Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ট্রেনে ম্যাঞ্চেস্টার থেকে লন্ডনে টিম ইন্ডিয়া, আমরা কেন গ্রেট, দেখিয়েছি: গিল

পাঁচ বলের মধ্যে পড়ে গিয়েছিল দুই উইকেট। স্কোরবোর্ডে তখনও যোগ হয়নি কোনও রান। ঘাটতি ৩১১, ভারতের সামনে ইনিংসে পরাজয়ের আতঙ্ক। কে জানত, এরপরই ঘটবে নাটকীয় পালাবদল?

ট্রেনে ম্যাঞ্চেস্টার থেকে লন্ডনে টিম ইন্ডিয়া, আমরা কেন গ্রেট, দেখিয়েছি: গিল
  • ২৯ জুলাই, ২০২৫ ১৯:০৭
Prefer us on Google

লন্ডন: পাঁচ বলের মধ্যে পড়ে গিয়েছিল দুই উইকেট। স্কোরবোর্ডে তখনও যোগ হয়নি কোনও রান। ঘাটতি ৩১১, ভারতের সামনে ইনিংসে পরাজয়ের আতঙ্ক। কে জানত, এরপরই ঘটবে নাটকীয় পালাবদল? চারজন ব্যাটসম্যান মিলে কাটিয়ে দেবেন সারাদিন! অধিনায়ক শুভমান গিল, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর হাঁকালেন সেঞ্চুরি। লোকেশ রাহুল ফিরলেন শতরানের দোরগোড়া থেকে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া কঠিন পরিস্থিতিতেই হার না মানা মানসিকতার পরিচয় রাখলেন তাঁরা। ব্যাট হাতে ইংল্যান্ডকে পাঁচ সেশন ধরে হতাশ করে চলল ভারত। ওল্ড ট্রাফোর্ডের ড্র তাই হয়ে উঠছে টিম ইন্ডিয়ার নৈতিক জয়। আর সেই আত্মবিশ্বাস সঙ্গী হবে ওভালে। সিরিজে ১-২ পিছিয়ে থাকা গিলরা সমতা ফেরানোর লক্ষ্যে ঝাঁপিয়ে পড়তে মরিয়া।

Advertisement

ভারত অধিনায়ক তো বিসিসিআই টিভিতে বলেই দিয়েছেন, ‘ম্যাচ বাঁচানোর লক্ষ্যে ১৪০ ওভারেরও বেশি সময় ব্যাট করা রীতিমতো কঠিন চ্যালেঞ্জ। এটাই ভালো আর গ্রেট দলের মধ্যে তফাত গড়ে দেয়। আমরা কেন গ্রেট, তা দেখিয়ে দিয়েছি। রাহুলের সঙ্গে আমার জুটি এই বিশ্বাসের জন্ম দিয়েছিল যে, ড্র করা অসম্ভব নয়। এই টেস্ট ড্র করতে পেরে দারুণ খুশি।’ কোচ গৌতম গম্ভীরও গলা মিলিয়েছেন, ‘এই দল ইতিহাস গড়ার ক্ষমতা ধরে। প্রবল চাপের মুখে পাঁচ সেশন ব্যাট করতে পারা দুর্দান্ত অনুভূতির। এতে চারিত্রিক দৃঢ়তাই ফুটে ওঠে। আমি নিশ্চিত, ওভালে আমরা অনেক বেশি আত্মবিশ্বাসের সঙ্গে নামব।’
তবে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির পঞ্চম টেস্টে ভারতের প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশা থাকছে। যশপ্রীত বুমরাহ তিনটি টেস্ট খেলে ফেলেছেন। তবে শনিবার দুপুরের পর তাঁকে বল করতে হয়নি। চারদিনের বিশ্রাম কি তাঁর মাঠে নামার পক্ষে যথেষ্ট হবে? ভারতীয় দল পুরোটাই ছেড়ে দিচ্ছে বুমরাহর উপর। তিনি যদি খেলার মতো অবস্থায় আছেন বলে মনে করেন, তবেই খেলবেন। গম্ভীর অবশ্য জানিয়ে দিয়েছেন, সমস্ত পেসারই সুস্থ। অর্থাৎ, কুঁচকির চোট সারিয়ে উঠেছেন আকাশদীপ। অর্শদীপ সিংও হাতের সমস্যা কাটিয়ে অভিষেকের জন্য প্রস্তুত। অংশুল কম্বোজের জায়গায় তাই আকাশের খেলা নিশ্চিত। বুমরাহ না পারলে দলে আসার সম্ভাবনা অর্শদীপের। সিরিজে ১৪০ ওভার করা মহম্মদ সিরাজকে নিয়ে যতই সংশয় থাক, তিনি খেলবেন বলেই জানা যাচ্ছে। শার্দূল ঠাকুরের জায়গায় কুলদীপ যাদবকেও খেলানো হতে পারে। তবে তাতে ব্যাটিং গভীরতা কমবে। সেটা নিয়েই ভাবছে টিম ম্যানেজমেন্ট। আর ঋষভ পন্থের পরিবর্তে কিপার হিসেবে দলে আসছেন ধ্রুব জুরেল।
ভারতীয় দল এদিন ট্রেনে করে ম্যাঞ্চেস্টার থেকে লন্ডন রওনা হল। মঙ্গলবার সকালে রয়েছে ঐচ্ছিক অনুশীলন। বুধবার দুপুরে অবশ্য ঘাম ঝরাবে পুরো টিম। তখনই পিচ দেখে প্রথম দল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