবাই জানে। 
‘অবশ্যই! মহামেডান স্পোর্টিং আসছে শহরে। তার সঙ্গে খেলা হবে টাউন ক্লাবের। সেই খেলাতেই বার্জ নিজে খেলতে নামবে।’ 
‘সত্যিই সুসংবাদ! এর চাইতে ভালো সুযোগ আর পাওয়া যাবে না।’ হাতে হাত ঘষতে ঘষতে উত্তেজিত গলায় বললেন অনাথ। ‘তোমরা জানো, এই সাক্ষাৎ যমদূতটাকে যমের বাড়িতে পাঠিয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের উপর।’ গম্ভীরভাবে বলে চললেন ব্রজকিশোর,‘বেঙ্গল ভলেন্টিয়ার যা একবার ঠিক করে, তার আর নড়চড় নেই। কিন্তু মুশকিল আছে একটা।’
‘এর মধ্যে আবার মুশকিল কোথায়?’ মৃগেনের গলায় ফুটে ওঠা অধৈর্য ভঙ্গিটা কারওর কান এড়াল না।
কয়েক সেকেন্ড স্থির চোখে তাকিয়ে থেকে ব্রজ বললেন, ‘ফুটবল মাঠের ব্যাপার। অসংখ্য মানুষ থাকবে কিন্তু।’
‘তাতে কী হল? একটা গুলির শব্দ শুনলেই সব হুড়োহুড়ি করে পালাবে।’
‘সাধারণ দর্শকরা না হয় পালিয়ে গেল। বার্জের নিরাপত্তারক্ষীরা তো আর পালিয়ে যাবে না!’
‘হ্যাঁ, তাদের নাগাল এড়িয়ে বার্জের কাছাকাছি পৌঁছতে হবে বইকি!’ 
‘তুমি কথাটা বুঝতে পারছ না। অত লোকের মাঝখানে নিরাপত্তা-রক্ষীদের নাকের ডগায় বার্জকে গুলি করে পালানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। সোজা কথায়, এই কাজের দায়িত্ব যে নেবে, তার পক্ষে বেঁচে ফিরে আসা প্রায় অসম্ভব।’ 
কয়েক মুহূর্তের জন্য একটা অস্বস্তিকর নীরবতা নেমে এল পাঁচ বিপ্লবীর মাঝখানে। তারপর আস্তে আস্তে উঠে দাঁড়ালেন অনাথ। অসম্ভব নিরুত্তাপ গলায় বলে উঠলেন, ‘সেক্ষেত্রে এই দায়িত্ব পালন করব আমি একা। আমার বেঁচে থাকাটা অত গুরুত্বপূর্ণ নয়, যতটা গুরুত্বপূর্ণ বার্জের মৃত্যু।’ 
‘তুমি কি একা গুলি চালানোর ট্রেনিং নিয়েছিলে নাকি অনাথদা?’ দ্রুত অনাথের পাশে উঠে দাঁড়ালেন মৃগেন, ‘আমিও আছি তোমার সঙ্গে। ওই শয়তানটার আয়ু ফুরিয়েছে। আর সেই দায়িত্ব যতখানি তোমার, ততটাই আমারও।’ 
এইবার উঠে দাঁড়ালেন বাকি তিনজন। অভ্যস্ত শীতল গলায় ব্রজ বললেন, ‘আমরা প্রত্যেকেই থাকব মাঠে। তবে মূল অপারেশনের দায়িত্ব থাকবে তোমাদের দু’জনের উপর। অনাথ আর মৃগেন থাকবে সামনে। আমরা পিছন থেকে তোমাদের কভার করব। যদি পালানোর সুযোগ থাকে পালাব। নইলে...’ 
