সংবাদদাতা, কল্যাণী: গত সপ্তাহে চাকদহ শহরের একাধিক এলাকায় টাঙানো বিজেপির প্রতীক দেওয়া ব্যানার ঘিরে শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। কারণ তাতে লেখা ছিল, বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী হিসাবে কোনো ভূমিপুত্র বা কন্যাকে চাই। তার রেশ কাটতে না কাটতে এবার হরিণঘাটা ব্লকে একই রকম লেখা সমেত পোস্টার ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। বৃহস্পতিবার সকালেই ওই পোস্টার হরিণঘাটা ব্লকের নগরউখরা, নিমতলার বিভিন্ন এলাকায় দেখতে পাওয়া যায়। সেখানে লেখা রয়েছে ‘হরিণঘাটা বিধানসভায় প্রার্থী হিসেবে ভূমিপুত্র/কন্যাকে চাই’। উপরে ভারতীয় জনতা পার্টি লেখা এবং পদ্মফুলের একটা ছবি আঁকা। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাতের অন্ধকারে কেউ বা কারা এই ব্যানারগুলো লাগিয়ে দিয়ে গিয়েছেন। হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের বাড়ি চাকদহ বিধানসভা এলাকায়। এই বিষয়ে তিনি বলেন, এগুলি সব তৃণমূলের চক্রান্ত। বিজেপি একটি সুশৃঙ্খল দল। দল যখন যেখানে যাকে দায়িত্ব দেবে, তিনি সেই দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সহ-সভাপতি চঞ্চল দেবনাথ বলেন, এই কাজে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়। আসল ঘটনা হল, বিজেপির বিধায়ককে বিগত পাঁচ বছর এলাকায় দেখা যায়নি। তাই এবার বিজেপির যিনিই প্রার্থী হবেন, তিনিই হারবেন। তিনি ভূমিপুত্র হলেন কি না, তাতে ফলে কিছু পরিবর্তন হবে না।



