আমরা শক্তিশালী বিরোধী চাই, উন্নয়ন এতে ভালো হয়: অগ্নিমিত্রা
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বিরোধী শক্তির কণ্ঠ রোধ করার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। নিজেদের স্বার্থে বিরোধী সংসদদের ‘কিনে’ নিয়ে হর্স ট্রেডিং করার অভিযোগ তোলা হচ্ছে। এই পরিস্থিতিতে বিরোধী শক্তি যে গণতন্ত্রের পক্ষে জরুরি সেকথাই বললেন একদা বাংলার রাজনীতিতে বিরোধী নেত্রী থাকা অগ্নিমিত্রা পাল। শনিবার রাজ্যের পুরমন্ত্রী আসানসোলে বলেন, আমরা শক্তিশালী বিরোধী পক্ষ চাই। যেভাবে বিগত পাঁচ বছর আমরা শক্তিশালী  বিরোধীদের ভূমিকা পালন করেছি। গঠনমূলক সমালোচনা করেছি। বিরোধীপক্ষ শক্তিশালী হলে সেই কাজটাই ভাল হয়। একটা প্রতিযোগিতা থাকে। দুঃখের কথা এখন কোনো বিরোধীপক্ষই নেই।  আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের জন্মদিন সদ্য পেরিয়েছে। তাঁর অনুগামীরা সেই উপলক্ষ্য একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন। বার্নপুর এবি টাইপে সেই অনুষ্ঠানে যোগ দিয়ে যুব সমাজের মাদক আসক্ত হওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, এক পুলিশ অফিসারের সঙ্গে কথা হচ্ছিল। তিনি জানিয়েছেন, আসানসোল, বার্নপুর এলাকাতেও মাদকাসক্তের পরিমাণ বাড়ছে। এটি খুবই উদ্বেগের। যুব সমাজ যদি রক্তদান, ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন বন্ধ করে মাদক সেবনে জড়ায় তা সমাজের পক্ষ ভয়ঙ্কর ক্ষতিকর। প্রধানমন্ত্রী নেশামুক্ত দেশ গড়ার ডাক দিয়েছেন। আমাদেরও সবাই মিলে এনিয়ে সজাগ ও সতর্ক হয়ে এই কর্মসূচিকে সফল করতে হবে। 

Advertisement

এদিন আসানসোল জেলা পার্টি অফিসে সেবা সেতু নিয়ে সাংগঠনিক বৈঠক হয়। সেখানে ছিলেন দুই পদ্ম সাংসদ সৌমিত্র খাঁ ও জ্যোতির্ময় সিং মাহাত। ছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্ষদিরাম টুডু সহ বিজেপির এক ঝাঁক শীর্ষ নেতৃত্ব। এই কর্মসূচিতে ১ থেকে ২৫ ডিসেম্বর বিজেপি কর্মী ‘সেবাদূত’রা মানুষের বাড়ি, বাড়ি যাবেন। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পগুলি তাঁরা পাচ্ছেন কি না তাঁর খোঁজ নেবেন।