দেবব্রত মিত্র: ১৭৫৪ সাল। দশ লক্ষ টাকা খাজনা বাকি, এই অপরাধে নবাব আলিবর্দির নির্দেশে সপুত্রক রাজা কৃষ্ণচন্দ্র মুঙ্গেরের জেলে বন্দি। পরিবারের তৎপরতায় সেই টাকা রাজকোষে পৌঁছলে অবশেষে জেল থেকে মুক্তি। কিন্তু কৃষ্ণনগরে ফেরার পথে কৃষ্ণচন্দ্র দেখতে পান, নবমী অতিক্রান্ত। নানা ঘাটে বিসর্জনের বাজনা বেজে উঠেছে। ক্লান্ত বিধ্বস্ত বিমর্ষ রাজা বজরার ভিতর ঘুমিয়ে পড়েন। ঘুমের মধ্যে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখতে পান। এক অসামান্যা রূপসী কুমারী দেবী, ভোরের সূর্যের মতো গাত্রবর্ণ, সিংহবাহনা, রক্তিম বস্ত্র পরিহিতা, চতুর্ভূজে শঙ্খ-চক্র-ধনু-বাণ-ধারিণী বধ করছেন করীন্দ্রাসুর অর্থাৎ মত্ত হস্তিকে। স্বপ্নে দেবী আদেশ করেন, পরবর্তী শুক্লা নবমী তিথিতে রাজা যেন এই রূপে তাঁকে পূজা করেন।
মাঝগঙ্গায় এই স্বপ্নাদেশ পেয়ে রাজা কৃষ্ণনগরে ফেরেন। এবং তাঁর ঘনিষ্ঠ মহলে আলোচনা করেন। কিন্তু সেই সময় কৃষ্ণনগর ও সন্নিহিত অঞ্চলে বৈষ্ণব পণ্ডিতদের প্রবল প্রতাপ। এমনকি রাজগুরুও ছিলেন বৈষ্ণবাচার্য। সুতরাং স্বপ্নদৃষ্ট দেবীর পূজা প্রচলন যে সহজ হবে না, সেটা বিলক্ষণ বুঝতে পেরেছিলেন কৃষ্ণচন্দ্র। তাই গোপনে বর্তমান বর্ধমান জেলার পূর্বস্থলী সন্নিহিত মেড়তলা গ্রামে গিয়ে শাক্ত পণ্ডিত তান্ত্রিকাচার্য কালীশঙ্কর মৈত্রের সঙ্গে দেখা করেন। উনি ব্যাখ্যা করে রাজাকে বোঝান, ওই কুমারিরূপিণী দেবী হলেন সাক্ষাৎ জগদ্ধাত্রী। সুতরাং দেবীর আদেশ অনুযায়ী পরবর্তী শুক্লা নবমী তিথিতে রাজা যেন অবশ্যই পূজার আয়োজন করেন।
সাবধানী রাজা তখন কৃষ্ণনগরে ফিরে এলেন এবং পুত্র শিবচন্দ্র ও সুহৃদ গোপাল ভাঁড়কে পুজোর আয়োজনের যাবতীয় দায়িত্ব অর্পণ করে নিজে চন্দননগরে ইন্দ্রনারায়ণ চৌধুরীর নিবাসে গিয়ে আশ্রয় নিলেন। পরিকল্পনা ছিল, পূজার দিন সকালে তিনি নৌকাযোগে কৃষ্ণনগরে উপস্থিত হবেন, এবং উপবাসী থেকে দেবীর পূজা করবেন। রাজার অনুপস্থিতিতে বৈষ্ণব পণ্ডিতগণ সবটা অনুধাবন করলেও বাক বিতণ্ডায় যেতে পারলেন না, পুজোয় বাধা দানও করতে পারলেন না। রাজপুত্র শিবচন্দ্র এবং গোপাল ভাঁড় যথাযথ দেবীমূর্তি নির্মাণ সম্পূর্ণ করে পূজার যাবতীয় দায়িত্ব পালন করলেন। যথাসময়ে রাজা উপস্থিত হলেন। নির্বিঘ্নে সব কিছু সমাপ্ত হল, আর সেই থেকে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজার প্রচলন হল।
