কোনটা ভারী!
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হাতেকলমে বৈজ্ঞানিক পরীক্ষানিরীক্ষা করতে কার না ভালো লাগে! শুধু বই মুখস্থ করে বিজ্ঞান শিক্ষা সম্পূর্ণ হয় না। সহজ-সরল এমন কিছু পরীক্ষা যা তোমরা নিজেরাই করতে পার, শেখাচ্ছেন সুশান্ত লাহা।

Advertisement

সমান আকারের দু’টি কমলালেবু নাও। ওদের মধ্যে থেকে যেকোনো একটি কমলালেবুর খোসা ছাড়িয়ে নাও। এবার বল তো কোন কমলালেবুটি হালকা হয়ে গেল? সহজ উত্তর, যে কমলালেবুর খোসা ছাড়ানো হল, ওজন কমে গেল তাই সেটি হালকা হয়ে গেল। 
এখন তোমার কাছে দু’টি কমলালেবু রয়েছে একটি খোসা ছাড়ানো হালকা কমলালেবু এবং একটি খোসা সমেত অর্থাৎ ভারী কমলা লেবু। 
এবার সমান আকারে দু’টি পাত্র নাও এবং তাতে জল ভরতি কর। এবার একে একে লেবুগুলি জলের ভেতর ফেলে দাও। দেখবে যে কমলালেবুটি ভারী অর্থাৎ খোসা সমেত সেটি জলের ওপরে ভাসবে। আর হালকা অর্থাৎ খোসাবিহীন কমলালেবুটি জলে ডুবে যাবে। 
এখন প্রশ্ন হালকা বস্তু কেন জলে ডুবে গেল? 
বিষয়টা হালকা অথবা ভারী নয়, বিষয়বস্তুটা ঘনত্বের। কমলালেবুর খোসার ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে এবং সেই স্থানগুলি বায়ুপূর্ণ হয়। এখন আমরা সকলেই জানি, বায়ু যেহেতু গ্যাসীয় পদার্থ তাই তার ঘনত্ব তরল অর্থাৎ জলের থেকে কম হয়। যেহেতু ঘনত্ব কম তাই সেটি উপরে থাকে। ঠিক এই কারণে খোসা সমেত কমলালেবুর ওজন বেশি হওয়া সত্ত্বেও জলের উপর ভাসছে। 
কিন্তু যখনই আমরা খোসাটি ছাড়িয়ে নিলাম, তার ফলে কমলালেবু চারপাশে বায়ুর কোনো আস্তরণ থাকল না। খোসার ভিতরের বায়ুপূর্ণ ক্ষুদ্র ফাঁকগুলি বাদ পড়ায় কমলালেবুর গড় ঘনত্ব বেড়ে গেল। এখন খোসাবিহীন কমলালেবুর ঘনত্ব জলের ঘনত্বের তুলনায় বেশি, তাই সেটি সহজে ডুবে গেল।
এই বৈজ্ঞানিক পরীক্ষার বাস্তব উদাহরণ—
নদী বা সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়ার সময় আমাদের লাইফ-জ্যাকেট ব্যবহার করতে বলা হয়। লাইফ জ্যাকেট এর ভেতরে বায়ু থাকে যার ঘনত্ব জলের তুলনায় কম হয়। এর ফলে আমরা সাঁতার না জানলেও আমাদের জলে ডুবে যাওয়ার কোনো আশঙ্কা থাকে না।