শরৎচন্দ্রের পোষ্য
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সায়ন্তন মজুমদার: ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই কার্তিক-গণেশের নাম শুনেছ? না, মা দুর্গার দুই ছেলের কথা বলছি না। তোমাদেরই বয়সি রামলাল নামে একটি ছেলে পুকুরে দু’টি বিশাল রুই মাছ পুষে ওই নাম রেখেছিল। সেই কথা তোমাদের প্রিয় ‘রামের সুমতি’ গল্পে নিশ্চয়ই পড়ে থাকবে। গল্পটির লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। যিনি বাংলা সাহিত্যে ‘অমর কথাশিল্পী’ নামে পরিচিত। তিনিও পশুপাখি পুষতে ভালোবাসতেন। এবার তাঁর জন্ম সার্ধশতবর্ষ উদ্‌যাপন চলছে। আগামী কাল, ৩০ নভেম্বর পৃথিবীর বহু অঞ্চলে পালিত হবে ‘বিশ্ব পোষ্য দিবস’। এই সুযোগে আমরা জেনে নেব এই বিখ্যাত সাহিত্যিকের পোষ্যদের কথা।

Advertisement

‘লালু’ গল্পের স্রষ্টা শরৎচন্দ্রের প্রিয় কুকুরের নাম ছিল ভেলু। লেখার সময় সে তাঁর পায়ের কাছেই বসে থাকত। বাড়িতে কেউ এসে দরজার কড়া নাড়লেই ভীষণ চিৎকার করত। মালিক থামতে বললে তবে সে থামত। নামকরা পত্রিকার বিখ্যাত সম্পাদকদের প্রায় প্রত্যেককেই লেখা চাইতে গিয়ে ভেলুর তাড়া খেতে হয়েছিল। সাহিত্যিক জলধর সেন মাসে তিন-চারবার যাওয়ার ফলে পরিচিত হয়ে গিয়েছিলেন ঠিকই কিন্তু তবুও ভেলু তাঁকেও ছাড়ত না। বিরক্ত হয়েই হয়তো সাদাকালো মেশানো, গোলগাল ও লম্বা চেহারার কুকুরটিকে তিনি ‘কদাকার’ লিখেছিলেন।
ব্রহ্মদেশের (মায়ানমার) রেঙ্গুনে থাকাকালীন আট টাকার বিনিময়ে শরৎচন্দ্র ছোট্টো ভেলুকে কিনেছিলেন। আর্থিক দুরবস্থার মধ্যেও সারমেয়টিকে কেনার পরের দিনই হঠাৎ প্রাপ্য দুশো টাকা পেয়েছিলেন তিনি। তাই ভেলুকে তিনি সৌভাগ্যের বাহক বলে ভাবতেন। সন্তানের মতোই  ভালোবাসতেন। এমনকি একবার ছয় মাসের ছুটিতে কলকাতায় এলে ভেলুকেও সঙ্গে করে নিয়ে এসেছিলেন। আবার কাশীতেও নিয়ে গিয়েছিলেন পোষ্যটিকে। ভেলু শরৎচন্দ্রের কী কী লেখা নষ্ট করে দিয়েছে, তা অন্যদের কাছে মজা করে গল্প করতেন তিনি।
১৯২৫ সালে সেই ভেলু অসুস্থ হয়ে পড়ে। শরৎচন্দ্র তাকে বেলগাছিয়া পশু হাসপাতালে দেখাতে নিয়ে যেতেন। যেদিন রাতে থাকার সুযোগ পেতেন, গোটা রাত ভেলুর খাঁচার পাশে বসে থাকতেন। মারা যাওয়ার আগের রাতে জোর করে ওষুধ খাওয়াতে গেলে শরৎচন্দ্রকে কামড়ে দেয় সে। কামড়ানোর পর গোটা রাত লেখকের গলার কাছে মুখ রেখে কেঁদেছিল ভেলু। তার কামড় প্রসঙ্গে শরৎবাবুর মনে পড়েছিল রবীন্দ্রনাথের গানের কলি, ‘তোমার প্রেমে আঘাত আছে নাইকো অবহেলা।’
পরদিন ২৩ এপ্রিল, বৃহস্পতিবার। সকাল ছ’টায় ভেলুর কান্না চিরদিনের জন্য থেমে গেল। শরৎবাবু সেদিন আর নিজেকে ধরে রাখতে পারেননি। নিজেকে রাজা ভরতের মতো মনে হয়েছিল তাঁর। রাজা ভরত কে ছিলেন তোমরা নিশ্চয়ই জানো? কেননা তাঁর নামেই আমাদের দেশের নাম হয়েছে ভারতবর্ষ। শেষ বয়সে বনবাসে গিয়ে পোষা হরিণশিশুর মায়ায় জড়িয়ে গিয়ে আর মুক্তি পাননি। ভেলুকে হারিয়ে শরৎচন্দ্র বলেছিলেন, ‘আমার ২৪ ঘণ্টার সঙ্গী আর নেই। সংসারে এত বড়ো ব্যথার ব্যাপারও আছে, এ আমি ঠিক বুঝতাম না।’ হাওড়ার বাজে শিবপুরের বাড়িতে ভেলুকে সমাধি দিয়েছিলেন। তার জন্য রাখা ছোটো তাকিয়া দেখে খুব কষ্ট পেতেন। এদিকে ভেলুর কামড় খেয়ে আটাশটা ইঞ্জেকশন নিতে হয়েছিল লেখককে।
