


নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রোবোটিক সার্জারি চালু করার প্রস্তাব যাচ্ছে স্বাস্থ্যদপ্তরে। কয়েকদিন আগে একটি প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শনে আসে। তাঁরা এখানকার পরিষেবা দেখে সন্তোষ প্রকাশ করেন। ওই প্রতিনিধি দল হাসপাতালের পরিষেবা আরও আধুনিকীকরণের জন্য রোবোটিক সার্জারি চালু করার পরামর্শ দেন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি তাপস ঘোষ বলেন, রোবোটিক সার্জারি চালু করার পরিকল্পনা রয়েছে। সেইমতো প্রস্তাব স্বাস্থ্যদপ্তরে পাঠানো হবে। আশা করা যায় অনুমতি পাওয়া যাবে। সেইমতো পরিকাঠামো তৈরি করা হবে। অত্যাধুনিক পদ্ধতিতে স্পাইন সার্জারি বা হাঁটু প্রতিস্থাপনের মতো অপারেশন খুব ভালোভাবে করা যাবে। এছাড়া আরও কয়েকটি জটিল অপারেশন করা সহজ হবে।
স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্যদপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণস্বরূপ নিগমও চলতি মাসের প্রথম দিকে বর্ধমানে এসেছিলেন। তিনি মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে রিপোর্ট নেন। সবকিছু দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। গত বছর এই হাসপাতালে প্রসূতি মৃত্যুর হার আধিকারিকদের উদ্বেগে রেখেছিল। এবছর প্রসূতি মৃত্যুর সংখ্যা অনেক কমে গিয়েছে। এছাড়া রেফারও আগের মতো হয় না। এখন মাসে পাঁচ থেকে ছ’জন রোগীকে কলকাতায় রেফার করা হয়। নিউরো সার্জারি পরিষেবা চালু হলে রেফারের সংখ্যা আরও কমে যাবে। এক আধিকারিক বলেন, প্রিন্সিপাল সেক্রেটারি এই হাসপাতালকে দক্ষিণবঙ্গের ‘পিজি’ করার পরামর্শ দেন। রেফার হয়ে আসা বিভিন্ন জেলার রোগীদের এখানেই চিকিৎসা পরিষেবা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেইমতো এই হাসপাতালে সমস্তরকম পরিকাঠামো তৈরি করতে সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মৌসুমি বন্দ্যোপাধ্যায় বলেন, প্রয়োজনীয় চিকিৎসকও দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া টেকনিক্যাল কর্মী দেওয়ার কথা বলা হয়েছে। এক আধিকারিক বলেন, বর্ধমানে বেসরকারি ক্ষেত্রে রোবোটিক সার্জারি চালু হয়েছে। যদিও তা বড় আকারে হয়নি। বেসরকারি জায়গায় উন্নত প্রযুক্তি ব্যবহারে রোগীদের খরচ অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি হাসপাতালে এই পরিষেবা চালু হলে বহু রোগী উপকৃত হবেন। তবে পুরো অপারেশনটা রোবোটের মাধ্যমে করা হবে না। চিকিৎসকরাই তা করবেন। শুধু কিছু ক্ষেত্রে রোবটের সহায্য নেওয়া হবে। স্পাইন সার্জারির মতো কিছু সূক্ষ্ম অপারেশনের ক্ষেত্রে এই টেকনোলজি কাজে আসবে।
স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে আরও বেশকিছু আধুনিক যন্ত্রাংশ নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। নিউরোসার্জারি পুরোমাত্রায় চালু করার জন্য অতিরিক্ত চিকিৎসক দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। হার্টের অপারেশনে এই হাসপাতাল ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। এমএসভিপি বলেন, আশা করছি স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় রোবোটের মাধ্যমে অপারেশনও আমরা খুব তাড়াতাড়ি চালু করতে পারব।