নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধল রাজ্য সরকারের। নবান্ন সভাঘরে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বিগত সরকার পুলিশকে যথাযথভাবে ব্যবহার করেনি। এই চুক্তি ২০২৫ সালের নভেম্বর মাসে হওয়ার কথা ছিল। কিন্তু তা করা হয়নি। তাঁর সরকারের আমলে বিগত দিনের মতো শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠা করা হয়েছে। পুলিশ বাহিনীকে আরও সুদৃঢ় করা হবে। পুলিশ কর্মীরা কেউ আহত হয়ে হাসপাতালে যাবেন না, আমাদের পুলিশ কর্মীদের গা থেকে রক্ত বেরবে না। আমরা সেভাবে সুরক্ষিত পুলিশ বাহিনী তৈরি করব। জনগণের ও পুলিশের নিরাপত্তা এবং তাকে সুরক্ষিত রাখা দু’টিই এই সরকারের দায়িত্ব। এনিয়েই রাজ্য সরকারের সঙ্গে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের মউ স্বাক্ষরিত হয়েছে। ট্রেনিং নিয়ে বসে থাকা এমন ১৬ হাজার কনস্টেবলকেও কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। - নিজস্ব চিত্র



