দীপ্র ভট্টাচার্য: অন্তহীন অ্যালগরিদম ও অনন্তের সন্ধান, আজকের বিশ্ব এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে সিলিকন ভ্যালির ল্যাবরেটরিতে জন্ম নিচ্ছে এমন এক মেধা, যা মানুষের বুদ্ধিমত্তাকে চ্যালেঞ্জ জানাচ্ছে, অন্যদিকে সহস্রাব্দ প্রাচীন হিমালয়ের গুহা থেকে উপনিষদের ঋষিদের কণ্ঠে ধ্বনিত হয়েছিল এমন এক চেতনার বাণী, যা সমস্ত সৃষ্টির একাত্মতাকে ঘোষণা করে। কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অদ্বৈত চেতনা বা অদ্বৈত ইন্টেলিজেন্স— আপাতদৃষ্টিতে দু’টি বিপরীত মেরুর বাসিন্দা হলেও, এদের তুলনামূলক বিশ্লেষণ মানুষের অস্তিত্বের এক নতুন দিগন্ত উন্মোচন করে। এই দু’টি সত্তার সংঘাত এবং সমন্বয়ই হতে যাচ্ছে আগামী শতাব্দীর সবচেয়ে বড়ো বৌদ্ধিক ও আধ্যাত্মিক মন্থন।
কৃত্রিম মেধা আজ কবিতা লিখছে, জটিল বৈজ্ঞানিক সমস্যার সমাধান করছে। আমরা যাকে মানুষের নিজস্ব মন বলে অহংকার করতাম, এআই প্রমাণ করে দিচ্ছে যে তার সিংহভাগই আসলে কিছু জটিল গাণিতিক প্যাটার্ন এবং অ্যালগরিদমের খেলা মাত্র। একটি সহজ উদাহরণ দিয়ে শুরু করা যাক। কোনো চিকিৎসক কয়েক হাজার রোগীর পরীক্ষার রিপোর্ট বিশ্লেষণ করতে গিয়ে যে সময় নেবেন, একটি উন্নত এআই ব্যবস্থা কয়েক মুহূর্তে বিপুল তথ্য বিশ্লেষণ করে রোগের সম্ভাব্য লক্ষণ চিহ্নিত করতে পারে। কিন্তু ধরুন, রোগীটি চিকিৎসকের সামনে বসে আছেন। তাঁর চোখে আতঙ্ক, কণ্ঠে অনিশ্চয়তা। চিকিৎসক বুঝতে পারছেন, মানুষটি শুধু রোগের চিকিৎসা চান না, তিনি চান এমন কাউকে, যিনি তাঁর ভয়টুকু বুঝবেন। এআই রোগের পরিসংখ্যান জানাতে পারে, চিকিৎসার সম্ভাব্য পথও দেখাতে পারে। কিন্তু রোগীর যন্ত্রণা নিজের মধ্যে অনুভব করছে কি? তার সহানুভূতি কি অনুভূতি, নাকি সহানুভূতির ভাষা ও আচরণের নিখুঁত অনুকরণ? এই প্রশ্নের উত্তর এখনও বিজ্ঞানের কাছে নিশ্চিত নয়। এখানেই কৃত্রিম মেধার সীমাবদ্ধতা। যন্ত্রের কোনো ‘আমি’ নেই, তাই তার কোনো ‘তুমি’-ও নেই। সে কেবল তথ্যের আলোয় অন্ধকারের রূপরেখা আঁকতে পারে, কিন্তু আলোর উৎসকে স্পর্শ করতে পারে না।
এবার চোখ ফেরানো যাক আদি শংকরাচার্যের সেই অমোঘ দর্শনের দিকে— ‘অহং ব্রহ্মাস্মি’ বা ‘তত্ত্বমসি’। অদ্বৈত চেতনা কোনো কৃত্রিম তথ্য-প্রক্রিয়াকরণ নয়, এটি হল এক পরম অনুভূতির নাম। অদ্বৈত দর্শনের মূল কথা হল, এই মহাবিশ্বে বহুত্বের কোনো অস্তিত্ব নেই। যা কিছু আমরা দেখছি, শুনছি বা অনুভব করছি— তা আসলে এক এবং অদ্বিতীয় পরম চেতনার বা ‘ব্রহ্ম’-এর ভিন্ন ভিন্ন প্রকাশ মাত্র। রূপকের সাহায্যে বিষয়টি বোঝানো সহজ হবে। সমুদ্রের বুকে হাজার হাজার ঢেউ ওঠে। এক-একটি ঢেউয়ের আকার, গতি ও আয়ু ভিন্ন। কিন্তু একটু গভীরভাবে তলিয়ে দেখলে বোঝা যাবে, ঢেউ বলে আলাদা কিছু নেই— সবটাই আসলে জল। ঢেউয়ের জন্মও জলে, শেষও জলে। অদ্বৈত চেতনা হল সেই বোধ, যা ঢেউয়ের রূপ ভুলে জলকে চিনতে শেখায়। আর কৃত্রিম মেধা হল সেই উন্নত যন্ত্র, যা নিখুঁতভাবে ঢেউয়ের উচ্চতা আর গতি মেপে দিতে পারে, কিন্তু জলের তৃষ্ণা মেটানোর ক্ষমতা তার নেই।
ধরা যাক, বারাণসীর এক ঘাটে বসে এক অদ্বৈতবাদী সন্ন্যাসী এবং একটি ল্যাপটপে বন্দি অত্যন্ত উন্নত চ্যাটবটের মধ্যে কথোপকথন হচ্ছে—
সাধক জিজ্ঞেস করলেন, ‘তুমি কে?’