বাকি কথাটা আর বলার দরকার পড়ল না। 
২ সেপ্টেম্বর, ১৯৩৩।‌ 
মেদিনীপুর পুলিশ গ্রাউন্ড লোকে লোকারণ্য। একে তো কলকাতা থেকে মহামেডান স্পোর্টিং এসেছে খেলতে। তার উপর খেলা হবে টাউন ক্লাবের সঙ্গে। আর সেই ক্লাবের হয়ে খেলতে নামবেন স্বয়ং জেলাশাসক। দর্শকের ভিড়ে ভেঙে পড়ছে পুলিশ গ্রাউন্ড। সাংঘাতিক কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বার্জের ধারেকাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না কাউকেই। পুলিশের ঘেরাটোপ এড়িয়ে তাঁর কাছাকাছি পৌঁছনোর সাধ্য হবে না একটা মাছিরও। 
খেলা তখনও শুরু হয়নি। পুরোদস্তুর ফুটবলের জার্সি পরে মাঠের পাশে সামান্য ছুটোছুটি করে ওয়ার্ম-আপ করছিলেন বার্জ। এমন সময় একটা অদ্ভুত দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেল কয়েক হাজার দর্শক। 
যে অল্পবয়সি ছেলে দু’টি এতক্ষণ খেলা দেখার উত্তেজনায় লাফাচ্ছিল, তারাই হঠাৎ এক লাফ দিয়ে দর্শকদের ভেদ করে এসে পড়ল মাঠের কিনারায়। বিদ্যুতের বেগে ছুটে গেল তারা পুলিশের বেষ্টনীর মধ্যে দাঁড়িয়ে থাকা বার্জের দিকে। চমকে ওঠা পুলিশেরা ব্যাপারটা বুঝে ওঠার আগেই আচমকা পরপর গুলির শব্দে হতভম্ব হয়ে গেল সকলে। ওই বাচ্চা ছেলে দুটোই গুলি চালাচ্ছে নাকি? কী সর্বনাশ! ততক্ষণে আরও তিনটি ছেলে নেমে পড়েছে মাঠে। মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে উঠছে খেলার মাঠ। নিরাপত্তারক্ষীরা হতচকিত হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর ধোঁয়ায় ঢেকে গেছেন বার্জ। 
সেই ধোঁয়া কেটে যেতেই চোখে পড়ল এক ভয়ংকর দৃশ্য। জেলাশাসক ববি বার্জের রক্তাক্ত দেহ পড়ে আছে সবুজ ঘাসের উপর। পড়ে থাকার সেই ভঙ্গিমা দেখলেই বোঝা যায়, তাঁর দেহে প্রাণ নেই। 
কিন্তু তার চাইতেও ভয়ংকর ব্যাপার হল, রোগাপাতলা চেহারার এক তরুণ সেই মৃতদেহের বুকের উপর চড়ে বসে গলা টিপে ধরে আছেন। অত্যাচারী ইংরেজের মৃত্যু নিশ্চিত করা চাই। তারা যেন বুঝতে পারে— মেদিনীপুর বড়ো শক্ত ঠাঁই। এখানে ইংরেজদের স্থান নেই।
এতক্ষণে সংবিৎ ফিরে পেয়ে পালটা গুলি চালাতে শুরু করল পুলিশ। ‌প্রাণভয়ে পালাচ্ছে দর্শকেরা। তাদের মধ্যে মিশে গিয়ে অনায়াসে পালিয়ে যেতে পারতেন আততায়ীরা। কিন্তু তাঁরা পালানোর জন্য আসেননি। নিজেদের দায়িত্ব নিখুঁতভাবে পালন করা ছাড়া তাঁদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না। 
সেই দায়িত্ব যখন শেষ হল, তখন সেখানে শুধু বার্জের মৃতদেহই পড়ে রইল না, তার পাশে পড়ে রইল সেই ছেলেটিরও মরদেহ, যাঁর গুলি বার্জকে পরলোকে পাঠিয়েছে। 
পুলিশের গুলিতে সেদিন প্রাণ হারিয়েছিলেন অনাথবন্ধু পাঁজা। দুর্জয় ঘাঁটি মেদিনীপুরের আরও এক অমর শহীদ। মৃগেন্দ্রনাথ দত্তও মারাত্মক আহত অবস্থায় পড়েছিলেন সহযোদ্ধার পাশেই। পরদিন সকালে হাসপাতালে তাঁর মৃত্যু হল। মেদিনীপুরের আকাশে ফুটে উঠল আরও দু’টি অমর তারা।
খ্যাপা কুকুরের মতো হন্যে হয়ে এই দুই আততায়ীর সঙ্গীদের খুঁজতে শুরু করল পুলিশ। সব মিলিয়ে বারো রাউন্ড গুলি চালিয়েছিলেন বিপ্লবীরা। লক্ষ্যভেদ করেছিল আটটা বুলেট। শুধু এঁরা দু’জন নন, এর পেছনে আছে এক প্রকাণ্ড ষড়যন্ত্র। কারা সেই ষড়যন্ত্রের কুশীলব— তা না জানলেই নয়। 
একে একে পুলিশের জালে ধরা পড়লেন অন্য বিপ্লবীরাও। সব মিলিয়ে গ্রেপ্তার করা হল তেত্রিশজনকে। নির্মলজীবন ঘোষ, ব্রজকিশোর চক্রবর্তী ও রামকৃষ্ণ রায়ের প্রাণদণ্ড হল। নন্দদুলাল, কামাখ্যা ঘোষ, সুকুমার সেন ও সনাতন রায়ের হল যাবজ্জীবন দ্বীপান্তর। বাকিরা কেউ অন্য শাস্তি পেলেন, কেউ বা প্রমাণের অভাবে সে যাত্রায় ছাড়া পেয়ে গেলেন। এমন কত না বিপ্লবীর আত্মত্যাগে আজ স্বাধীন হয়েছি আমরা। ‌কিন্তু অনাথবন্ধু বা মৃগেন্দ্রনাথের নাম ভুলে গেলে যে চরম পাপ হবে— সে কথাটুকু আমাদের হৃদয়ে লেখা থাক আগুনের অক্ষরে।