কলকাতা, ২৩ জুন: পূর্বাভাস সত্যি করে কলকাতার আকাশে মেঘের ঘনঘটা। দুপুরেই যেন নেমে এসেছে ‘সন্ধ্যা’। বেশ কিছু এলাকায় ইতিমধ্যে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। সেইসঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যে ‘কমলা’ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। একই সতর্কতা জারি হয়েছে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও নদীয়া জেলার ক্ষেত্রেও।
ভোরের দিকে শিরশিরে ভাব। বিক্ষিপ্ত বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গজুড়ে আপাতত উধাও গরমের তীব্রতা। আগামিকাল অর্থাৎ বুধবারও কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জারি হয়েছে হলুদ সতর্কতা।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। আজ সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি বেশি। ভোর সাড়ে ছ’টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ০.৩ মিলিমিটার।