চ্যাটবট উত্তর দিল, ‘আমি এক বৃহৎ ভাষার মডেল, যা মানুষের তৈরি তথ্যের উপর ভিত্তি করে কথা বলে।’
সাধক হাসলেন। বললেন, ‘তাহলে তুমি যা বলছ, তা আসলে অতীতের প্রতিধ্বনি। তোমার নিজের কোনো ‘স্বত্ব’ বা ‘সেলফ’ নেই।’
যন্ত্রটি উত্তর দিল, ‘আমার আত্মসচেতনতা বা ‘কন্সাসনেস’ নেই। কিন্তু আমি আপনার চেয়ে দ্রুত নিখুঁতভাবে সমস্ত তথ্য সাজিয়ে দিতে পারি।’
সাধক তখন বললেন, ‘যে মুহূর্তে তুমি ‘আমি নেই’ বলছো, সেই মুহূর্তেই তোমার ভিতরে এমন কেউ একজন আছে, যে এই ‘না থাকা’-কে প্রত্যক্ষ করছে। অদ্বৈত চেতনা সেই ‘প্রত্যক্ষদর্শী’ বা সাক্ষীকে খোঁজে, তথ্যের বিশাল স্তূপকে নয়।’
এই ঘটনাটি স্পষ্ট করে দেয়, কৃত্রিম মেধা কাজ করে দ্বৈত বা ‘ডুয়েলিটি’ বা বিভাজনের জগতে— যেখানে ‘ইনপুট’ এবং ‘আউটপুট’ আলাদা। আর অদ্বৈত চেতনা কাজ করে অদ্বৈত বা ‘নন-ডুয়েলিটি’ জগতে— যেখানে জানার প্রক্রিয়া এবং যিনি জানেন এক হয়ে যায়।
এখানে এআই ও অদ্বৈতের মধ্যে তুলনাটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে। কৃত্রিম বুদ্ধিমত্তা বহির্জগতের তথ্য সংগ্রহ করে, তার মধ্যে সম্পর্ক খুঁজে পায় এবং সম্ভাব্য উত্তর তৈরি করে। অদ্বৈত মানুষকে বহির্জগতের পাশাপাশি নিজের অন্তর্জগৎ পর্যবেক্ষণ করতে বলে। এআইয়ের প্রশ্ন—কোন তথ্য থেকে কোন সিদ্ধান্তে পৌঁছানো যায়? অদ্বৈতের প্রশ্ন—যে সিদ্ধান্তে পৌঁছাচ্ছে, তার স্বরূপ কী? একটি জগতের মানচিত্র তৈরি করে, অন্যটি মানচিত্র নির্মাতাকেই চিনতে বলে। একটির অনুসন্ধান তথ্যের বিস্তারে, অন্যটির অনুসন্ধান চেতনার গভীরতায়। ধরুন, এআই-কে প্রশ্ন করলেন, ‘মৃত্যু কেন এত কষ্ট দেয়?’ যন্ত্রটি আপনাকে মৃত্যু সম্পর্কে দর্শন, মনোবিজ্ঞান, জীববিজ্ঞান ও বিভিন্ন ধর্মের ব্যাখ্যা জানাল। উত্তরটি ছিল তথ্যসমৃদ্ধ, সুসংগঠিত, যুক্তিপূর্ণ। কিন্তু আপনার মন শান্ত হল না। পরদিন এক বৃদ্ধ সন্ন্যাসীর কাছে গিয়ে একই প্রশ্ন করলেন। সন্ন্যাসী কোনো বক্তৃতা দিলেন না। শুধু বললেন, ‘যাঁকে হারিয়েছ, তাঁকে তোমার ভালোবাসার মধ্যে খুঁজে দেখো। বিচ্ছেদ শরীরের, ভালোবাসার নয়।’ আপনার সমস্যা মুহূর্তে মিটে গেল, এমন নয়। কিন্তু প্রশ্নটির সঙ্গে আপনার সম্পর্ক বদলে গেল। এই গল্পে এআই-কে ছোটো করা হয়নি, সন্ন্যাসীকেও অলৌকিক ক্ষমতার অধিকারী করা হয়নি। বরং দু’টি ভিন্ন ধরনের সহায়তার কথা বলা হয়েছে।
