হোয়াটসঅ্যাপ ওয়েব: লগ আউট না করলেই বিপদ! ইউজারদের সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রক
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অফিসের কম্পিউটার, সাইবার কাফে কিংবা অন্যের ল্যাপটপ থেকে হোয়াটসঅ্যাপ খুলে চটজলদি কাজ সেরে ফেলছেন। আর কাজের শেষে শুধু ব্রাউজারের ট্যাব বন্ধ করে বেরিয়ে যাচ্ছেন। সাবধান। এই প্রবণতাই ডেকে আনতে পারে বড়ো বিপদ। মুহূর্তে আপনার যাবতীয় তথ্য হাতিয়ে নিতে পারে সাইবার অপরাধীরা। আপনার শেয়ার করা ছবি বা ব্যক্তিগত কথোপকথনকে কাজে লাগিয়ে ফাঁদে ফেলতে পারে দুষ্কৃতীরা। সেকথা মাথায় রেখেই সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিটের বক্তব্য, হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করলে গুরুত্বপূর্ণ নথি শেয়ার থেকে বিরত থাকুন। কাজ হওয়ার পর অবশ্যই লগ আউট করতে হবে। প্রয়োজনে সাইবার ক্যাফে, পাবলিক কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার এড়িয়ে যান।

Advertisement

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রকের ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার (১৪ সি)-এর ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিটের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, অজান্তেই কোনো কম্পিউটারে দীর্ঘক্ষণ হোয়াটসঅ্যাপ খোলা থাকলে একাধিক ঝুঁকির সম্ভাবনা রয়েছে। এর সুযোগ নিতে পারে তৃতীয় ব্যক্তি। ব্যক্তিগত মেসেজ, পরিচিতদের নম্বর, এমনকি বিভিন্ন গ্রুপের কথোপকথন সাইবার অপরাধীদের হাতে চলে যেতে পারে। তা হাতিয়ার করেই চলে প্রতারণার খেলা, ব্ল্যাক মেলিং, বিপুল টাকা হাতানোর কারবার।  এক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার সতর্কবার্তা, শুধুমাত্র ব্রাউজার বন্ধ করলেই হবে না। হোয়াটসঅ্যাপ ব্যবহারের পর প্রতিবার লগ আউট করতে হবে। কোনো গুরুত্বপূর্ণ কাজ, সরকারি, আর্থিক বা এই গোছের সংবেদনশীল তথ্য আদানপ্রদান এড়িয়ে যাওয়াই ভালো। সাইবার কাফে, পাবলিক কিয়স্ক, বিজনেস সেন্টার, অন্যের কম্পিউটার থেকে হোয়াটস অ্যাপে লগ ইন না করাই ভালো। যদি খুব প্রয়োজন পড়ে, তাহলে ইনকগনিটো বা প্রাইভেট ব্রাউজিং মোড ব্যবহার করতে হবে। অ্যাকাউন্টে অস্বাভাবিক কার্যকলাপ দেখলেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে কম্পিউটার, অপারেটিং সিস্টেম, ব্রাউজার ও সিকিওরিটি সফটওয়্যার নিয়মিত আপডেট রাখতে হবে। অজানা ফাইল ডাউনলোড বা  সন্দেহজনক লিঙ্ক থেকে বিরত থাকাই হবে বুদ্ধিমানের কাজ।