Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

সিএসপি কর্মীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দু’লক্ষ টাকা ছিনতাই, পুলিশের জালে দুই

সন্ধ্যায় ফাঁকা মাঠের নির্জন রাস্তা। বাইকে বাড়ি ফিরছিলেন কাস্টমার সার্ভিস পয়েন্টের (সিএসপি) এক কর্মী।

সিএসপি কর্মীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দু’লক্ষ টাকা ছিনতাই, পুলিশের জালে দুই
  • ১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চাঁচল: সন্ধ্যায় ফাঁকা মাঠের নির্জন রাস্তা। বাইকে বাড়ি  ফিরছিলেন কাস্টমার সার্ভিস পয়েন্টের (সিএসপি) এক কর্মী। আচমকাই পিছন থেকে এসে সিএসপি কর্মীর পথ আটকায় তিন যুবক। বাইকে লাথি মেরে কর্মীকে দাঁড় করিয়ে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকানো হয়।  প্রাণ বাঁচাতে টাকার ব্যাগ তুলে দিতে হয় দুষ্কৃতীদের হাতে। হঠাত্ দূরে দু-একজনকে দেখতে পেয়ে চিত্কার করে ওঠেন সিএসপি কর্মী। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসতেই পথভ্রষ্ট হয় দুষ্কৃতীরা। পালানোর সময় বাইক ফেলে ধানখেতের মধ্যে ঢুকে পড়ে তিনজন। মঙ্গলবার সন্ধ্যার এই ঘটনায় রাতেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মালদহের চাঁচলের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত পারভেজ আলম হরিশ্চন্দ্রপুর থানার দেগুন ও রফিকুল ইসলাম রতুয়া থানার পারাকরম এলাকার বাসিন্দা। বুধবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে তুলে পাঁচদিনের হেপাজতে নিয়েছে চাঁচল থানার পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, চাঁচল ২ ব্লকের গৌরহন্ডের বাসিন্দা হায়দার আলির বেজপুরা গ্রামে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিএসপি রয়েছে। সেখানে সাব কো-অপারেটর হিসেবে কাজ করেন তাঁর ভাই মামুন রেজা। মঙ্গলবার সন্ধ্যায় সিএসপি বন্ধ করে বাইকে বাড়ির দিকে রওনা দেন মামুন। অভিযোগ, কৃষ্ণনগর এলাকার বটগাছ সংলগ্ন ফাঁকা রাস্তায় পৌঁছতেই তিন যুবক পথ আটকায়। একটি নম্বরপ্লেটহীন বাইকে থাকা ওই তিনজন মামুনকে থামায়। এরপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁর কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। মামুনের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। এলাকার মানুষও বিষয়টি জানতে পারেন। ঘটনার দুই কিমি দূরের গ্রামবাসীরা মূল রাস্তায় বেঞ্চে ফেলে দেয়। তবে দুষ্কৃতীরা মূল রাস্তা দিয়ে না গিয়ে মাঠের রাস্তার পথ ধরে। রাস্তা শেষ হতেই তারা বাইক ফেলে ধানখেত দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান চাঁচলের এসডিপিও সহ থানার পুলিশ কর্মীরা। বাইকটি উদ্ধার করে থানায় আনা হয়। মামুনের দাবি, ব্যাগে ১ লক্ষ ৯৮ হাজার টাকা ছিল। পাশাপাশি একটি ল্যাপটপ, দু’টি বায়োমেট্রিক ডিভাইস ও একটি জিআরএস ডিভাইস ছিল। 
চাঁচল মহকুমা পুলিশের এক আধিকারিক বলেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ছিনতাই হওয়া টাকা ও সামগ্রী উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনায় জড়িত বাকি একজনের খোঁজেও তল্লাশি চলছে। অভিযোগকারী মামুন বলেন, প্রাণ বাঁচাতেই দুষ্কৃতীদের হাতে সবকিছু দিয়ে দিই। সুযোগ বুঝে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। তখন দুষ্কৃতীরা বাইক ফেলে ধানখেত দিয়ে পালিয়ে যায়। সিএসপি মালিক হায়দার আলি বলেন, ছিনতাইকারীরা পরিকল্পনামাফিক রেকি করে এই ঘটনা ঘটিয়েছে। আমি সেদিন সিএসপিতে যাইনি। পুলিশ ধৃতদের উপযুক্ত শাস্তি দিক। • আদালতে তোলা হচ্ছে ধৃতদের। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