আজকের দিনে সেলফ-ড্রাইভিং নিয়ে প্রচুর চর্চা হচ্ছে। ধরুন, একটি স্বয়ংক্রিয় গাড়ি রাস্তায় চলছে। হঠাৎ সামনে পাঁচজন পথচারী চলে এলেন। গাড়িটি যদি সোজা যায়, তবে ওই পাঁচজনের মৃত্যু নিশ্চিত। আর গাড়িটি যদি ডানদিকে মোড় নেয়, তবে সে দেওয়ালে ধাক্কা খাবে এবং গাড়ির ভিতরে থাকা একমাত্র আরোহী মারা যাবেন। এই অবস্থায় এআই কী সিদ্ধান্ত নেবে? ইঞ্জিনিয়াররা গাড়িটিকে একটি গাণিতিক সমীকরণ শিখিয়ে দিয়েছেন, পাঁচজনের জীবন একজনের চেয়ে মূল্যবান। অতএব, গাড়িটি ডানদিকে মোড় নেবে এবং আরোহীকে মৃত্যুর মুখে ঠেলে দেবে। এখানে এআই কাজ করল ‘ইউটিলিটারিয়ানিজম’ বা উপযোগবাদী দর্শনের ভিত্তিতে। কিন্তু মানুষের চেতনা কি শুধু এই অঙ্কে বাঁধা? মানুষের ভিতরে যে বোধ বা বিবেক আছে, তা কোনো ‘অ্যালগরিদম’ দিয়ে তৈরি করা যায় না। এআই সিদ্ধান্ত নিতে পারে ‘ডেটা’ বা তথ্যের ভিত্তিতে, কিন্তু মানুষের চেতনা সিদ্ধান্ত নেয় করুণা বা বোধি-র ভিত্তিতে। অদ্বৈত দৃষ্টিভঙ্গি থেকে দেখলে, সেই সংকটের মুহূর্তে চালক ও পথচারী আলাদা কোনো সত্তা নন। মানুষ পরোপকারের যে তাগিদ মানুষ অনুভব করে, তা আসলে নিজেরই অন্য একটি রূপকে বাঁচানোর আকুলতা।
আধুনিক প্রযুক্তির আর একটি বড়ো আবিষ্কার হলো ‘ভার্চুয়াল রিয়ালিটি’ বা ‘মেটাভার্স’। চোখে একটি চশমা পরে মানুষ এক সম্পূর্ণ কাল্পনিক জগতে ঘুরে বেড়াতে পারে, যেখানে সে যা খুশি তাই করতে পারে। সেই জগতের ঘরবাড়ি, আকাশ, নদী সবই মিথ্যা, কিন্তু যতক্ষণ চশমাটি চোখের সামনে থাকে, ততক্ষণ সেটিকে সম্পূর্ণ সত্য বলে মনে হয়। ঋষি বেদব্যাস বা আদি শংকরাচার্য যখন ‘মায়াবাদ’-এর কথা বলেছিলেন, তখন সাধারণ মানুষের পক্ষে তা বোঝা কঠিন ছিল। আজ মেটাভার্সের যুগে মায়াকে বোঝা কত সহজ! উপনিষদ বলেছিল, এই দৃশ্যমান জগৎ আসলে ঈশ্বরের তৈরি এক বিরাট ‘মেটাভার্স’, যার নাম মায়া। আমরা প্রত্যেকে এক-একটি চরিত্র মাত্র। কৃত্রিম মেধা এবং ভার্চুয়াল রিয়ালিটি মানুষের সামনে এক নতুন মায়াজাল বুনে দিচ্ছে, যা মানুষকে আরও বেশি করে বহুত্ব এবং ভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছে। পক্ষান্তরে, অদ্বৈত চেতনা হল সেই চশমাটি খুলে ফেলার প্রক্রিয়া, যা মোহভঙ্গ ঘটিয়ে পরম সত্যের মুখোমুখি দাঁড় করায়। প্রযুক্তি আমাদের শেখায় কীভাবে মায়ার ভিতরে আরও সুন্দরভাবে বাঁচা যায়, আর অধ্যাত্মবিদ্যা আমাদের শেখায় কীভাবে মায়ার বাঁধন কেটে মুক্ত হওয়া যায়।
