নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: প্রচারে বেরিয়ে এক প্রৌঢ়ের দাড়ি কামিয়ে দিয়ে সমাজমাধ্যমে হাসির রোল তুলেছিলেন তিনি। দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপকুমার সাহাকে দেখা গেল একেবারে ভিন্ন মেজাজে। বুধবার দুবরাজপুর ব্লকের বালিজুরি গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রামে প্রচারে গিয়ে সোজা একটি আখ শালে ঢুকে পড়েন বিদায়ী বিধায়ক। সেখানে গিয়ে আর পাঁচজন রাজনৈতিক নেতার মতো কেবল হাতজোড় করে ভোট চেয়েই ক্ষান্ত থাকেননি তিনি। বরং ধুলোবালি মেখে সোজা বসে পড়েন মাটিতে। চাষিদের সঙ্গে হাতে হাত মিলিয়ে মেশিনে আখ ভরে রস বের করা থেকে শুরু করে বড় কড়াইয়ে ফুটন্ত রস নাড়া, সবকাজেই সাহায্য করেন অনুপবাবু।



