Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কালিয়াগঞ্জে শুরু জলকষ্ট, মোকাবিলায় জোর প্রস্তুতি

খরা শুরু হলেই জলের কষ্ট আরও বাড়বে বলে আশঙ্কিত কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দারা।

কালিয়াগঞ্জে শুরু জলকষ্ট, মোকাবিলায় জোর প্রস্তুতি
  • ১০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালিয়াগঞ্জ: গরম পড়তেই কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে জলকষ্ট। ভূগর্ভস্থ জলের স্তর নেমে যাওয়ায় বাড়ির কল থেকে উঠছে না পানীয় জল। বিভিন্ন এলাকার বাসিন্দাদের ছুটতে হচ্ছে সরকারি জলের প্রকল্পের ডিপ টিউবওয়েলে। খরা শুরু হলেই জলের কষ্ট আরও বাড়বে বলে আশঙ্কিত কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দারা।

Advertisement

এই সময় কালিয়াগঞ্জ ব্লকের মুস্তফানগর, বোচাডাঙ্গা,  রাধিকাপুর, মালগাঁও গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় জলের সঙ্কট। কালিয়াগঞ্জের বাসিন্দা ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য বলেন, প্রতি বছর একই সমস্যা হয়। পিএইচই ট্যাপকলের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে কালিয়াগঞ্জে ৬০ শতাংশ এলাকায় সেই জল যাচ্ছে। দিনে তিনবার করে জল দেওয়ার নির্দেশ রয়েছে। সোলার পাম্পের মাধ্যমে পাড়ায় জলের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে ট্যাঙ্ক পাঠানো হবে। কালিয়াগঞ্জের রাধিকাপুরের বাসিন্দা গৌতম রায়ের কথায়, মার্চ থেকেই আমাদের জলকষ্ট। বর্ষার আগে পর্যন্ত ভূগর্ভস্থ জল পেতে সমস্যা হবে।  পানীয় জলের জোগান এখনও পর্যন্ত ঠিক থাকলেও অন্যান্য প্রয়োজনে পুকুরের জল ব্যবহার করতে হয়। গত বছর কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় জল না পেয়ে পথ অবরোধ করে বিক্ষোভ, জল পরিষেবা কেন্দ্রেও ক্ষোভ জানিয়েছিলেন বাসিন্দারা। এবছর পরিস্থিতি সামাল দিতে কী করছে স্থানীয় প্রশাসন? 
কালিয়াগঞ্জের বিডিও প্রশান্ত রায় বলেন, ইতিমধ্যে পিএইচই’র দায়িত্বে থাকা কর্মী ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছি। জলের পরিসেবা নিয়ে অভিযোগ দ্রুত মেটাতে হবে। যেখানে পাইপ দিয়ে জল যাবে না, সেখানে ট্যাঙ্ক পাঠানো হবে। গ্রাম পঞ্চায়েতকেও প্রস্তুতি নিতে বলা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