রেঙ্গুনে শুধুমাত্র ভেলু নয়, মালয় উপদ্বীপের টিয়া জাতীয় নুরিপাখিও পুষেছিলেন শরৎচন্দ্র। নাম দিয়েছিলেন বাটুবাবা। লাল রঙের, সবুজ পাখার পাখিটা বাড়িতে কেউ এলেই ‘এসো এসো’ বলে অভ্যর্থনা জানাত। শরৎচন্দ্র তাকে পেস্তা, বাদাম, আঙুর, কিশমিশ, আনারসের কুচি খেতে দিতেন। এক দুপুরবেলায় লেখকের বাড়িতে চোর এসেছিল। বাটু চিৎকার করে সকলকে জাগিয়ে দেওয়ায় চোর পালিয়ে যায় এবং জিনিসপত্র রক্ষা পায়। ভেলুর মতো রেঙ্গুন থেকে বাটুকেও তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন বাজে শিবপুরে। বাড়ির পেয়ারা গাছের প্রথম পাকা পেয়ারা বাড়ির লোক নয়, শরৎচন্দ্রের আদেশে সবার আগে খেত বাটু। সে মারা গিয়েছিল ১৯৩২ সালে দেউলটির কাছে সামতাবেড়ের বাড়িতে। রাত পৌনে এগারোটায় মৃত্যু হয় বাটুর। সেখানেই বাটুকে সমাধি দিয়েছিলেন তিনি। ভরা ফাল্গুনের এই মৃত্যু শরৎচন্দ্রকে নাড়িয়ে দিয়েছিল। একটি কাগজে তিনি লিখেছিলেন, ‘বন্ধন থেকে সে নিজেই শুধু মুক্তি পেল না। আমাকেও একটা মস্ত মুক্তি দিয়ে গেল।’
এছাড়াও সামতাবেড়ের বাড়িতে তিনি হলদে ঝুঁটির সাদা কাকাতুয়া ও জোড়া ময়ূর পুষেছিলেন। মৃত্যুর কয়েক দিন আগে কলকাতার বাড়িতে থাকাকালীন কিনেছিলেন ময়ূর। শরৎচন্দ্র ছোটোবেলা থেকেই অনেক পশুপাখি এমনকি বেজিও পুষতেন। বেজিটি তাঁকে একবার সাপেকাটা থেকে বাঁচিয়েছিল। কিন্তু জীবনের তেরোটা বছরের সঙ্গী ভেলুই তাঁর সবচেয়ে প্রিয় পোষ্য ছিল। ভেলুর মৃত্যুর পরে বেশি দিন তিনি বাজে শিবপুরের বাড়িতে থাকেননি। চলে গিয়েছিলেন সামতাবেড়েতে। সেখানে গিয়ে পুষেছিলেন আরও একটি কুকুর। নাম ছিল তার বাঘা। সেটা ছিল লাল রঙের বেশ বড়োসড়ো দেশি কুকুর। একদিন পাশের গ্রামে গিয়ে এক পাগলা শিয়ালের কামড় খাওয়ার ফলে সে মারা যায়। শরৎচন্দ্র তারও চিকিৎসা করিয়েছিলেন।
একদিন রাস্তায় বেরিয়েছিলেন তিনি। কয়েকজন লোক একটি পাঁঠাকে মেরে খাওয়ার পরিকল্পনা করছিল। হঠাৎ মনটা তাঁর দয়ায় ভরে ওঠে। গেরুয়া রঙের সেই পাঁঠাটিকে কিনে বাড়িতে নিয়ে আসেন। ১৯৩৩ সালে সেটি মারা যায়। পশুহত্যা তিনি পছন্দ করতেন না। একবার অসুস্থ শরৎচন্দ্রের সুস্থতার জন্য জোড়া পাঁঠা মানত করা হয়েছিল। সুস্থ হওয়ার পরে তিনি পাঁঠাবলি না দিয়ে দুটো পাঁঠার দাম কালীমন্দিরে পাঠিয়ে দেন। তোমাদের নিশ্চয়ই মনে পড়বে, গল্পের লালু কীভাবে চালাকি করে জমিদারবাড়ির কালীপুজোর বলি চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছিল। পোষা অবলা জীবজন্তুদের জন্য এমনই দয়ামায়া ছিল বাংলার অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের।