নতুন ক্লাসের নতুন বই
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আলাদা অনুভূতি
আমাদের জীবনের আনন্দময় দিনগুলির অন্যতম নতুন ক্লাসের প্রথম দিনটি। নতুন ক্লাসে ওঠার অনুভূতিই আলাদা। নতুন ক্লাসে নতুন কিছু শেখার রোমাঞ্চ থাকে। আর সেই রোমাঞ্চ শতগুণ বেড়ে যায় নতুন বই হাতে পেলে। আমাদের মনে যেন উত্তেজনা দোলা দিয়ে যায়। আমার এবার দশম শ্রেণি হবে। থাকবে মাধ্যমিক পরীক্ষার চাপ। তবুও নতুন বইয়ের ঝকঝকে পাতা, চেনা-অচেনা ছবি আমার মনকে কোন সুদূরে উড়িয়ে নিয়ে যাবে। সবশেষে এটুকুই বলব, নতুন ক্লাসে নতুন বই শুধু কাগজের কিছু পাতা নয়, এগুলি জীবনের পথে এগিয়ে যাওয়ার মন্ত্র। নতুন বইয়ের সুবাস শিক্ষার্থীকে নতুন প্রেরণা জোগায়।
— অঙ্কিতা সাঁতরা, নবম শ্রেণি

Advertisement

অনাবিল আনন্দ
নতুন ক্লাসের নতুন বই— এই ভাবনাটাই আমার মনকে এক অনাবিল আনন্দে ভরিয়ে তোলে। বার্ষিক পরীক্ষা শেষ মানেই ছুটির আনন্দ। নেই স্কুল যাওয়ার তাড়াহুড়ো, নেই বাঁধা নিয়ম মেনে পড়তে বসা। যেন প্রাত্যহিকতার বন্ধন মুক্তি। তারপরই দুরু দুরু বুকে স্কুলে যাওয়া। বার্ষিক পরীক্ষার ফলাফল। জন্মদিনে যেমন এক বছর বয়স বেড়ে যায়। তেমনই অ্যানুয়ালের রেজাল্ট বেরলেই স্কুলে এক ক্লাস সিনিয়র। বাবা যখন বুক লিস্ট মিলিয়ে নতুন বই-খাতা কিনে আনেন, মন আনন্দে ভরে ওঠে। বাবা নিজের হাতে নতুন বই-খাতা মলাট করে দেন। নতুন বই হাতে নিয়ে প্রতি বছরই প্রতিজ্ঞা করি, আরও মন দিয়ে লেখাপড়া করব। নতুন বই আমাকে আরও বড়ো হওয়ার স্বপ্ন দেখায়। তাই নতুন বই আমার প্রিয়।
—তৃষা বাগ, সপ্তম শ্রেণি

জ্ঞানার্জনের নব দিগন্ত
মানুষকে মানুষ হয়ে উঠতে হয়। আর মানুষ হয়ে ওঠার পথে অন্যতম সোপান শিক্ষা। শিক্ষার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে নতুন শ্রেণি আর নতুন বই। নতুন শ্রেণি শিক্ষার্থীদের জীবনে সম্ভাবনার দ্বার উন্মোচন করে। নতুন পাঠ্যপুস্তকের আগমন তাদের হৃদয়ে সঞ্চারিত করে অনির্বচনীয় আনন্দ, উৎসাহ ও উদ্দীপনা। বই কেবল মুদ্রিত অক্ষরের সমষ্টি নয়, বরং জ্ঞান, প্রজ্ঞা ও মননশীলতার এক অমূল্য আধার। প্রতিটি অধ্যায়ে নিহিত থাকে অজানাকে জানার আকাঙ্ক্ষা, অনুসন্ধিৎসা এবং বৌদ্ধিক উৎকর্ষ সাধনের অফুরন্ত সম্ভাবনা। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান ও সাহিত্যের বিষয়বস্তু শিক্ষার্থীদের চিন্তার জগৎকে সমৃদ্ধ করে। তবে, বইয়ের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে যথাযথ অধ্যয়ন, অনুধাবন ও বাস্তব প্রয়োগে। নতুন বই হোক অন্ধকার দূরীকরণের আলোকবর্তিকা এবং ভবিষ্যৎ নির্মাণের দৃঢ় প্রত্যয়।
—আয়েসা খাতুন, একাদশ শ্রেণি

মনে অজস্র প্রশ্ন
নতুন ক্লাসের প্রথম দিন। ব্যাগে নতুন বই। মনে অজস্র প্রশ্ন। প্রচ্ছদপৃষ্ঠা ওলটাতেই মনে হল কত অজানা পৃথিবী অপেক্ষা করছে আমার জন্য! নতুন পাতার গন্ধে যেন মিশে আছে আগামী দিনের স্বপ্ন। বিগত ক্লাসের শেষ ঘণ্টা পেরিয়ে আজ আমি দাঁড়িয়ে এক নতুন শুরুর সামনে। নতুন বইয়ের প্রতিটি পাতা যেন নীরবে বলে ওঠে, ‘তোমার জানার এখনও অনেক বাকি, তোমার এগিয়ে যাওয়ার পথ অনেকটাই বাকি।’ আমার কাছে নতুন বই মানে শুধু নতুন পাঠ নয়, নিজের অজানাকে চিনে নেওয়ার আনন্দ। আজ যে পাতায় লিখছি প্রথম অক্ষর, একদিন সেই পাতাগুলোই হয়ে উঠবে আমার বড়ো হয়ে ওঠার গল্প।
—সাহানা খাতুন, দ্বাদশ শ্রেণি

সুখ-দুঃখের সাথি
‘জ্ঞান ভাণ্ডারের চাবিকাঠি সে তো বই, / সুখে-দুঃখে জীবনের সাথি আর আছে কই?’ নতুন ক্লাস মানে নতুন সকাল। আর হাতে একগুচ্ছ নতুন বই মানে অজানাকে জানার এক নতুন অভিযানে পা রাখা। নতুন বইয়ের পাতায় পাতায় মিশে থাকে ছাপার কালির স্নিগ্ধ সুবাস। আর প্রতি মলাটের আড়ালে ঘুমিয়ে থাকে অগণিত সম্ভাবনার গল্প। ফেলে আসা শ্রেণির স্মৃতি, পরিচিত মুখ আর পুরানো দিনের মায়া সঙ্গে নিয়েই শুরু হয় নতুন পথচলা। প্রতিটি অধ্যায় যেন এক একটি বন্ধ জানলা। যা খুলে দেয় জ্ঞানের দিগন্ত। কখনো অঙ্কের জটিল সমীকরণ, কখনো ইতিহাসের বিস্মৃত অধ্যায়, আবার কখনো সাহিত্যের মায়াবী জগৎ। সবই আমাদের ভাবনার পরিধিকে আরও বিস্তৃত করে। কোনো পাঠ আনন্দ দেয়, কোনো পাঠ ভাবায়, আবার কোনো পাঠ নতুন প্রশ্নের জন্ম দেয়। তাই নতুন বই কেবল পরীক্ষার প্রস্তুতির উপকরণ নয়, এ যেন স্বপ্ন বোনার এক নীরব ক্যানভাস।
—পায়েল মৌলিক, দশম শ্রেণি

নতুন বইয়ের গন্ধ
নতুন বইয়ের গন্ধের অনুভূতিটাই আলাদা। যখন নতুন ক্লাসে নতুন বই হাতে পাই, মনটা খুশিতে ভরে যায়। মলাট দেওয়া, স্টিকার লাগানোর আনন্দই আলাদা। বাংলা, ইংরেজি, ইতিহাস, বিজ্ঞান, ভূগোল, অঙ্ক— নতুন ক্লাসের বই হাতে পেয়েই উলটে পালটে দেখি। নতুন বই মানে নতুন ক্লাসে নতুন লড়াইয়ের হাতিয়ার। শিক্ষক-শিক্ষিকা যখন ক্লাসে পড়া বোঝান, আমরা মন দিয়ে শুনি। বই পড়ে সেই পড়া আত্মস্থ করি। শেখার ক্ষেত্রে বইয়ের বিকল্প নেই।
—স্বর্ণালী মজুমদার, অষ্টম শ্রেণি

প্রধান শিক্ষিকার কলমে

রবীন্দ্র বালিকা বিদ্যাপীঠ, রবীন্দ্রনগর, মেটিয়াব্রুজ

এলাকার ছাত্রীরা যাতে প্রকৃত শিক্ষা লাভ করতে পারে, সেটাই ছিল একমাত্র লক্ষ্য। ১৯৬১ সালে রবীন্দ্র বালিকা বিদ্যাপীঠ একটি জুনিয়র হাই স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়। ২০০০ সালে স্কুলটি পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্যদের অধিভুক্ত হয় এবং একটি উচ্চ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। ২০১২ সালে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কলা বিভাগের পাঠ্যক্রম চালু করার অনুমোদন দেয়। ২০১৭-’১৮ শিক্ষাবর্ষ থেকে শুধুমাত্র মেয়েদের জন্য বিজ্ঞান বিভাগ চালু হয়। বর্তমানে এই বিদ্যালয়ে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় আড়াই হাজার ছাত্রী লেখাপড়া করেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষাতেই এই বিদ্যালয়ের অত্যন্ত উজ্জ্বল শিক্ষাগত রেকর্ড রয়েছে। এছাড়াও, আমাদের ছাত্রীরা বিভিন্ন সহ-পাঠ্যক্রমিক ও সামাজিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সকল ল্যাব-ভিত্তিক বিষয়ের জন্য সুসজ্জিত গবেষণাগার, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগসহ একটি সমৃদ্ধ গ্রন্থাগার ও পাঠাগার, একটি ক্যারিয়ার হাব, বিশুদ্ধ ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা রয়েছে। ছাত্রীদের বাধ্যতামূলক কম্পিউটার শিক্ষা প্রদান করা হয়। যুগের সঙ্গে তাল মিলিয়ে, বিদ্যালয়ে নিজস্ব পাবলিক অ্যাড্রেস সিস্টেম এবং ২৪ ঘণ্টা সিসিটিভি কভারেজ রয়েছে। এগুলোর পাশাপাশি, বিদ্যালয়ে একটি বৃষ্টির জল সংগ্রহ কেন্দ্র এবং সৌর প্যানেলের ব্যবস্থাও রয়েছে। বিদ্যালয় সবুজায়নের লক্ষ্যে সদা তৎপর। বিদ্যালয়ে শৃঙ্খলা ও পরিচ্ছন্নতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয় বলেই প্রিফেক্ট এবং নির্বাচিত শিশু সংসদ সদা তৎপর। শুধু তাই নয়, আত্মরক্ষায় প্রশিক্ষিত আমাদের ‘স্বয়ংসিদ্ধা’ ভলান্টিয়াররা বাল্যবিবাহ ও শিশু পাচার বন্ধ করতে সক্রিয়ভাবে একত্রিত হয়েছে। সমস্ত আধুনিক সুযোগ-সুবিধা ও বিদ্যালয়ের সমস্ত সদস্যের আন্তরিক প্রচেষ্টায় আমাদের ছাত্রীদের মানবিক গুণাবলিতে সমৃদ্ধ, স্বাধীন ও সফল নারী হিসেবে গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ।
— দূর্বা সান্যাল ভট্টাচাৰ্য, প্রধান শিক্ষিকা
সংকলক: শম্পা সরকার