ছাঁকনির কাজ জল ছেঁকে নেওয়া, জল আটকানো নয়! কিন্তু জল যদি ভুলে আটকে যায়, তাহলে কেমন হয়?
একটি শক্ত কার্ডবোর্ড নাও এবং একটি পাত্র জলপূর্ণ কর। এখন পাত্রটির মুখে কার্ডবোর্ডটি শক্ত করে ধর এবং পাত্রটি উলটে দাও। কী হবে? তোমরা যারা কমবেশি পরীক্ষানিরীক্ষা করতে ভালোবাসো প্রত্যেকেই জানো জল পড়বে না। তার কারণ কী? যেহেতু পাত্রের মধ্যে বায়ু প্রবেশ করতে পারবে না এবং পাত্রটির ভেতরে থাকা বায়ুও বাইরে বেরতে পারবে না তাই বায়ুর চাপের কারণে কাগজ এবং জল কেউই পড়বে না । কিন্তু যদি এমনটা হয়, তোমরা কার্ডবোর্ড সরিয়ে নিলে তবুও জল পড়ল না! কীভাবে? তার জন্য একটি ছাঁকনি জোগাড় কর। হ্যাঁ, ঠিকই শুনেছ। যে ছাঁকনি জল ছাঁকতে ব্যবহার করা হয়, আজ সেই ছাঁকনির সাহায্যেই আমরা জলকে আটকাব। প্রথমে পাত্রটির মুখে ছাঁকনিটি শক্ত করে সুতোর সাহায্যে এঁটে দাও। (ছবি মাফিক)
এখন পাত্রটি আবার জলপূর্ণ কর, তার ওপরে আগের মতো আবার শক্ত কার্ডবোর্ড দাও। এখন পাত্রটি কার্ডবোর্ড সমেত উলটে দাও। এবার কার্ডবোর্ডটি সরিয়ে ফেল।
মজার ব্যাপার এই যে ছাঁকনিতে অসংখ্য ছিদ্র থাকা সত্ত্বেও জল পড়বে না। তার কারণ জলের মধ্যে থাকা প্রত্যেকটি কণা একে অপরের সঙ্গে শক্তভাবে আটকে থাকতে চায়। তারা জলের ওপরের তলে একটা আস্তরণ তৈরি করে। যাকে আমরা বলি পৃষ্ঠটান। এছাড়াও ভেতরের বায়ু জলটিকে নীচে পড়তে বাধা দেয়। আসলে জলের অণুগুলি ছাঁকনির সঙ্গে পৃষ্ঠটানের একটি পর্দা তৈরি করে। এর ফলে ছাঁকনিতে অসংখ্য ছিদ্র থাকা সত্ত্বেও জল পড়ে না।
বায়ুমণ্ডলীয় চাপ এবং জলের ওপরের তলে তৈরি হওয়া পৃষ্ঠটান এই উভয়ের কারণেই জল ছাঁকনি থাকা সত্ত্বেও পড়ে না।



