মাধ্যমিকের টেস্ট পরীক্ষার মধ্যেই বিয়েবাড়ির প্রস্তুতি স্কুলে, বিস্ময়কর কাণ্ড চেতলা বয়েজে
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একদিকে মাধ্যমিকের সিলেকশন টেস্ট পরীক্ষা চলছে। পাশাপাশি একই বাড়িতে চলছে বিয়েবাড়ির প্রস্তুতি। ডেকরেটরসের জিনিসপত্র নামানো চলছে। ক্যাটারারের লোকজন বাসনকোসন নামাচ্ছেন। বাটা হচ্ছে মশলা। দুপুরের রান্না চাপানো হয়েছে। এমনই অবাক করা ঘটনা চেতলা বয়েজ স্কুলে। 

Advertisement

অভিভাবকদের একাংশের অভিযোগ, পরীক্ষায় বিঘ্ন ঘটেছে। সন্তানরা মাধ্যমিক পরীক্ষার্থী হওয়ায় তাঁরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বিবাদে যেতে চাননি। তবে ছবি সহ তথ্যপ্রমাণ রেখে দিয়েছেন। আর প্রধানশিক্ষক দাবি করেছেন, পরীক্ষা শেষের পরই যাবতীয় প্রস্তুতি শুরু হয়েছে।
অভিভাবকদের অভিযোগ, বিভিন্ন ধরনের অনিয়ম চলছে প্রাচীন এই স্কুলে। যেমন এখানে ইংরেজি মাধ্যম সেকশন শুরু হওয়ার পর ঘরগুলিতে শীতাতপ যন্ত্র দেওয়া হয়েছে। অথচ বাংলা মাধ্যমে সেই ব্যবস্থা করা হয়নি। বিভিন্ন অনুষ্ঠানে স্কুল ভাড়া দেওয়া হলেও তার সুফল ভর্তির ফি’তে পাচ্ছে না পড়ুয়ারা। তাদের থেকে ভালো অংকের ফি বুঝে নিচ্ছে স্কুল। বিয়েবাড়ি ভাড়া দেওয়ার বিষয়টি অস্বীকার করেননি প্রধান শিক্ষক শুভ্র চক্রবর্তী। তিনি বলেন, ‘এটা আমার একার সিদ্ধান্তে হয় না। আমি এই স্কুলে ২০০১ সালে শিক্ষক হিসাবে যোগ দিয়েছিলাম। তখন থেকেই চলছে। অনেক সময় দুঃস্থ পরিবার কোথাও অনুষ্ঠান বাড়ি না পেয়ে স্কুলের দ্বারস্থ হয়। অনেক সময় রাজনৈতিক সভাও হয়েছে। তবে এদিন বিয়েবাড়ির আয়োজনের জন্য পরীক্ষার কোনো সমস্যা হয়নি, এটুকু জোর দিয়ে বলতে পারি।’ এর পাশাপাশি ইংরেজি মাধ্যমে এসি থাকার বিষয়টিও মেনে নিয়েছেন প্রধান শিক্ষক। তাঁর দাবি, বিভিন্ন সংস্থার সিএসআরের টাকা, ব্যক্তিগত অনুদান প্রভৃতি দিয়ে ইংরেজি মাধ্যম শুরু হয়েছে। তা থেকেই সেখানে এসি, ডিজিটাল বোর্ড বসানো হয়েছিল। তবে স্কুলের ভিত্তি বাংলা মাধ্যম। তাই ব্যক্তিগত উদ্যোগে অর্থ সংগ্রহ করে বাংলা মাধ্যমের তিনটি ঘরে এসি বসিয়েছেন। যদিও সেগুলি চালু করা যায়নি। ভবিষ্যতে সব ঘরেই এসি বসানো হবে বলে আশ্বাসও দেন তিনি। পাশাপাশি জানান, বাড়তি ডিজিটাল বোর্ডের ব্যবস্থা করেছেন। সেখানে বাংলা মাধ্যমের ক্লাস হচ্ছে।