নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফাঁকা সময়ে বাইকে কলকাতা শহরের অলিগলি ঘুরে বেড়াতেন লালবাজারের বিল্ডিং ডিপার্টমেন্টে কর্মরতা মহিলা সিভিক। ফাঁকা বাড়ি পেলেই সুযোগ বুঝে মোবাইল, ঘড়ি, গয়না ইত্যাদি হাতসাফাই! কসবা-কাণ্ডে বৃহস্পতিবার রাতে ধৃত সিভিক চুমকি পাঁজা ওরফে প্রিয়াঙ্কাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে এমনই চমকপ্রদ তথ্য হাতে এসেছে কলকাতা পুলিশের।
বিজয়গড়ের বাসিন্দা ওই সিভিক ভলান্টিয়ার কীভাবে কসবার বেদিয়াডাঙা ফার্স্ট লেনের বাড়ির চুরিতে জড়িয়ে গেলেন, তা নিয়ে প্রথম থেকেই কৌতূহল ছিল কসবা থানার পুলিশের। তাঁকে গ্রেপ্তারের পর সিসিটিভি ফুটেজ দেখিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই এই তথ্য উঠে আসে বলে দাবি পুলিশের। সাম্প্রতিক অতীতে শহরের আর কোথাও এই কায়দায় চুরির সঙ্গে ধৃতের যোগসূত্র রয়েছে কি না, তা জানার চেষ্টা করছে কলকাতা পুলিশ। পাশাপাশি, লালবাজারের অ্যান্টি বার্গলারি স্কোয়াডের গোয়েন্দারাও ধৃত সিভিককে জিজ্ঞাসাবাদ করতে চান। এদিকে, চুরির অভিযোগে কসবা থানার হাতে সিভিক ভলান্টিয়ার গ্রেপ্তার হতেই চরম অস্বস্তিতে কলকাতা পুলিশের কর্তারা। লালবাজার সূত্রে খবর, ডিসি (হোমগার্ড) অফিস থেকে ধৃত সিভিক সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে। রাতের খবর, ইতিমধ্যে ধৃত সিভিককে ‘ডিমোবিলাইজড’ বা বাহিনী থেকে বসিয়ে দেওয়া হয়েছে।
অতীতে আর জি করে অভয়া ধর্ষণ ও খুন থেকে হালের কসবায় চুরি, বারেবারে সিভিক ভলান্টিয়ারের নাম জড়িয়ে পড়ছে। ফলে সিভিকদের জীবনযাত্রা ও গতিবিধি নিয়ে কলকাতা পুলিশের কর্তারা কতটা ওয়াকিবহাল, তা নিয়ে বাহিনীর অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ধৃত মহিলা সিভিককে শুক্রবার আলিপুর আদালতে হাজির করানো হয়। আদালত তাকে ২৪ নভেম্বর পর্যন্ত পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।



