অতিথি আপ্যায়ন হোক বা পরিবারের সঙ্গে সময় কাটানো— বসার ঘর বাড়ির প্রাণকেন্দ্র। সুন্দর করে বসার ঘরকে সাজানো প্রত্যেকের স্বপ্ন। তবে জায়গা কম হওয়ায় অনেক সময় ঘরটি ছোটো আর গুমোট মনে হয়। সঠিক পরিকল্পনা আর কয়েকটি কৌশলেই হতে পারে এই সমস্যার সমাধান। তাহলেই বসার ঘরকে মনে হবে আরও বড়ো, খোলামেলা আর আরামদায়ক। কী কী কৌশল? চলুন জেনে নিই—
রঙের কারসাজি: রঙের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। হালকা রং যেমন সাদা, হালকা ধূসর, প্যাস্টেল শেড, এইসব রং ব্যবহার করলে ঘর বড়ো আর উজ্জ্বল দেখায়। গাঢ় রং থাকলে ঘরটিকে ছোটো মনে হতে পারে। তাই দেওয়াল ও সিলিংয়ের জন্য হালকা রং বেছে নেওয়াই শ্রেয়। আবার দেওয়াল ও সিলিংয়ের রং প্রায় একই রাখলে ঘরের উচ্চতা বেশি বলে মনে হয়।
আলোর কাজ: বসার ঘরকে বড়ো দেখাতে আলোর বিশেষ ভূমিকা রয়েছে। প্রাকৃতিক আলো যত বেশি প্রবেশ করবে, ঘর তত বেশি খোলামেলা ও বড়ো মনে হবে। ভারী পর্দার বদলে হালকা ও পাতলা পর্দা ব্যবহার করুন। দিনের বেলা জানলা খোলা রাখবেন। সম্ভব হলে সিলিং লাইট, ফ্লোর ল্যাম্প, ওয়াল লাইট আলাদা করে সেট করুন।
আসবাবের জাদু: আসবাবপত্র নির্বাচনের দিকে নজর দিন। ছোটো ঘরে অতিরিক্ত আসবাব ব্যবহার করলে জায়গা আরও কম মনে হয়। তাই কমপ্যাক্ট, মাল্টিফাংশনাল ফার্নিচার ব্যবহার করা উচিত। যেমন, স্টোরেজ সহ সোফা, ফোল্ডিং টেবিল বা ওয়াল মাউন্টেড শেলফ। আসবাবগুলি দেওয়ালের সঙ্গে লাগিয়ে রাখলে মাঝখালে খালি জায়গা তৈরি হয়, যা ঘরকে বড়ো দেখাতে সাহায্য করে।
আয়নামহল: আয়নার ব্যবহার একটি বুদ্ধিদীপ্ত কৌশল। বড়ো আয়না বা একাধিক আয়না দেওয়ালে ব্যবহার করলে আলো প্রতিফলিত হয়ে ঘরকে দ্বিগুণ বড়ো মনে হয়। বিশেষ করে জানলার বিপরীতে আয়না রাখলে প্রাকৃতিক আলো প্রতিফলিত হয়ে ঘর আরও উজ্জ্বল হয়ে ওঠে।
ভার কমান: অপ্রয়োজনীয় জিনিসপত্র কমানো জরুরি। ছোটো জায়গায় বেশি জিনিস রাখলে ঘর ভারাক্রান্ত মনে হয়। তাই যা প্রয়োজন, কেবল সেটুকুই ঘরে রাখুন। পাশাপাশি প্রতিনিয়ত ঘর পরিষ্কার করাও দরকার। কারণ অগোছালো ও অপরিচ্ছন্ন ঘর দেখতে ছোটো লাগে।
দেওয়ালের সাজ: দেওয়াল সাজানোর ক্ষেত্রে সতর্ক থাকুন। বড়ো বড়ো ছবি বা অতিরিক্ত ফ্রেম ব্যবহার করলে দেওয়াল ভরাট হয়ে যায়। এর ফলে ঘর ছোটো মনে হতে পারে। তার পরিবর্তে ছোটো, সিম্পল আর্টওয়ার্ক ব্যবহার করা যেতে পারে। ভার্টিকাল অর্থাৎ উলম্ব ডিজাইন বা আঁকা ব্যবহার করলে ঘরের উচ্চতা বেশি মনে হয়। নিচু ফার্নিচার ব্যবহার করলে সিলিং বেশি উঁচু মনে হয়।
মেঝের খেয়াল: দেওয়ালের পাশাপাশি মেঝের দিকেও নজর দেবেন। একই ধরনের ফ্লোরিং পুরো ঘরে ব্যবহার করলে জায়গা বড়ো মনে হবে। কার্পেট ব্যবহার করলে এক রঙের করাই শ্রেয়।
খোলা জায়গা: খোলা জায়গার ধারণা তৈরি করতে পারেন। যেমন ধরুন, ডাইনিং রুমের সঙ্গে ওপেন স্পেসে বসার ঘর পরিকল্পনা করুন। আলাদা আলাদা ঘর হলে তা দেখতে ছোটো মনে হবে। সংযুক্ত থাকলে জায়গা অনেক বড়ো মনে হয়। ঘর ছোটো হলেও যদি সেটিকে সঠিকভাবে সাজানো যায়, তাহলে তা আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে। রং, আসবাবপত্র, পরিচ্ছন্নতা— কয়েকটি বিষয় মাথায় রাখলেই ছোটো বসার ঘর আয়তনে বড়ো বলে মনে হতে পারে।
নিজস্ব প্রতিনিধি