এই লোকশ্রুতি নিয়ে ইতিহাসে নানা রকম মতান্তর রয়েছে। ইতিহাসের অন্য ভাষ্য বলছে, কৃষ্ণচন্দ্রের আগেও বঙ্গদেশে জগদ্ধাত্রী পুজোর প্রচলন ছিল। নদীয়া জেলার নবদ্বীপে আনুমানিক ১৬০০-১৬১০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করা তন্ত্রসাধনার পুরোধা পুরুষ কৃষ্ণানন্দ আগমবাগীশের ‘বৃহৎ তন্ত্রসার’ গ্রন্থে দেবী জগদ্ধাত্রীর উল্লেখ রয়েছে। পঞ্চদশ-ষোড়শ শতাব্দীর গ্রন্থ বৃহস্পতি রায় মুকুটের ‘স্মৃতিরত্নহার’ এবং শ্রীনাথ আচার্য-চূড়ামণির ‘কৃত্যতত্ত্বার্ণব’ গ্রন্থে জগদ্ধাত্রী পুজোর বিধান সম্পর্কেও বলা আছে। চতুর্দশ শতকে শূলপাণির লেখা ‘কালবিবেক’ গ্রন্থে কার্তিক মাসে জগদ্ধাত্রী পুজো করার কথা লেখা। পঞ্চানন তর্করত্ন ‘কেনোপনিষদ’ জানাচ্ছে, উমা হৈমবতীই আসলে জগদ্ধাত্রী।
সুতরাং, রাজা কৃষ্ণচন্দ্র জগদ্ধাত্রী পুজো প্রচলন করেছেন এই কথাটি সর্বঅর্থে সত্য নয়। কিন্তু তিনি একটি কাজ করেছিলেন, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ- বাংলায় বারোইয়ারি পুজোর প্রচলন। আজকে বাঙালির প্রধান দেবী দুর্গা এবং তাঁর পুজোকে কেন্দ্র করে যে শারদোৎসব, তার উদযাপনকে সাধারণের মধ্যে ছড়িয়ে দেবার কাজটি সাধিত করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। দেবী জগদ্ধাত্রীও একইভাবে তাঁর আমলে মানুষের পুজো পেতে শুরু করেন।
অষ্টাদশ শতকে রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন হিন্দু সমাজের অন্যতম পান্ডা। ডি এল রায়ের পিতা, সুপণ্ডিত দেওয়ান কার্তিকেয় চন্দ্র রায় তাঁর ‘ক্ষিতীশ-বংশাবলি-চরিত’ গ্রন্থে দাবি করেছেন, কৃষ্ণচন্দ্রের বংশই আসলে আদিশূরের বংশ। এবং আদিশূর থেকে পুরুষানুক্রমে ভবানন্দ মজুমদার পর্যন্ত একটা তালিকাও তিনি তৈরি করেছিলেন। এই তালিকায় আদিশূরের বংশের ৩০তম পুরুষ হলেন রাজা কৃষ্ণচন্দ্র। সেই তালিকা কতটা ইতিহাসসম্মত তা নিয়ে মতানৈক্য থাকলেও এই প্রয়াস একটি বিষয় স্পষ্ট করে দেয়, যে কৃষ্ণচন্দ্র আসলে কনৌজি ব্রাহ্মণ বংশের বিশুদ্ধ রক্ত বহন করছেন। এবং সেই বিশুদ্ধতার জোরেই তিনি হিন্দু সমাজের মাথা হয়ে উঠবার অধিকারী।
বাংলায় মধ্যযুগে চৈতন্যদেবের নেতৃত্বে ভক্তি আন্দোলন গড়ে উঠেছিল, যে আন্দোলনের মধ্যে দিয়েই গৌড়ীয় বৈষ্ণব গোষ্ঠী একটা বড়ো শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে, এই গৌড়ীয় বৈষ্ণব ধর্মমত ছিল হিন্দু ধর্ম ও দর্শনের এক সাম্যবাদী ভাষ্য। কৃষ্ণচন্দ্রের ব্রাহ্মণ্যবাদী বর্ণবাদী অবস্থান ছিল এই মতের সম্পূর্ণ বিপ্রতীপে। সে কারণে নিত্যানন্দ প্রতিষ্ঠিত গৌড়ীয় মঠ এবং গৌড়ীয় বৈষ্ণব সাম্যবাদী আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি শাক্ত দেবদেবীর আরাধনার পৃষ্ঠপোষকতা করে গিয়েছেন। এবং সেটা করতে গিয়েই ছোটো ছোটো গোষ্ঠীকে অর্থসাহায্য প্রদানের মাধ্যমে প্রথম বারোইয়ারি পুজোর প্রচলন।
