দুবাই, ৩ অক্টোবর: উগ্রপন্থার প্রতি গভীর ‘আগ্রহের’ কারণে নিজের দেশ ওমান তাঁকে ব্যান করেছিল। এমন একজন ‘বিপজ্জনক’ ব্যক্তির হাতে বিমানের দায়িত্ব তুলে দিয়েছিল দুবাইয়ের বিমান সংস্থা! অবশেষে প্রকাশ্যে এল অভিশপ্ত তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের বিমানের আক্রমণকারী সেই কো পাইলটের পরিচয়। অভিযুক্তের নাম হামাম আল-হাম্মামি। ধৃত বছর ২৯ বয়সি এই যুবক সম্পর্কে আরও বেশ কিছু নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
খবরে প্রকাশ, মৌলবাদী ভাবনাচিন্তা, কাজকর্ম, লেখালেখি এবং ওয়েবসাইটে হামামের বিপুল আগ্রহ। জঙ্গি সংগঠন আল-কায়দার নেতাদের বিভিন্ন ছবি সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করত। কঠোরভাবে মেনে চলত ধর্মীয় আচার-আচরণ।
একসময় ওমান এয়ার-এ কাজ করতেন অভিযুক্ত হামাম। কিন্তু নিজের দেশের বিমান সংস্থাই তাঁর উপরে ভরসা রাখেনি। উগ্রবাদে জড়িয়ে পড়ার ইঙ্গিত মেলায় ২০২৪ সালে তার হামামকে বসিয়ে দেয়। প্রশাসনিক কাজ করার ছাড়পত্র মিললেও বিমান চালানোর উপরে ব্যান অব্যাহত থাকে। এরপরই অভিযুক্ত চলে আসেন দুবাই। যোগ দেন ফ্লাইদুবাই বিমান সংস্থায়।
পেশাদারি দুনিয়ায় চাকরি বদল রুটিন ব্যাপার। কিন্তু যে কোনও পেশাদারকে নিয়োগের আগে আগের সংস্থা থেকে তাঁর সম্পর্কে খোঁজখবর নেওয়াই দস্তুর। ফ্লাইদুবাই কি গুরুত্ব দিয়ে এই কাজ করেছে? প্রশ্ন উঠছে।