গভীর রাতে রাস্তায় পুরমন্ত্রী, ‘কুকুর-বিড়াল বাদ দিলাম, মানুষের কথা তো ভাবুন’, বড়োদের ‘বকা’ দিলেন অগ্নিমিত্রা
  • ৯ নভেম্বর, ২০২৬ ১২:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাত ২টো। তখনও বাজির শব্দে কান ঝালাপালা। বাতাসে বারুদের গন্ধ। নিশ্বাস নেওয়া দায়! ধোঁয়ায় ঢেকেছে কলকাতা। শহরবাসীর বাজি ফাটানো বন্ধ হচ্ছে না। রাত দু’টোর সময়েও বাজির শব্দ পাওয়া যাচ্ছে। আর বসে থাকতে পারেননি। রাস্তায় বেরিয়ে এলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঘুরে দেখলেন কালীপুজোর রাতের কলকাতা। সাধারণ মানুষকে ‘রিকোয়েস্ট’ করলেন বাজি না ফাটানোর জন্য। পুরমন্ত্রী বললেন, ‘রাত দশটার পরেও বাজির আওয়াজ। শেষে থাকতে না পেরে রাস্তায় নামতে হলো। বড়োরা করছে, ছোটোরা নয়। কুকুর-বিড়াল-পশুদের কথা ছেড়েই দিলাম। ওদের কথা কেউ ভাবেনা। অনেক কুকুরের ইতিমধ্যেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। একটু মানুষের কথা ভাবুন। অনেক বয়স্ক মানুষ রয়েছেন, তাঁদের কথা ভাবুন।’ 

Advertisement

এছাড়াও অগ্নিমিত্রা বলেন, ‘মানুষকে এটাই বলার, আনন্দ হবেই কিন্তু আশেপাশের মানুষের কথা ভাবুন।’ কলকাতা পুলিশকে ধন্যবাদও জানালেন তিনি। পুরমন্ত্রী বলেন, ‘অফিসাররা ছিলেন। রাস্তায় রাস্তায় ঘুরে...এখন পরিস্থিতি অনেকটাই...রাত ৯-১০টায় দক্ষিণ কলকাতায় টেকা যাচ্ছিল না।’ 

কালীপুজোয় বায়ুদূষণ নিয়ন্ত্রণে কড়া নিয়ম জারি করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। শব্দবাজি ফাটানো নিয়েও জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। কিন্তু, কালীপুজোর রাতে সেই সব নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়েই চলল দেদার বাজি ফাটানো। আর তার জেরেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। রাতের শহরে তখন চারিদিকে কেবল বাতাসে মিশে থাকা বারুদের তীব্রগন্ধ। একিউআই কোথাও ৩০০ আবার কোথায় ৪০০ পার করে গিয়েছে। সাধারণত একিউআই পরিমাপ পদ্ধতি অনুযায়ী, শূন্য থেকে ৫০-এর মধ্যে বাতাসের গুণমান সূচক (একিউআই) থাকলে তা ‘ভালো’ ধরা হয়। সেখানে  বাতাসের গুণমান সূচক (একিউআই) ৩০০ পার মানে, সকলের স্বস্থ্যের জন্যই ক্ষতিকর।