চৈতন্যদেবের জন্মস্থান এবং বাল্যলীলাক্ষেত্র নবদ্বীপ। নবদ্বীপ থেকেই ভক্তিবাদী আন্দোলন গোটা বাংলায় ছড়িয়ে পড়েছিল। সেই নবদ্বীপেই রাজা কৃষ্ণচন্দ্র রাধাকৃষ্ণের রাসের দিনে শাক্ত পুজোর প্রচলন ও পৃষ্ঠপোষকতা করেন। খোদ রাসপূর্ণিমার দিনেই এহেন শাক্ত পূজার ঘটা যে কোনো সমাজতাত্ত্বিকের কাছে বিস্ময় উদ্রেককারী। নবদ্বীপে প্রচলিত এই প্রথা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বৈষ্ণবীয় ভক্তি আন্দোলনকে ভেঙে শাক্ত পূজা পদ্ধতির প্রচলনে রাজা কৃষ্ণচন্দ্রের উদ্যোগ কতটা পরিকল্পিত ও সুদূরপ্রসারী।
ইতিহাসের এই ব্যাখ্যাও আবার অনেকটা একরৈখিক। মনে রাখতে হবে, দেবী জগদ্ধাত্রী কর্তৃক বধ্য মহিষাসুর নন, করীন্দ্রাসুর। এখন এই করীন্দ্রাসুর সম্পর্কে নানা রকম তথ্য পাওয়া যায়। রামকৃষ্ণদেব মানুষের মনকে মদমত্ত হস্তির সাথে তুলনার করেছেন। সুতরাং, মানুষের অন্তরতম চেতনাই দেবী জগদ্ধাত্রীর বধ্য। কিন্তু এর সঙ্গে আর একটি বিষয়ও গুরুত্বপুর্ণ। হস্তি আসলে বৌদ্ধ ধর্মে একটি পবিত্রতার সূচক। এবং রাজা কৃষ্ণচন্দ্রের সময় পর্যন্ত বাংলার লোকজীবনে বৌদ্ধ সহজযানী ভাবধারার একটা অবশেষ টিকে ছিল। জগদ্ধাত্রী পুজো প্রচলনের মধ্যে দিয়ে তিনি একইসঙ্গে গৌড়ীয় বৈষ্ণব আন্দোলন এবং সহজযানী বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির বিরুদ্ধে একটি প্রতীকী যুদ্ধ ঘোষণা করেছিলেন। আসলে এক ঢিলে অনেকগুলো পাখি মারার লক্ষ্য ছিল তাঁর।
নবাবী আমলের অবসান এবং ইংরেজ বণিকদের হাতে বাংলার শাসনভার চলে যাওয়ার সন্ধিক্ষণে মহারাজা মহেন্দ্র, রাজা রামনারায়ণ, রাজবল্লভ এবং কৃষ্ণদাস সহ যাঁরা হিন্দু সমাজের মাথা হয়ে উঠতে চেয়েছিলেন, তাঁদের থেকে বেশ কয়েক ধাপ এগিয়ে রাজা কৃষ্ণচন্দ্র। বাংলার বুকে নিজেকে একজন প্রভাবশালী হিন্দুশাস্ত্রবিদ হিসাবে তুলে ধরতে তখনকার দিনে কুড়ি লক্ষ টাকা খরচ করে ‘অগ্নিহোত্র বাজপেয়’ যজ্ঞের আয়োজন করেছিলেন। শাক্ত রাস, বারোদোল মেলা এবং জগদ্ধাত্রী পুজোর প্রচলন করার মধ্যে দিয়ে নিজেকে অন্য রাজাদের থেকে একটু আলাদা, বর্ণহিন্দু সমাজের মাথা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন।
