নয়াদিল্লি: ২২ এপ্রিলের পর থেকে ২২ মে। একমাস অতিক্রান্ত হলেও, দেশবাসীর মনে এখনও পহেলগাঁও হামলার স্মৃতি টাটকা। নারকীয় হামলার ঠিক এক মাস পর রাজস্থানের বিকানের থেকে এই হামলা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, বুধবার একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে পাকিস্তান এবং জঙ্গিদের বিরুদ্ধে হুঁশিয়ারি শোনান মোদি। প্রধানমন্ত্রী জানান, ভারত মাত্র ২২ মিনিটের মধ্যে ২২ এপ্রিলের জঙ্গি হামলার প্রতিশোধ নিয়েছে। অপারেশন সিন্দুরের আওতায় ধ্বংস করা হয়েছে ৯টি বড়সড় জঙ্গিঘাঁটি।
প্রধানমন্ত্রী বলেন, এই প্রত্যাঘাত কোনও প্রতিশোধ নয়, বরং ন্যায় বিচারেরই একটি রূপ। এটা শক্তিশালী ভারতের উগ্র তেজ। বিকানের থেকে মোদি দেশবাসীকে বলেন, “যারা আমাদের সিঁদুর মুছতে এসেছিল। তারা আজ নিজেরাই ধুলোয় মিশিয়ে গিয়েছে। 'সিঁদুর' বারুদে পরিণত হলে শত্রুদের কী হয়, তা গোটা বিশ্ব আজ দেখেছে।”
পহেলগাঁও হামলা সম্পর্কে বলতে গিয়ে নরেন্দ্র মোদি আরও বলেন, “ধর্ম জিজ্ঞেস করে যে ভাবে বোনদের কপাল থেকে সিঁদুর মুছে দেওয়া হয়েছে, সেই আক্রমণ কিন্তু শুধুমাত্র পহেলগাঁওতে হয়নি। এটি পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। কিন্তু দেশের সরকার ও সেনা বাহিনী জঙ্গিদের কল্পনার চেয়েও ভয়ঙ্কর শাস্তি দিয়েছে। এক্ষেত্রে তিন বাহিনীকেই পুরো স্বাধীনতা দেওয়া হয়েছিল। ভারতীয় সেনা এমন একটি ফাঁদ তৈরি করেছিল, যা পাকিস্তানকে মাথানত করতে বাধ্য করেছে।”
উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণ তৃণভূমিতে ঘটে যাওয়া নৃশংস হত্যালীলায় শিউরে উঠেছিল দেশ। শোকার্ত পরিবারের কান্না নিয়েও প্রত্যাঘাতে মরিয়া ছিল ভারত। ঘটনার দিন ১৫ পরেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনা। এর পাল্টা পাকিস্তান হামলা চালালেও, ভারত তা সাফল্যের সঙ্গে প্রতিহত করেছে।