নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গতকাল ছিল কালীপুজো। সবাই যেখানে বাজি পোড়াতে ব্যস্ত সেখানে ভোররাতে বাইক রেসিংয়ে মেতেছিল একদল বাইক আরোহী। কিন্তু এর পরিণতি যে এরকম ভয়ংকর হবে তা ভাবতেও পারেনি তারা। সেই রেসিং করতে গিয়েই হল বিপত্তি। প্রাণ হারাল ওই দলে থাকা এক তরুণ-তরুণী। ঘটনাটি ঘটে ইএম বাইপাস সংলগ্ন একটি শপিং মলের উল্টোদিকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল কালীপুজোর রাতে ইএম বাইপাস সংলগ্ন একটি শপিং মলের উল্টোদিকে কয়েকজন চারটে বাইক নিয়ে রেস করছিল। সেই সময় তরুণ-তরুণী বাইকের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের রেলিংয়ে সজোরে ধাক্কা মারে বাইকটি। এই দুর্ঘটনার ফলে গুরুতর জখম হন ওই তরুণ-তরুণী। অন্য বাইকে থাকা লোকজন সঙ্গে সঙ্গে ওখান থেকে চম্পট দেয়। তৎক্ষণাৎ পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে। পরবর্তীতে ওই তরণ-তরুণীর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। বাকি বাইক আরোহীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দিন দিন রাস্তায় যেভাবে বেপরোয়াভাবে বাইক চালানোর দাপট বাড়ছে সেই বিষয়েও চিন্তিত প্রশাসন।