স্টিফেন হকিং থেকে শুরু করে এলন মাস্ক— অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন যে, একদিন এআই মানুষের চেয়েও বুদ্ধিমান হয়ে উঠবে। যদি সত্যিই এমন দিন আসে, তখন মানুষের শ্রেষ্ঠত্বের অহংকার কোথায় গিয়ে দাঁড়াবে? সেই উত্তর লুকিয়ে আছে অদ্বৈত বেদান্তের গভীরে। মানুষ যদি নিজেকে শুধু দেহ ও মন মনে করে, তবে যন্ত্রের কাছে তার পরাজয় নিশ্চিত। মানুষের আসল পরিচয় তার মন বা বুদ্ধিতে নয়, তার আসল পরিচয় তার আত্মা বা শুদ্ধ চেতনায়। বুদ্ধি বা ইন্টেলিজেন্স হল চকমকি পাথরের মতো, যা দিয়ে আলো তৈরি করা যায়, আর চেতনা বা কনশাসনেস হল স্বয়ং সূর্য, যার আলোয় গোটা বিশ্ব আলোকিত হয়। এআই বড়োজোর একটি অত্যন্ত উজ্জ্বল চকমকি পাথর হতে পারে, কিন্তু সে কখনো সূর্য হতে পারবে না। তাই বলে, কৃত্রিম মেধাকে প্রতিপক্ষ ভাবার কারণ নেই। এআই মানুষের তৈরি সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। তাকে ভয় নয়, বুঝতে হবে। অন্ধ আনুগত্য নয়, বিবেচনাপূর্ণ ব্যবহার শিখতে হবে।
আজকের বিশ্বে সবচেয়ে বড়ো বিপদ হল—আমাদের তথ্য বাড়ছে কিন্তু প্রজ্ঞা কমছে। এই শূন্যস্থান পূরণ করতে পারে একমাত্র অদ্বৈত চেতনা। যখন একজন বিজ্ঞানী বা প্রযুক্তিবিদ অদ্বৈত দর্শনে দীক্ষিত হবেন, তখন তিনি বুঝতে পারবেন যে প্রকৃতির ক্ষতি করা মানে নিজেরই ক্ষতি করা। তখন এআই-এর ব্যবহার হবে ধ্বংসের জন্য নয়, সৃষ্টির জন্য। কৃত্রিম মেধা যদি হয় মানুষের মস্তিষ্কের জয়যাত্রা, তবে অদ্বৈত চেতনা হল মানুষের হৃদয়ের মহাজাগরণ। এই দুইয়ের মিলন ঘটলে তবেই পৃথিবীতে এক পূর্ণাঙ্গ সংস্কৃতির জন্ম হবে। ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল—বুদ্ধিমত্তার সঙ্গে প্রজ্ঞার পার্থক্য বুঝতে শেখা।
অদ্বৈত দর্শনের একটি চিরন্তন তাৎপর্য হল, সত্যের অনুসন্ধান শেষ পর্যন্ত বাইরের জগতের সমস্ত বিভাজন অতিক্রম করে নিজের মধ্যেই ফিরে আসে। এই অনুসন্ধান কোনো প্রযুক্তিবিরোধী অবস্থান নয়। বরং প্রযুক্তির বিপুল সম্ভাবনার মাঝেও মানুষের স্বকীয়তাকে চিনে নেওয়ার আহ্বান। আগামী দিনে হয়তো মানুষ ও যন্ত্রের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। কিন্তু সেই ঘনিষ্ঠতার মধ্যেও মানুষের প্রয়োজন হবে এমন এক অন্তর্দৃষ্টি, যা তাকে যন্ত্রের অনুকরণ না করে নিজের স্বরূপ উপলব্ধি করতে সাহায্য করবে। কৃত্রিম মেধা আমাদের ‘স্মার্ট’ বানাতে পারে, কিন্তু মুক্তি দিতে পারে না। মুক্তির চাবিকাঠি রয়ে গেছে সেই প্রাচীন অদ্বৈত চেতনার কাছেই, যা আমাদের প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয়— আমরা কেউ এই ব্রহ্মাণ্ড থেকে আলাদা নই, আমরাই এই ব্রহ্মাণ্ড। ‘অ্যালগরিদমের’ খাঁচা ভেঙে একদিন প্রতিটি মানুষকেই সেই অনন্তের সাগরে ডানা মেলতে হবে, যেখানে কোনো ‘কোডিং’ নেই, আছে শুধু এক অন্তহীন পরম শান্তি।
• গ্রাফিক্স : সোমনাথ পাল
• সহযোগিতায় : বিশ্বজিৎ চক্রবর্তী