কৃষ্ণনগর এবং চন্দননগর দুই শহরই জগদ্ধাত্রী পুজো প্রচলনের দাবীদার। এই প্রশ্নে দুই নগরের মধ্যে একটা সূক্ষ্ম রেষারেষি আছে। ইতিহাস এবং সংস্কৃতির দিক থেকে দুই নগরই একটু স্বতন্ত্র। কিন্তু দেবী জগদ্ধাত্রীর মর্ত্যে আগমণের ঐতিহাসিক পরম্পরা এবং সাযুজ্যপূর্ণ ঘটনাক্রম অনুসরণ করে একথা নির্দ্বিধায় বলা যায়, এই পূজার প্রচলন রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই হয়েছিল।
চন্দননগরেই আর একটি লোকশ্রুতি রয়েছে। কৃষ্ণনগরের কিছু চাল ব্যবসায়ী চন্দননগরে আসতেন চাল কিনতে। বর্ধমান ও হুগলি থেকে নৌকাযোগে চাল কৃষ্ণনগরে পৌঁছাত। কারণ, নদীয়া জেলা খাদ্যে স্বয়ম্ভর ছিল না। এই ঘটনার ঐতিহাসিক সত্যতা রয়েছে। সুতরাং লোকশ্রুতি বলে উড়িয়ে দেওয়ার মতো নয়। কার্তিক মাসের নবমী তিথি চাল ব্যবসায়ীদের দেশ কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছে, কিন্তু তাঁদের কাজ শেষ হয়নি। তাঁরা নিজের দেশ কৃষ্ণনগরে ফিরতে পারছেন না। তখন চন্দননগরে ফরাসি শাসন। ফরাসি সরকারের অনুমতি নিয়ে চালপট্টিতে মূর্তি বানিয়ে তাঁরা জগদ্ধাত্রী পুজো করলেন। তারপর থেকেই চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর রমরমা। তবে এই জাতীয় লোকশ্রুতি ইতিহাসের একটা আন্দাজ দিলেও কোনো পাথুরে প্রমাণ নয়। সুতরাং, স্থানমাহাত্ম্য প্রচারের তাগিদে সকলেই প্রাচীনত্বের দাবিদার হয়ে উঠতে পারেন, কিন্তু তার ঐতিহাসিক ভিত্তি নেই। তাহলে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো শুরু হল কিভাবে? ফরাসি ইস্ট-ইন্ডিয়া কোম্পানির দেওয়ান ছিলেন চন্দননগরের ইন্দ্রনারায়ণ চৌধুরী। রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে ইন্দ্রনারায়ণ চৌধুরীর ভালোরকম সখ্য ছিল। বেশ কিছু অর্থের লেনদেন হয়েছিল দু’জনের মধ্যে। এমনকি কবি ভারতচন্দ্রকে রাজার কাছে পাঠিয়ে দেন ইন্দ্রনারায়ণ। সুতরাং কৃষ্ণনগরের সঙ্গে চন্দননগরের একটা জীবন্ত সাংস্কৃতিক যোগসূত্র ছিল, সেটা নিয়ে কোনো বিতর্ক নেই। জগদ্ধাত্রী পুজোর প্রচলন সম্পর্কে যত ধরনের লোকশ্রুতি রয়েছে, তার সবকটিতেই বৈষ্ণব ধর্মগুরুদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এবং তর্ক এড়াতে কৃষ্ণচন্দ্র যে চন্দননগরে ইন্দ্রনারায়ণের বাড়িতে আশ্রয় নিচ্ছেন, এটা নিয়েও কোনো বিতর্ক নেই। সুতরাং কৃষ্ণনগরে যে পুজো বৈষ্ণব সমাজের মুখে ঝামা ঘষে কৃষ্ণচন্দ্র চালু করলেন, তা চন্দননগরেও চালু হতে কোনো বাধা ছিল না।
