শিশুদের জওহরলাল
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গতকাল ছিল শিশু দিবস। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন। তিনি মনে করতেন, শিশুরাই হল আধুনিক এবং স্বাধীন ভারতের প্রতিনিধি। ‘চাচা নেহরু’র কর্মকাণ্ড ফিরে দেখলেন সমৃদ্ধ দত্ত।

Advertisement

গঙ্গাধর পালাচ্ছেন। পরিবার নিয়ে। ব্রিটিশ সেনা একবার তাঁকে হাতের কাছে পেলে আর রক্ষা নেই। সঙ্গে সঙ্গে হত্যা করবে। কারণ সিপাহি বিদ্রোহের এই সময়টায় সম্রাট বাহাদুর শাহ জাফরই বিদ্রোহের কারিগর বলেই বিশ্বাস করছে ব্রিটিশ। আর এই গঙ্গাধর দিল্লির লালকেল্লা এলাকার কোতোয়াল। সেই বাহাদুর শাহ জাফরের অধীনে। সুতরাং তিনি সরাসরি সেই সর্বশেষ মোগল সম্রাটেরই অন্যতম নিরাপত্তা আধিকারিক। কোতোয়াল কথাটির অর্থ হল, একটি নগরীর আইনশৃঙ্খলা রক্ষার বাহিনীর যিনি প্রধান। ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের এই সময়টায় মিরাট থেকে আসা ভারতীয় সিপাহিরা ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ করে অনেক পথ হেঁটে এসে একের পর এক জনপদ দখল করে দিল্লি এসে পৌঁছেছিল। তারা সম্রাট বাহাদুর শাহ জাফরকে ‘ভারত সম্রাট’ আখ্যা দিয়েছিল। তাদের ঘোষণা ছিল, ব্রিটিশ নয়, মোগল সম্রাটই ভারতের শাসক। সেই বিদ্রোহী ভারতীয় সেনাদের হাতে অসংখ্য ব্রিটিশ সেনার মৃত্যু হয়েছে। কিন্তু প্রবল প্রতাপান্বিত ব্রিটিশের সঙ্গে সিপাহিদের দীর্ঘদিন ধরে লড়াই করা সম্ভব হল না। কারণ আধুনিক যুদ্ধাস্ত্র তাদের বেশি। আর শাসন ক্ষমতাও তাদেরই হাতে। মোঘল সম্রাট নাম হলেও ওই ১৮৫৭ সালে বাহাদুর শাহ জাফর আসলে লালকেল্লার সম্রাট। অর্থাৎ যেটুকু স্থানে তিনি থাকেন, সেই দুর্গটাই। বাকি দিল্লি ব্রিটিশের হাতে। সুতরাং সিপাহিরা দিল্লি এসে লালকেল্লায় বিজয় পতাকা উড়িয়ে কয়েকদিনের জন্য জয় ও স্বাধীনতার স্বাদ পেলেও ব্রিটিশ আবার ফিরে এল।  নতুন করে কয়েক হাজার ব্রিটিশ সেনা এসে পুনরায় দখল করল দিল্লি এবং শুরু হল রক্তক্ষয়ী গণহত্যা। ভারতীয় সিপাহিদের বিদ্রোহের দোষে দিল্লির সাধারণ মানুষ থেকে শুরু করে নারী-পুরুষ-বৃদ্ধ কেউ ব্রিটিশের রোষ থেকে বাদ গেল না। স্বাভাবিকভাবেই ব্রিটিশদের সবথেকে বড়ো রাগ বাহাদুর শাহ জাফরের উপর। কারণ, এই বৃদ্ধকে ভারত সম্রাট ঘোষণা করেছে সিপাহিরা। তার অর্থ হল, এই আপাত নিরীহ মানুষটির নিশ্চিত কোনো ইন্ধন আছে। অতএব পালাচ্ছে সবাই। এমনকি সম্রাট বাহাদুর শাহ জাফর এবং তাঁর পুত্র, স্ত্রী, পরিবার সকলেই পালাচ্ছেন দিল্লি থেকে। লালকেল্লা থেকে প্রাচীর পেরিয়ে তারা পালাচ্ছিলেন যমুনা নদী পেরিয়ে অন্য প্রান্ত বরাবর। এই পলায়নরত দিল্লিবাসীর মধ্যেই ছিলেন গঙ্গাধর। তাঁর সঙ্গে স্ত্রী জিওরানি ও সন্তানেরা। গঙ্গাধররা পালানোর প্রাণপণ চেষ্টা করলেও ব্রিটিশ সেনার হাতে ধরা পড়তেই হল। ভয়ে কাঁপছে সবাই। ব্রিটিশ সেনাদের সন্দেহ হল, একটি ইংরেজ বালিকাকে নিয়ে এই ভারতীয় কোতোয়াল পালাচ্ছে। তার মানে অপহরণ করা হয়েছে সেই বালিকাকে। তারা হত্যা করতে উদ্যত হল গঙ্গাধরকে। আর সঙ্গে সঙ্গে গঙ্গাধরের