সংবাদদাতা, ঝাড়গ্রাম: ময়ূরঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভের বাস্তবায়ন কি হিমঘরে! এমনই আশঙ্কা বাড়ছে ঝাড়গ্রামে। রাজ্যে পালাবদলের পর ময়ূরঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভ বাস্তবায়িত হবে এমন অশায় বুক বেঁধেছিল এলাকাবাসী। গরিব চাষিবাসীরা নিস্তার পাবেন হাতির হানা থেকে। গত ৯ সেপ্টেম্বর ঝাড়গ্রামে এসেছিলেন রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও। ঝাড়গ্রামের হাতির হানার সমস্যা নিয়ে তিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনা সহ নানা উদ্যোগ নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু ময়ূরঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভের বাস্তবায়ন নিয়ে একটি কথাও বলেননি। ফলে আশাহত ঝাড়গ্রামবাসী। পবে অবশ্য বিজেপির এক কর্মী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, ময়ূরঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভের যাবতীয় তথ্য রাজ্যের বনমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে।
ওয়েবসাইটে তথ্য অনুযায়ী, এটি পূর্ব ভারতের একমাত্র এলিফ্যান্ট রিজার্ভ। এই রিজার্ভের মোট আয়তন ৪১৪.০৬ বর্গ কিলোমিটার ও সংলগ্ন বনাঞ্চল ১৪৬৩ বর্গ কিলোমিটারের। ঝাড়গ্রামের বেলপাহাড়ীর কাঁকড়াঝোড়, ময়ূরঝর্ণা, বাঁশপাহাড়ী ও ভুলাভেদার ১৩১.৫০ বর্গ কিলোমিটার এই রিজার্ভের মধ্যে পড়ে। ২০০২ সালের ২৪ অক্টোবর রাজ্য এটিকে এলিফ্যান্ট রিজার্ভ হিসেবে ঘোষণা করেছিল।
স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু খাতায় কলমে ছাড়া এই রিজার্ভের কোনো অস্তিত্ব নেই। কয়েক বছর আগে লোকসভার অধিবেশনে বিজেপির ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম হাতির সমস্যা নিয়ে লোকসভায় কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে ময়ূরঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভ কেন বাস্তবায়িত হয়নি সেবিষয়ে প্রশ্ন করেন। প্রত্যুত্তরে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব পশ্চিমবঙ্গের বন সংরক্ষণ ও বন্যপ্রাণ (হেডকোয়ার্টার) আধিকারিক শৈলেশ এস আনন্দের কেন্দ্রকে পাঠানো চিঠি দেখিয়ে বলেন, সেখানে ময়ূরঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভের অস্তিত্ব রয়েছে।
বেলপাহাড়ীর এক বাসিন্দা বলেন, ময়ূরঝর্ণা এলাকায় ঢোকার মুখে এই সংক্রান্ত একটি সাইনবোর্ড ছাড়া আর কিছুই নেই। কয়েমা গ্রামের বাসিন্দা শ্যামসুন্দর মাহাতর কথায়, ময়ূর ঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভের বাস্তবায়ন যদি থাকত তাহলে হাতির দলকে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে তাড়িয়ে দেওয়া হচ্ছে কেন? সাংসদ কুনার হেমব্রমের সময় বিগত রাজ্য সরকারের বিভাগীয় আধিকারিক কেন্দ্রীয় সরকারের কাছে যে চিঠি দিয়ে এই রিজার্ভ আছে বলে দাবি করেছে। তা নিয়ে কেন্দ্রীয় সরকার তদন্ত করে দ্রুত এই রিজার্ভের বাস্তবায়ন করুক। -নিজস্ব চিত্র