তবে কৃষ্ণনগরের পুজো যদি কেউ খুব ভালো করে পর্যবেক্ষণ করেন, তাহলে এটা নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে, এই ইতিহাস প্রক্ষিপ্ত নয়। কৃষ্ণনগরের দেবীমূর্তি এত অসাধারণ এত নিখুঁত, বাংলার আর কোথাও দেবীর এই রকম রূপ খুঁজে পাওয়া যাবে না। পালেরা বংশপরম্পরায় দেবীমূর্তি তৈরি করে এসেছেন এবং ঔৎকর্ষ অর্জন করেছেন। রানি জ্যোতির্ময়ী বারোইয়ারি গুলিকে উৎসাহিত করবার জন্য নিজে যেমন অর্থ সাহায্য করতেন, সেইসঙ্গে কৃষ্ণনগরে প্রথা গড়ে ওঠে দেবী বিসর্জনের আগে রাজবাড়ি নিয়ে যাওয়ার। স্বয়ং রানিমা প্রতিমা দর্শন করতেন, এবং তারপর হাইস্ট্রিট ধরে ঠাকুর ছুটত জলঙ্গী নদীর কদমতলা ঘাটে। প্রতিমা বহন করত বেহারারা। প্রতিবছর শহরের আশপাশ থেকে শক্তিশালী বেহারার দল জগদ্ধাত্রী প্রতিমাকে বহন করবার জন্য কৃষ্ণনগরে জড়ো হত। বড়ো বড়ো বাঁশ দিয়ে তৈরি হত সাং। সেই বাঁশগুলোকে শক্তিশালী করবার জন্য টানা ছ মাস জলের নীচে জাগ দেওয়া হত। এই প্রথা এখনও রয়ে গিয়েছে।
প্রতিবছর জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে খেউড় গানের আসর বসত। ‘নেদোনন্দী’র খেউড় গান এখনও পুরানো কৃষ্ণনাগরিকদের কণ্ঠে দু’-এক কলি শোনা যায়। এই গান কোনো ধর্মদর্শনের গান নয়। এ ছিল আদিরসের ভাণ্ড বিশুদ্ধ খেউড়। ভদ্রসমাজে কানে আঙুল দেওয়ার মতো। জগদ্ধাত্রী পুজোর দিনে খালি গলার সেই গান মাইকের প্রবল শব্দে হারিয়ে গেছে। এই নেদো নন্দী সম্ভবত বিশিষ্ট শাক্ত পদকর্তা রামদুলাল নন্দীর উত্তর পুরুষ। এটিও অনুমান নির্ভর।
ইতিহাসের কণ্টকময় পথ ছেড়ে বর্তমানে আসা যাক। আজ থেকে তিনশো বছর আগে রাজা রাঘব রায় যখন এই নগরের পত্তন করেন, তখন বাংলার নানা প্রান্ত থেকে নানা পেশাজীবী মানুষকে এনে এখানে বসতি স্থাপন করেছিলেন। ফলত কৃষ্ণনগর আদপে একটি কলোনি। তিনশো বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর সেই পেশার সূত্রগুলি ছিঁড়ে গিয়েছে। কিন্তু নামগুলো এখনও এক। চাষাপাড়া, ছুতোর পাড়া, ধোপাপাড়া, কাঠুরিয়া পাড়া, পেতনি পাড়া (পাটনি পাড়া), কলুপাড়া, কাঁসারি পাড়া, মালোপাড়া ইত্যাদি। কাঠুরিয়া পাড়াতে একজনও কাঠুরিয়াকে আর খুঁজে পাওয়া যাবে না, চাষাপাড়াতেও কেউ আর চাষ করে না, কিন্তু প্রতিটি পাড়াতেই ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো হয়। প্রতি পাড়াই তাদের পুজোকে প্রাচীনতম বলে দাবী করে থাকে। অতি উৎসাহী কেউ কেউ এমন সাল তারিখ দেগে দেন, যখন রাজা কৃষ্ণচন্দ্রের জন্মই হয়নি। তবে কৃষ্ণনগর রাজারা মালোপাড়ার পুজোর অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। এখনও প্রথা রয়েছে রাজবাড়ি থেকে রুপোর রেকাবি