দুই পুত্র বংশীধর ও নন্দলাল আচমকা ব্রিটিশ সেনাকে ইংরেজিতে বলার চেষ্টা করল যে, তারা ভুল করছে। যে বালিকাকে ইংরেজ কন্যা হিসাবে সেনারা ভাবছে, সে আসলে তাদেরই ছোটো বোন। কাশ্মীরি পণ্ডিত এই পরিবারের সন্তানেরা এতই ফর্সা যে, বিশেষ করে গঙ্গাধরের কন্যাকে ব্রিটিশরা নিজেদের সম্প্রদায়ের ভেবেছিল। তারা আরও চমৎকৃত হয়ে গেল এটা দেখে যে, এই দুই বালক কী চমৎকার ইংরেজি বলছে। গঙ্গাধর কোতোয়াল হলেও পরিবারের সন্তানদের পড়াশোনায় অত্যন্ত মনোযোগ দিতে বলতেন। বিশেষ করে আরবি, ফারসি, ইংরেজি, সংস্কৃত, কাশ্মীরি, হিন্দুস্তানি— সব ভাষাই এই পরিবার জানত কমবেশি। গঙ্গাধরের পরিবার আগ্রায় পৌঁছাল। প্রাণ বাঁচানোর এই পর্বে গঙ্গাধরের পত্নী জিওরানি ছিলেন সন্তানসম্ভবা। আগ্রায় কোনো মতে পৌঁছে তাঁর সন্তানের জন্ম হল। সেই পুত্রের নাম দেওয়া হল মতিলাল। কাশ্মীরের যে প্রান্তে এই পরিবারের পূর্বপুরুষ ছিলেন, তাঁদের গ্রামের মধ্যে দিয়ে বয়ে যেত এক  খাল। যাকে ‘নেহর’ বলা হয়। সেই নেহর থেকেই তাঁদের পারিবারিক পদবি কউলের পাশাপাশি নেহরুও যুক্ত হল। অর্থাৎ গঙ্গাধর কউল নেহরু। কিন্তু কালক্রমে গঙ্গাধরের পুত্রেরা আর কউল পদবিও রাখলেন না। হয়ে গেলেন নেহরু। এই পরিবারের উজ্জ্বল সন্তান হিসেবে নিজেকে গড়ে তুলেছিলেন, সেই সিপাহি বিদ্রোহের সময় ব্রিটিশের হাত থেকে পলায়নরত অবস্থায় জন্মগ্রহণ করা পুত্র মতিলাল নেহরু।
মতিলাল নেহরুর মতো সফল, ব্যস্ত এবং দক্ষ আইনজীবী খুব কমই ছিলেন। এলাহাবাদের (বর্তমান প্রয়াগরাজ) আনন্দভবন ছিল মতিলাল নেহরুর তৈরি করা বাসভবন। যাকে অট্টালিকা বলাই যায়। জওহরলাল তাঁর একমাত্র পুত্র। যিনি পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন। জওহরলাল নেহরুর কাছে শিশুরা ছিল সবথেকে প্রিয় বন্ধু। দু’জন ব্যক্তি জওহরলাল নেহরুর বাল্যকালকে সবথেকে বেশি প্রভাবিত করেন। একজন মা স্বরূপরানি। আর অন্যজন প্রাইভেট টিউটর ফার্দিনান্দ টি ব্রুকস। প্রাইভেট টিউটর মানে তিনি বাড়িতে পড়াতে আসতেন এমনটা নয়। ওই শিক্ষক আনন্দভবনেই থাকতেন। তিন বছর ধরে বালক জওহরলাল নেহরুর মধ্যে প্রবেশ করিয়েছিলেন বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, বিশ্বজগৎ সম্পর্কে জ্ঞানের আলো ও আগ্রহ। আর মা স্বরূপরানি ভারতীয় ঐতিহ্য, ভারতীয় ক্লাসিক সাহিত্য, ভারতের ধর্মজগৎ সম্পর্কে পুত্রকে শিক্ষা দেন। অর্থাৎ একইসঙ্গে জওহরলাল মা ও টিউটরের কাছে শিখছেন বিশ্ব ও স্বদেশ উভয় জগতের পাঠ। এই শিক্ষা চিরকাল তাঁর কাছে অন্যতম প্রধান চিন্তাশক্তি হয়ে রয়ে গিয়েছিল বলে জওহরলাল নিজেই বলেছেন। 
আর ঠিক এই কারণেই জওহরলাল নেহরু স্বাধীনতার আগে এবং পরে সর্বদাই চেষ্টা করে গিয়েছেন যাতে ভারতের শিশু-কিশোরদের মধ্যে শিক্ষা, জ্ঞান, জানার আগ্রহ ইত্যাদি জাগ্রত হয় সর্বদাই। ১১ বছর বয়স পর্যন্ত জওহরলাল ছিলেন একমাত্র সন্তান মাতাপিতার। অত বড়ো বাড়িতে তিনি একা। একদিকে যেমন ছিলেন একাকিত্বের শিকার, আবার ওই একাকিত্বের জীবনই তাঁকে শিখিয়েছিল প্রকৃতির পাঠ নিতে। বারান্দা কিংবা বাগানে বসে বসে গাছপালা, সূর্যাস্ত, চাঁদ, পাখি, প্রজাপতিদের নিরীক্ষণ করা। জওহরলাল বলতেন, এভাবে মনোযোগ আর অনুসন্ধিৎসা গড়ে ওঠে শিশুমনে। 