করে দানসামগ্রী এবং পাঁচ টাকা অর্ঘ্য না পৌঁছানো পর্যন্ত মালোপাড়ার পুজোর ঢাকে কাঠি পড়ে না। রাজা কৃষ্ণচন্দ্র যে বারোইয়ারি পুজোগুলোর অন্যতম প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, এই প্রথা তা হাতেকলমে প্রমাণ করে। সুতরাং রাজা কৃষ্ণচন্দ্রকে যদি জগদ্ধাত্রী পুজোর প্রচলক বলে মেনে নেওয়া হয়, তাহলে এটাও প্রমাণিত হয় মালোপাড়ার জলেশ্বরীই এই শহরের প্রাচীনতম বারোইয়ারি পুজো। এই বিষয়ে বিতর্কের বিশেষ অবকাশ নেই।
বুড়িমা অর্থাৎ চাষাপাড়া বারোয়ারি এখন এই শহরের স্টার পুজো হিসাবে চিহ্নিত। এর দু’টি প্রধান কারণ রয়েছে। এত রাজকীয় প্রতিমা কৃষ্ণনগরে আর কোথাও পাওয়া যাবে না। দেবীমূর্তির সামনে দাঁড়ালে তাঁর গম্ভীর রাজকীয় রূপের ছটায় প্রতিটি সংশয়ী দর্শক সম্পূর্ণ পরাভূত হন। শহরের একেবারে মাঝখানে বুড়িমার অবস্থান। সেই কারণেও এই পুজো অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। তবে প্রাচীন ও ঐতিহ্যমণ্ডিত পুজোর কথা বলতে গেলে জলেশ্বরী, বালকেশ্বরী ইত্যাদি নামগুলো তুলনায় বেশি প্রাসঙ্গিক।
বিশিষ্ট প্রাবন্ধিক ও আপাদমস্তক কৃষ্ণনাগরিক সুধীর চক্রবর্তীকে অনুসরণ করে বলা যায়, প্রতিটা মানুষের অভ্যন্তরে একটা লোকায়ত মানুষ থাকে। লোকায়ত জীবনের উৎসবগুলোয় কলুষমুক্ত আদিম কৌমজীবনের ছাপ পাওয়া যায়। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোও সম্ভবত আধুনিক বাংলার একমাত্র উৎসব, যেখানে আদিম কৌমজীবনের ছাপ পাওয়া যায়। চৈতন্য পরবর্তী গৌড়ীয় বৈষ্ণব সংস্কৃতির বিরুদ্ধে শাক্তাচার প্রতিষ্ঠার পদক্ষেপ হিসেবে কৃষ্ণচন্দ্র এই উন্মাদনার প্রচলন ঘটিয়েছিলেন কি না, সেই ইতিহাস নিয়ে বিতর্ক চলুক। কিন্তু প্রকৃত রসিক জানেন, ব্যক্তিস্বাতন্ত্র্যের এই শীতার্ত দুনিয়ায় প্রকৃতই একটি পুজোকে ঘিরে এই যে মত্ততা, এই যে উন্মাদনা, এই যে উষ্ণতার আমেজ তা কৃষ্ণনগরের একেবারে নিজস্ব এবং তা একেবারেই বানিয়ে তোলা নয়। শতকের পর শতক ধরে এই শাক্তাচার প্রতিটি কৃষ্ণনাগরিকের হাড়েমজ্জায় প্রোথিত। শত আলোকসজ্জা হাজার কোম্পানির স্পনসরশিপ মিডিয়ার দাপাদাপি কিছু দিয়েই এই উৎসবের মানুষের অন্তরস্থিত আদিমতার নিষ্কলুষ আভাকে ম্লান করতে পারবে না। জগন্মাতা জগদ্ধাত্রী প্রতি বছর আসবেন, উদ্দামতায় ভাসিয়ে দিয়ে যাবেন, বধ করবেন দম্ভের প্রতীক করীন্দ্রাসুরকে।
• ছবি : কাজল বিশ্বাস
• গ্রাফিক্স : সোমনাথ পাল
• সহযোগিতায় : উজ্জ্বল দাস
অনিবার্য কারণে গল্পের পাতা প্রকাশিত হল না।