জওহরলাল নেহরু তাঁর ভাষণে বলতেন, শিশুরাই হল আধুনিক এবং স্বাধীন ভারতের প্রতিনিধি। এই শিশুমন যেন বাগানে ফোটা কুঁড়ির মতো। যাদের অত্যন্ত যত্ন সহকারে প্রস্ফুটিত করে সুন্দর ফুলে পরিণত করতে হয়। সেরকমই একটি ফুল জওহরলাল নেহরুর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয় এক বালিকার মাধ্যমে। ১৯৫০ সালে এক স্কুলের অনুষ্ঠানে একটি বালিকা এসে নেহরুর লম্বা কোটে (আচকান) একটি লাল গোলাপ ফুল লাগিয়ে বরণ করেছিল। বালিকার সেই উপহার তারপর থেকে নেহরু নিজের পোশাকবিধির অন্তর্ভুক্ত করে নেন। কারণ, তারপর থেকে নেহরুকে সর্বদাই দেখা যায় লাল গোলাপ নিজের কোটের পকেটে লাগিয়ে রাখতে। 
১৯৪৯ সালে জাপান থেকে ১৫ জন ছাত্রছাত্রী ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছিল,  দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ধ্বংস হয়ে গিয়েছে আমাদের টোকিওর চিড়িয়াখানা। আমাদের এখানে কোনো হাতি নেই। ভারতে তো অনেক হাতি। আমাদের একটি হাতি কি উপহার দেওয়া যায়? নেহরু নিজে এই চিঠির উত্তর দিয়েছিলেন এবং ভারতীয় হাতির বাচ্চা পাঠিয়েছিলেন জাহাজে করে টোকিওতে। সেই হাতির নাম দিয়েছিলেন ইন্দিরা। নিজের কন্যার নামে। 
দিল্লির তিনমূর্তি ভবনে নিয়ম করে হত জনতার দরবার। সাধারণ মানুষ এসে নিজেদের দুঃখ দুর্দশা, আবেদন নিবেদন করত। এরকমই এক দরবারে এক গরিব বালক সকাল থেকে এসে বসেছিল। সে যে কার সঙ্গে এসেছে সেটা জানা যাচ্ছে না। দরবার শেষ। কিন্তু সে বসে আছে। কী ব্যাপার? নিরাপত্তা রক্ষীরা এসে সরিয়ে দিচ্ছে তাকে। আজকের মতো দরবার সমাপ্ত। কিন্তু বালকের চোখ নেহরু যে চেয়ারে বসেছিলেন সেদিকে। কেন? নেহরু নিজেই ডেকে নেন কাছে। বলেন, কী ব্যাপার? কী চাও তুমি? কার সঙ্গে এসেছ? বালক বলেন, তোমার ওই জুতো আমার পছন্দ। কেমন সুন্দর চকচকে। আমার কোনো জুতো নেই। নেহরু তাকে কাছে টেনে বললেন, আচ্ছা, এরকমই চকচকে দুটো জুতো দেব তোমাকে। রক্ষীদের ডেকে এই ছেলেকে নিয়ে দোকানে গিয়ে দু’টি জুতো কিনে দিতে বললেন তিনি। 
নেহরু চাইতেন শিশুকাল থেকেই যেন সকলে বিশ্বজগৎ সম্পর্কে অবগত হয়। জ্ঞানের দরজা-জানলা খুলে যায়। এক বৃহৎ মন ও দৃষ্টিভঙ্গি গড়ে তোলা দরকার। আর তাই তিনি জেলবন্দি অবস্থায় নিজের কন্যাকে চিঠি লিখতেন। নানাবিধ সাধারণ জ্ঞান এবং বিশ্বপ্রকৃতি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সাহিত্য ছিল সেইসব চিঠির বিষয়। সেই বই আজও শিশু কিশোরদের জন্য উৎকৃষ্ট এক জ্ঞানভাণ্ডার। সহজ ভাষায় সরলভাবে এই পৃথিবী সম্পর্কে জেনে নেওয়া। সেই চিঠিগুলি যে বইতে পাওয়া যায় সেটি হল, ‘লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার’। প্রত্যেক শিশু-কিশোর, ছাত্রছাত্রীর জন্য অবশ্যপাঠ্য আরও একটি গ্রন্থ ‘গ্লিমসেস অব ওয়ার্ল্ড হিস্টরি’। শিশু-কিশোরদের জন্য ঩বিশ্ব ইতিহাসকে প্রাঞ্জলভাবে লিখে গিয়েছেন জওহরলাল নেহরু। শিশুদের প্রিয় চাচা নেহরু!